লাইভ, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো তদন্ত কমিশন করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকার নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে, এ বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

    র‍্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, পুরোনো ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত, ফাইল ছবি

    অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের দুই ধারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

    অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এছাড়া অর্থপাচারের আরেক অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

    তবে, আসামি মি. সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

    ২০১৯ সালের নভেম্বরে প্রায় দুই কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

  2. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

    ছবির উৎস, PID

    পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকার নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    “অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,” স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    এই রিপোর্টটা পুরো না দেখেই এর আগে যে মন্তব্য করেছেন তা সংশোধন করতে চান উল্লেখ করে তিনি বলেন, “আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়েছে, তাদের রিপোর্টে আমি এক নজরে যা দেখেছি তাতে যে সমস্ত সুপারিশমালা এসেছে তা প্রায় ৭০টি”।

    আজ বুধবার বনানী সামরিক কবরস্থানের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যন্ত, কিছু আপিলেড ডিভিশনে হয়তো আছে। জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো”।

    প্রসঙ্গত, এর আগে গত সোমবার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

  3. ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

    ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন।

    বুধবার সকালে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে দৈনিক প্রথম আলো পত্রিকাকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

    তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বভার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

    আগামী ২১শে নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি আগেই পদত্যাগ করলেন।

    অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

    এর আগে মঙ্গলবারই পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে সরকার।

  4. ফিতরা সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২৮০৫ টাকা

    ফিতরা, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    এ বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায়।

    গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা' বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৪৭৫ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৬৪০ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা' বা তিন কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।

    দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

  5. গতকালের উল্লেখযোগ্য খবর:

    • আগামী ১০ই মার্চ দেশের ১৪টি উপজেলায় প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
    • ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ "জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধি থেকে করা হয়েছে" বলে দাবি করেছেন।
    • স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি লিখেছেন, “৫ই অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি”।
    • রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থীর মনোনয়ন দেবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
    • পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
    • প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান প্রতিমন্ত্রী নুরুল হক।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
    • আগামী নয়ই এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
    • যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি তীব্র ঝড় আঘাত হানে, যার ফলে রেকর্ড পরিমাণ তুষারপাতে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত এবং হাজারো ফ্লাইট বাতিল হয়েছে।
  6. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে