সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মিজ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আইনজীবী সারা হোসেনের বিপক্ষে এদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।
গত বছরের নয়ই মে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে মিজ আইভীকে আটক করে পুলিশ।
পরে তাকে জুলাই আন্দোলনের তিনটি হত্যা ও দু'টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।
এখন হাইকোর্ট থেকে জামিন পেলেন তিনি।