লাইভ, ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে আদেশ

বাংলাদেশের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নয়জন ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে ‘একুশে পদক ২০২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে, শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। চোখ রাখুন বিবিসি বাংলায়...

সরাসরি কভারেজ

  1. সাবেক ভূমিমন্ত্রী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ ঢাকার আদালতের

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
    ছবির ক্যাপশান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকরের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।

    আদালতের নথিতে ওই ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

    মি. জাবেদের যুক্তরাজ্যে ওইসব সম্পত্তির জব্দের আদেশ চেয়ে দুদকের পক্ষে আদালতে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমান।

    আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অর্থ পাচারের’ অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে গত বছরের ২১শে সেপ্টেম্বর চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মামলার অসংখ্য আলামত উদ্ধার করা হয়।

    উদ্ধার করা তথ্য ও নথিপত্রের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর মি. জাবেদ এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অধিগ্রহণকৃত সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে সাইফুজ্জামান চৌধুরী, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে অবস্থিত স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

    সেসব স্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

    তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মি. জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে আদালত।

  2. একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

    সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Getty Images

    একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    আসামির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    ২০১৫ সালের ১১ই অগাস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম।

  3. ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেফতারে ‘রেড নোটিশ’ জারির ব্যবস্থা নিতে আদেশ

    টিউলিপ সিদ্দিক

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি

    অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত।

    মিজ সিদ্দিক বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

    টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

    আবেদনে বলা হয়েছে, মিজ সিদ্দিক তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাটের দখল নেন।

    এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদুক। তবে মামলা দায়েরের আগেই মিজ সিদ্দিক দেশত্যাগ করেন। সেইসঙ্গে মামলার আলামত বিনষ্ট করার চেষ্টাও করছেন। সেজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

    বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত মিজ সিদ্দিককে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে দুদুক।

    সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার ‘রেড নোটিশ’ জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

  4. নয় জন ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

    একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, একুশে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মাননা তুলে দেন তিনি।

    এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া সংগীত দল হিসেবে ব্যান্ড 'ওয়ারফেজ' পুরস্কার পেয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে জানানো হয়, মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।

    অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  5. গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর

    • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চিঠির বিষয়ে জানতে চাইলে ডিআইজি মো. শাহজাহান 'ক্ষোভ' প্রকাশ করে বলেন, "এটা একান্তই সংগঠনের অভ্যন্তরীণ বিষয়"।
    • বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার।
    • "প্রয়োজনেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে" বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
    • পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিএনপি সরকার নতুন আর কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • এ বছর বাংলাদেশে ফিতরার হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • পঞ্চম শ্রেণিতে এবার কেবল সরকারি স্কুলের শিক্ষার্থীরাই নয়, বরং বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে