আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দেখানো নিয়ে 'বিশেষ নির্দেশনা' রাজশাহী রেঞ্জ পুলিশ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দেখানো নিয়ে 'বিশেষ নির্দেশনা' রাজশাহী রেঞ্জ পুলিশ ডিআইজির

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

    মঙ্গলবারের এই “বিশেষ নির্দেশনা” সংবলিত চিঠি পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই আট জেলার পুলিশ সুপারদের কাছে।

    "পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে" উল্লেখ করে চিঠিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার করার কথা বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, “কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে”।

    "আর যারা ওই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই" বলে ডিআইজি মোহাম্মদ শাহজাহানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে।

    তবে, এই চিঠিতে "কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের" কথা বলা হলেও আওয়ামী লীগ বা তাদের কোনো সহযোগী সংগঠনের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

    একইসাথে “প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে” বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

    মি. শাহজাহানের এই চিঠিতে আরও বলা হয়েছে, ইতিপূর্বে এই বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে।

    বিষয়টি অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

    চিঠির বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. শাহজাহান 'ক্ষোভ' প্রকাশ করে বলেন, এই চিঠি সাংবাদিকদের কাছে যাওয়া "চরম দুর্বলতা আমি মনে করি, আপনাদের কাছে যাওয়া উচিত ছিল না। এটা একান্তই সংগঠনের অভ্যন্তরীণ বিষয়"।

    তিনি দাবি করেন, আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে এই নির্দেশনা নয়। বরং "সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন ব্যক্তিদের জন্য" এই বিশেষ নির্দেশনা। আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় সেজন্য নিজেদের সদস্যদের আগাম বার্তা দেওয়ার অংশ এই নির্দেশনা। এটি রুটিন ওয়ার্ক নয়।

    "আমরা কোনো ব্যক্তি, কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক ব্যক্তি যারা সরকার কর্তৃক স্বীকৃত, তাদের কোনো ব্যক্তি বা সংগঠন টার্গেট করি নাই। যারা নিষিদ্ধঘোষিত, যারা সমাজের অপরাধী, বিভিন্ন কারণে নিষিদ্ধ সংগঠন, সমাজের ভেতরে বিশৃঙ্খলা করতে পারে, তাদের বিষয়ে কনসার্ন আমাদের" বলেন মি. শাহজাহান।

    পুলিশের সদর দফতর থেকে এ ধরনের নির্দেশনা দেওয়ার জন্য কোনো নির্দেশ এসেছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, "এটা সদর দফতরের না, এটা আমাদের একেবারেই ইন্টারনাল বিষয়। আমাদের সদস্যদেরকে অগ্রীম বার্তা দিয়ে রাখছি এটা"।

    চিঠির ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, "যেসব সংগঠন নিষিদ্ধ তাদের তৎপরতা যদি বেড়ে যায় তাহলে তাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এইজন্য তাদেরকে আমরা বলছি আইনের আওতায় আনার জন্য। সিম্পল কথাটা আইনের আওতায় বললে এই শব্দগুলো আসতো না"।

  2. প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

    "প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে" বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    কোন বিবেচনায় মি. মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মি. চৌধুরী বলেন, “বিবেচনার কিছু নেই। একটা নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি। পরিবর্তন তো অনেক জায়গায় হয়েছে এবং এটাতো হতেই থাকবে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এটা বাস্তবায়নের জন্য।”

    এই পরিবর্তন "খুব স্বাভাবিক" বলেও উল্লেখ করেন তিনি।

    “যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয় নাই, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা খুব স্বাভাবিক,” বলেন মি. চৌধুরী।

  3. আদালত কক্ষে হামলার মামলায় বরিশালে আইনজীবীর জামিন নামঞ্জুর

    সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

    বুধবার তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছে আদালত।

    অভিযোগ উঠেছে, মঙ্গলবার আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য এবং বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে সাদিকুর রহমান লিংকনসহ বিচারকের এজলাসে হামলা চালান বিএনপিপন্থি আইনজীবীরা।

    এই ঘটনায় আসবাবপত্র ও নথি তছনছ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে তার নামে মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান।

    বুধবার দুপুরে তাকে সভাপতির অফিস কক্ষ থেকে গ্রেফতার করে আদালত হাজতে রাখে ডিবি পুলিশ।

    এরপর আইনজীবীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে আন্দোলন করেন। পরে বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের জন্য আবেদন করেন আইনজীবীরা।

    এই সময় আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়।

  4. পঞ্চম শ্রেণিতে বৃত্তির ৮০ শতাংশ যাবে সরকারি স্কুলে, ২০ শতাংশ কিন্ডারগার্টেনে: শিক্ষামন্ত্রী

    পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।

    সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্যই শুধু পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

    দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মি. হক বলেন, “একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি সেই কারণে আমরা ৮০ শতাংশ বৃত্তি দিয়ে দেব তাদের, আর ২০ শতাংশ বৃত্তি দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে”।

    টেলেন্টপুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে।

    সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

    আগামী বছর এই বৃত্তির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

  5. হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ

    নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

    বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

    এই এলাকায়ই নির্বাচনের পরে একজন নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল।

    হামলার সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক মি. মাসউদের সাথে থাকা কর্মীদের সাথে অপরপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় একজন সংবাদিক।

    নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, “সংঘর্ষের ঘটনার বিস্তারিত এখনো জানি না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে”।

    এদিকে, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন মি. মাসউদ।

    তার গাড়িবহরে তিনবার হামলা চালানো হয়েছে এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

    তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

    বিবিসি বাংলাকে মি. মাসউদ বলেন, “উনি সব ডাকাত ধরে ধরে এনে হাতিয়াতে তাণ্ডব চালাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে। সরকার উনাদের, কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না”।

    মি. মাসউদ দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে।

    জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।

  6. বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।

    বুধবার একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

    অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

    অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর আব্দুর রউফ তালুকদারের স্থলে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল।

    এর আগে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, “পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে। আমার দুই সেকেন্ড লাগবে পদত্যাগ করতে"।

  7. যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

    অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের দুই ধারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

    অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এছাড়া অর্থপাচারের আরেক অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    তবে, আসামি মি. সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

    ২০১৯ সালের নভেম্বরে প্রায় দুই কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

  8. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকার নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    “অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,” স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    এই রিপোর্টটা পুরো না দেখেই এর আগে যে মন্তব্য করেছেন তা সংশোধন করতে চান উল্লেখ করে তিনি বলেন, “আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে, তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি”।

    আজ বুধবার বনানী সামরিক কবরস্থানের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিলেড ডিভিশনে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো”।

    প্রসঙ্গত, এর আগে গত সোমবার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

  9. ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

    ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন।

    বুধবার সকালে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে দৈনিক প্রথম আলো পত্রিকাকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

    তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বভার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

    আগামী ২১শে নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি আগেই পদত্যাগ করলেন।

    অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

    এর আগে মঙ্গলবারই পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে সরকার।

  10. ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

    এ বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়।

    গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা' বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৪৭৫ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৬৪০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।

    দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

  11. গতকালের উল্লেখযোগ্য খবর:

    • আগামী ১০ই মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
    • ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ "জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে" বলে দাবি করেছেন।
    • স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি লিখেছেন, “৫ই অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি”।
    • রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থীর মনোনয়ন দেবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
    • পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
    • প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
    • আগামী নয়ই এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
    • যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি তীব্র ঝড় আঘাত হানে, যার ফলে রেকর্ড পরিমাণ তুষারপাতে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত এবং হাজারো ফ্লাইট বাতিল হয়েছে।
  12. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে