আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন, নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে সরকার। আগামী ১০ই মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি প্রবল ঝড় আঘাত হেনেছে, যার ফলে রেকর্ড তুষারপাত হয়েছে। লাখো মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত এবং হাজারো ফ্লাইট বাতিল হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

    স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    তিনি লিখেছেন, “৫ই অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি”।

    “কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?”

    “জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য”।

    সম্প্রতি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি কিছু ক্ষোভও প্রকাশ করেন।

    তিনি বলেছেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেটা সম্ভব হয়নি।

  2. প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে: নুরুল হক

    প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক।

    মঙ্গলবার দুপুরে সচিবালয়ে দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে এ কথা জানান তিনি।

    এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।

    এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রবাসের যাদের লাশ আসবে তাদেরকে ফ্রিজিং এর যে ব্যবস্থাপনা করা হলো এটা শুধু ঢাকায়ই নয় এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।”

  3. রমনা'র ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের

    পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার বেলা তিনটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

    সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্চনার অভিযোগে মঙ্গলবার শিক্ষার্থীরা ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি জানায়।

    বিকেল পৌনে চারটায় আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীদের কয়েকজন শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে ভেতরে ঢোকেন।

    আন্দোলনকারীদের একজন সাংবাদিকদের জানান, “শাহবাগ থানার ভেতরে এখনো আলোচনা চলছে। শিক্ষার্থীরা গেছেন, কথা বলছেন। কথা বলে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।”

    এই শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পুলিশের চরিত্র পাল্টায়নি। তাদের পোশাক পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের যে স্বৈরাচারী ব্যবহার সেটা পাল্টায় নাই। তারা কিসের তদন্ত করবে, সে ডিসি মাসুদের নাম নিতে পারছে না।”

    এ বিষয়ে কথা বলতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলেও রিসিভ করেননি তিনি।

  4. পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

    পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়।

    আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার জেলা বাগেরহাট।

    তিনি পুলিশের বর্তমান মহাপরিদর্শক বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

    বাহারুল আলম এই পদে আসেন ২০২৪ সালের নভেম্বরে। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে চাকরিতে ফিরিয়ে এনে দু্ই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলতৎকালীন অন্তর্বর্তী সরকার।

  5. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

    এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

    অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি এবং মাহ্দী আমিনকে দেওয়া হয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে রেহান আসিফ আসাদকে।

    গত ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।

  6. প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে: নতুন চিফ প্রসিকিউটর

    মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মি. ইসলাম বলেন, “আমি এইখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমাকে বুঝতে হবে। সমস্ত মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে”।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামে একজন আইনজীবীর রাজসাক্ষী সংক্রান্ত একটি স্ট্যাটাসে বিএম সুলতান মাহমুদ এমন অভিযোগ তুলেছিলেন।

  7. শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ উপনির্বাচন হতে পারে এপ্রিলে

    আগামী নয়ই এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন হতে পারে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

    তিনি জানান, দুটি আসনে নির্বাচনের জন্য বিকেলে তফসিল ঘোষণা করতে পারে কমিশন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

    গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে শেরপুর -৩ আসনের প্রার্থী মারা যাওয়ায় ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে এই আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করবে ইসি।

    এছাড়া বগুড়া-৬ ও ঢাকা-১৭ এই দুটি আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু ইসির নিয়মানুযায়ী, সংসদে একাধিক আসন থেকে শপথ নেওয়া যায় না। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

    এই শূন্য আসনেই উপ-নির্বাচনের ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

  8. ১০ই মার্চ থেকে দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে

    আগামী ১০ই মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।

    প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

    মঙ্গলবার বেলা ১২ টায় সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীপরিষদ বিভাগে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

    ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এই ‘ফ্যামিলি কার্ড’।

    দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি কার্ডে দেওয়া হবে আড়াই হাজার টাকা।

  9. যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল

    যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি তীব্র ঝড় আঘাত হানে, যার ফলে রেকর্ড পরিমাণ তুষারপাতে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত এবং হাজারো ফ্লাইট বাতিল হয়েছে।

    ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে, আর নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে তুষারের পরিমাণ ১৯ ইঞ্চির বেশি।

    নিউ ইয়র্কে ‘প্রায় অসম্ভব’ যাতায়াত পরিস্থিতির সতর্কতা জারি করেছে একটি প্রদেশিক সংস্থা।

    নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ৮০ লাখের বেশি জনসংখ্যার এ শহর প্রায় থমকে যায়, যদিও স্থানীয় সময় দুপুরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেখানেসব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ ছিল।

    পূর্ব উপকূলে ছয় লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল, যার মধ্যে নিউ জার্সি ও ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

    নর্থ ক্যারোলাইনা থেকে মেইনের উত্তরাঞ্চল পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি ছিল, এবং আরও উত্তরের পূর্ব কানাডার কিছু এলাকাতেও সতর্কতা কার্যকর ছিল।

    এনডব্লিউএস জানায়, সোমবার জুড়েই তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা ছিল এবং উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় মঙ্গলবার সকালে মোট তুষারপাত এক থেকে দুই ফুট (৩০ থেকে ৬১ সেন্টিমিটার) পর্যন্ত পৌঁছাতে পারে।

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডেই এ ঝড়ে সর্বাধিক তুষারপাত হয়েছে বলে মনে হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এটি অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ে পরিণত হয়েছে। রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি (৯১ সেন্টিমিটার) তুষারপাত হয়েছে, যা ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড হওয়া একক ঝড়ে ২৮.৬ ইঞ্চি (৭২.৬ সেন্টিমিটার) তুষারপাতের পূর্ববর্তী রেকর্ডকে অনেকটাই ছাড়িয়ে গেছে।

    “এটি পুরোপুরি রেকর্ড ভেঙে দিয়েছে,” বস্টনের এনডব্লিউএস–এর আবহাওয়াবিদ ক্যান্ডিস হ্রেঞ্চেসিন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমরাও সবার মতোই বিস্মিত”।

    রোড আইল্যান্ড এবং প্রতিবেশী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি–ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন।

    পাওয়ারআউটেজ মনিটরের তথ্যমতে, ম্যাসাচুসেটসে প্রায় তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন।

    ফ্লাইট বাতিল

    ফ্লাইটঅ্যাওয়েয়ারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ভেতরে, প্রবেশ বা বাহিরমুখী বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা পাঁচ হাজার ৭০৬ ছাড়িয়ে যায়।

    সাইটটির তথ্য বলছে, লাগার্ডিয়া বিমানবন্দর থেকে ৯৮ শতাংশ ফ্লাইট এবং নিউ ইয়র্ক সিটির অন্যতম প্রধান বিমানবন্দরজেএফকেথেকে ৯১ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে, যেখানে দৈনিক সাধারণত তিন লাখ ৩৫ হাজারের বেশি যাত্রী চলাচল করে।

    এই দুই জায়গাতেই ১৯ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।

    বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার তাদের ৯২ শতাংশ বহির্গামী ফ্লাইট বাতিল করেছে; নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি বিমানবন্দরও ৯২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে, আর ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ৮০ শতাংশ ফ্লাইট কমিয়েছে।

    অঞ্চলটি মঙ্গলবারও তুষারের প্রভাব সামাল দেবে, যেদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ বা বাহিরমুখী আরও দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বোস্টন ও নিউ ইয়র্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

  10. রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবত বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে”।

    এর আগে, গত রোববার রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ছয়টি মামলা প্রত্যাহার করা হয়েছিল।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে