আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আগামী ১২ই মার্চ সংসদের অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
    • তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। সোমবার জনপ্রশাসনের মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে।
    • বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ পত্র জমার পর তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
    • বাংলা সাহিত্যে কবিতা, কথাশিল্প, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন নয়জন ব্যক্তিত্ব।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
    • গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
    • পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
    • নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ বাধে।
    • ঢাকার দুই সিটিসহ বাংলাদেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক নেতা সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন।
    • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
    • যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে মানুষজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ সতর্কতাও জারি করা হয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় আজ এ পর্যন্ত।

    বিবিসি বাংলার আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

    যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভাবে সোমবার সকালে নিউইয়র্ক সিটিতে মানুষজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ সতর্কতাও জারি করা হয়।

    যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে ২২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেন্ট্রাল পার্কেই ১৫ ইঞ্চির বেশি তুষার জমেছে।

    নর্থ ক্যারোলিনা থেকে শুরু করে মেইন এর উত্তরাঞ্চল পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কানাডার বিভিন্ন অঞ্চলেও একই সতর্কতা জারি করা হয়েছ।

    তুষারঝড় এরই মধ্যে ওয়াশিংটন থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পূর্ব উপকূলের যাতায়াত ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।

    এয়ারলাইন্সগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এবং কর্মকর্তারা জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কয়েক লাখ মানুষ।

    তুষারঝড়ের প্রভাবে কিছু এলাকায় সর্বোচ্চ ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

  3. নয়জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

    সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নয়জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

    সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিল করা হয়।

    যাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো: মোখলেস উর রহমান ও পরিকল্পনা কমিশনের কাইয়ুম আরা বেগম।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই অফিস আদেশ শিগগিরই কার্যকর হবে।

    এর আগে সন্ধ্যায় অন্য তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার।

  4. তিন সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত করেছে সরকার

    তিনজন সচিবকে তাদের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। সোমবার জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে।

    সচিবরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

    প্রত্যাহারের পর তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

  5. হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।

    সোমবার আইন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।

    এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান দোসরা ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন।

    অন্যদিকে নয়ই ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ পত্র জমা দেন।

    রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  6. এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন নয়জন

    বাংলা সাহিত্যে কবিতা, কথাশিল্প, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ ও নাটকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন নয়জন ব্যক্তিত্ব।

    আগামী ২৬শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে এ আয়োজন করা হয়।

    বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ অনুমোদন করেছে।

  7. ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

    আগামী ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ১১টায় এদিন অধিবেশন শুরু হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ই মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

    রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

    প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

    গত ১৭ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ই মার্চের অধিবেশনে নির্বাচিত করা হবে ত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।

  8. এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে সংসদ নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন।

    কিন্ত সোমবার হঠাৎ তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

    বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ”।

    জাতীয় সংসদ নির্বাচনের পর গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনের আলোচনাও শোনা যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই সোমবার ঢাকা উত্তর দক্ষিণসহ ছয়টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত।

    যদিও এদিন সকালেই বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসক বসানো হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    গত সপ্তাহে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ঈদের পর সিটি নির্বাচন আয়োজনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

    এমন অবস্থার মধ্যেই ইশরাক হোসেনর ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা হচ্ছে।

    এর আগে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক হোসেন। তবে জিতেছিলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

    যদিও ওই নির্বাচনে নানা অনিয়মের প্রশ্ন উঠেছিল। নির্বাচনে পরাজয়ের পর ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করেন এবং ভোটে অনিয়মের অভিযোগ তুলে আদালতে মামলাও করেছিলেন।

    ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশের আওয়ামী লীগের নির্বাচিতরা পালিয়ে যান। মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। পরে আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে ইসি।

    কিন্তু আইনি জটিলতায় তার মেয়র পদে বসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে টানাপোড়েন তৈরি হয়। নগর ভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে টানা অবরোধ কর্মসূচিও পালন করেন ইশরাক হোসেন ও বিএনপির নেতাকর্মীরা। পরে অবশ্য আন্দোলন থেকে সরে আসে ইশরাক হোসেন ও বিএনপি নেতাকর্মীরা।

  9. ঢাকা ১৩ আসনসহ সারাদেশের নির্বাচনী অনিয়ম তদন্তে কমিশন গঠনের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

    গত ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনের ভোটের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

    দুপুরে ঢাকার পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির মহাসচিব জালালুদ্দীন আহমদ।

    তিনি জানান, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র থেকে খেলাফতের আমির মামুনুল হকের নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানশীন ভোটার ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে ভয়ভীতিও দেখানো হয়।

    অভিযোগ করা হয়, কেন্দ্র পরিদর্শনে গেলে মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়। সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়।

    এছাড়াও এই নির্বাচনে সারাদেশের বিভিন্ন আসনে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এসময় দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে ছয় দফা দাবির কথা তুলে ধরা হয়।

    মি. আহমেদ অভিযোগ করেন, নির্বাচনের পর ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিসের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই আসনের নির্বাচিত এমপি ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে মামলার হুমকি প্রদান করেছে।

    সারাদেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলার হুমকির অভিযোগ এনে তা বন্ধের আহবান জানান দলের নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দিয়েছেন তিনি।

  10. ইবনে সিনায় 'শুধুমাত্র পুরুষ ও মুসলিম কর্মী নিয়োগ' নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

    ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র মুসলমান ও পুরুষদের আবেদন চেয়ে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে দেশে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি কেন লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

    সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

    গত ২৬শে জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ড্রাস্ট্রি যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল।

    সেই নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক দাবি করে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন। রিটকারীর আইনজীবী কারিশমা জাহান এ তথ্য জানিয়েছেন।

    ওই রিটের শুনানি শেষে সোমবার এই কারণ দর্শানোর আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ।

    অন্তর্বর্তী আদেশ সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে, (১) ওই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে বৈষম্যমূূলক শর্তগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে, (২) সবরকম বৈষম্যহীন নিয়োগের জন্য নীতিমালা তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং (৩) এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিন মাসের মধ্য আদালতে সেই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

  11. বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    পিলখানায় সংঘটিত ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার।

    সোমবার স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এটার জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বেশকিছু সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রী।

    ২০২৪ সালের ৫ই অগাস্ট পরবর্তী গণহারে হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেসব মানুষ মামলাবাজির শিকার হয়ে ভোগান্তিতে আছেন, সেসব মামলা পরীক্ষা নিরীক্ষা করে পুলিশকে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

    “৫ই আগস্টের পর বেশকিছু মামলায় অনেক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে ফেলা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাদের ভোগান্তি যেন না হয় সে ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে।”

    তিনি বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিনি উন্নয়ন করা ও জনমনে স্বস্তি শান্তি দেয়া।

    এক প্রশ্নের জবাবে মি. আহমদ বলেন, বাংলাদেশে মব কালচার শেষ। যদি কোথাও হয়ে থাকে আমরা অ্যাড্রেস করবো।

    “মব কালচারের বিরুদ্ধে আমরা রিয়েক্ট করবো খুব কঠোরভাবে। দেশে কোনো মবকালচার থাকবে না। মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারক লিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে আদালতে যাবে।"

    "যেকোনো বৈধ আইনানুগ দাবি দাওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে বিবেচনা হবে এটাই নিয়ম। রাস্তায় দাড়িয়ে গেলাম পরীক্ষা দেব না আগামীকালকে সেটা হবে না।"

    বৈঠকে পুলিশ সুপারদেরকে দেশে রাজনৈতিক কারণে বিধির বাইরে কোনো ব্যক্তিকে প্রোটোকল না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

    এছাড়া ২৭০১ শূণ্য পদে কনস্টেবল নিয়োগ দেয়া এবং অতীতে সরকারের সময় নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের নাম ঠিকানা জালিয়াতি হয়েছে কী-না সেটি তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।

    এছাড়া সারাদেশে নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসিদের বদলি হয়েছিল সেটি এখন যোগ্যতা-দক্ষতা বিবেচনায় নতুন করে বদলির নির্দেশনা দেয়া হয়েছে।

    অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ প্রক্রিয়া 'স্বচ্ছ ছিল না' বলেও মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে পাসপোর্ট অফিসে ভোগান্তি বন্ধে দলিল লেখকদের আদলে পরীক্ষামূলকভাবে সহায়তাকারীদের নিবন্ধন দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ আরো জানান, পুলিশের কাজে অবৈধভাবে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে - এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

    “কেউ পুলিশের কাজে বাধা দিতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। যাতে এই সুযোগ নিয়ে পুলিশ যেন কোনো জনভোগান্তির কারণ না হয়।।”

    স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, বিগত সরকারের সময় দেয়া অস্ত্রের লাইসেন্স পূণরায় ভেরিফিকেশন ও যাচাই বাছাই করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  12. নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

    নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ বাধে।

    পুলিশ জানাচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা।

    এখন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।

    নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বিবিসি বাংলাকে জানিয়েছেন সংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

    পুলিশ সুপার জানান, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপ খলিলের বাড়িতে হামলা করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

    নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

    এরপর হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যায়।

    পুলিশ সুপার বলছেন, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। খলিল গ্রুপ এবং খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দুইটি গ্রুপে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন পুলিশ সুপার।

    এ ঘটনার জেরে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

    ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ।

  13. বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি সংবাদ সম্মেলন

    গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

    সোমবার দুপুর দু্ইটায় দলটির পুরানা পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

    এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।

    সবশেষ গতকাল রোববার ঢাকা-১৩ আসনে মামুনুল হকের প্রতিদ্বন্দ্বি এবং বর্তমানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 'মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে' বলে মন্তব্য করার পর বাংলাদেশ খেলাফত মজলিস ওই বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

  14. ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

    ঢাকার দুই সিটিসহ বাংলাদেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

    নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং একাধিক নেতা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন।

    সোমবার সরকার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ঢাকা সিটি করপোরেশনে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান উত্তরে এবং ঢাকা দক্ষিণ সিটিতে মো. আব্দুস সালাম।

    ঢাকা উত্তরের শফিকুল ইসলাম খান সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াতের আমীরের কাছে তিনি পরাজিত হন।

    দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন।

    এছাড়া গাজীপুরে মো. শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার অধ্যাদেশ-২০২৪ (সংশোধন) এর ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    ২০২৪ সালের ১৯ শে অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেমনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী কালীন সরকার।

    আরো পড়তে পারেন:

  15. আইসিটি থেকে তাজুলকে সরিয়ে দিয়েছে সরকার, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার।

    সোমবার এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তার জায়গায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।

    বিএনপি সরকার গঠনের পর তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল।

    সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের পাঁচই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় তৎকালীন অন্তবর্তী সরকার।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো।

    ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।

    অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    তাজুল ইসলামের প্রতিক্রিয়া

    এক প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে তাজুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাকে নিয়োগ দেয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য।

    নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে মি. ইসলাম বলেছেন, "আশা করি এ বিচার তার ধারাবাহিকতায় এগিয়ে যাবে। তাকে (নতুন চিফ প্রসিকিউটর) আমি সব ধরনের সহযোগিতা করবো।"

  16. রোববার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
    • আগামী ২৬শে ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • ১২ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
    • শেখ হাসিনার আমলে ১৭ বছরে দায়ের করা 'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
    • বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
    • প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
    • বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

    বিবিসি বাংলার আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে