আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

১২ মেয়রকে অপসারণ, আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট, দীপু মনি আটক

বাংলাদেশে ১২ সিটি কর্পোরেশন, ৩২৩টি পৌরসভার মেয়রসহ বিভিন্ন জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে, নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এক নজরে দেখে নিন দিনের সকল খবরাখবর।

সার সংক্ষেপ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠনে চারটি টিম গঠন
  • পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদীন ফারুকের মামলা
  • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি আটক।
  • ঢাকার দুই সিটিসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি।
  • বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।
  • ব্যাংক খাত সংস্কারের জন্য একটি 'ব্যাংকিং কমিশন' গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

সরাসরি কভারেজ

  1. সোমবার যা যা ঘটেছে

    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে একজন ব্যবসায়ী।
    • শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
    • ঢাকা মহানগর পুলিশের দুই আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক।
    • আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে আটক করা হয়েছে।
    • পদত্যাগ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
    • ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডিসহ শীর্ষ আটজনকে বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
    • ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটি নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
    • ঢাকার দুই সিটিসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া ৩২৩টি পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
    • বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
    • বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
  2. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠনে চারটি টিম গঠন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম পরিচালনায় চারটি টিম গঠন করা হয়েছে।

    সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথরাইজেশন টিম।

    বিবৃতিতে বলা হয়েছে, এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। পরবর্তীতে নতুনভাবে সকল কমিটি পুর্নগঠন করবে।

    বিবৃতিতে আরো জানানো হয়, শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে এই টিম অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে।

  3. ৯৮৮ উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

    এবার সারাদেশের ৪৯৪টি উপজেলার ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের ৪৯৪ জন ভাইস চেয়ারম্যান ও ৪৯৪জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে।

    সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।

    এর আগে সকালে, দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

    একই দিন সারাদেশের সব পৌরসভার মেয়র, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

  4. শেখ হেলাল ও শেখ তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ

    শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার স্ত্রী রুপা চৌধুরী ও ছেলে সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

    সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

    সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।

    লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।

    চিঠিতে তাদের একক মালিকানাধীন প্রতিষ্ঠান সোল প্রোপাইটরশিপের নামে পরিচালিত সকল ধরনের হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

    একই সাথে তাদের নামে কোনো লকার সেবা থাকলে সেটির ব্যবহার ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

  5. পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে জয়নুল আবেদীন ফারুকের মামলা

    ঢাকা মহানগর পুলিশের দুই আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক।

    হত্যাচেষ্টার অভিযোগ এনে সোমবার মি. ফারুক রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।

    মামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।

    ২০১১ সালের ৬ই জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধীদলের চিফ হুইপ থাকাকালীন মি. ফারুক সংসদ ভবনের সামনে পুলিশি হামলার শিকার হয়েছিলেন।

    বিরোধী দলের চিফ হুইপের ওপর ওই হামলার ভিডিও তখন ছড়িয়ে পড়ে সারাদেশে। এ ঘটনায় তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ঘটনার ১৩ বছর পর তিনি এই মামলা দায়ের করলেন।

    মামলায় এই বিএনপি নেতা উল্লেখ করেন, ২০১১ সালে বেশ কয়েকজন সংসদ সদস্যসহ মানিক মিয়া এভিনিউতে হরতালের সমর্থনে মিছিল করছিলেন তারা। এ সময় তখনকার তেজগাঁও পুলিশ কর্মকর্তা মি. রশীদ ও মোহাম্মদপুর এলাকার এডিসি মি. সরকার সরকারসহ বেশ কয়েকজন পুলিশ তাদের মিছিলে বাধা দেয়।

    মামলার অভিযোগে মি. ফারুক জানান, সেদিন তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি এবং বুট দিয়ে মেরেছিল পুলিশ।

    তখন ওই হামলার ঘটনায় বিএনপি নেতা মি. ফারুক মামলা করতে চাইলেও তা নেয়া হয়নি বলে সে সময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

  6. সাবেক মন্ত্রী দীপু মনি আটক

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে আটক করা হয়েছে।

    আজ সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

    সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামিসহ ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছিল।

    ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলেও জানা গেছে।

  7. পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক

    শেখ হাসিনা সরকার পতনের পর একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন অনেকেই।

    এই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

    সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

    পদত্যাগ সংক্রান্ত মি. রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ হতে মো. আজিজুর রহমান স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করেছেন।”

  8. পাঁচ ডিএমডিসহ ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত, এস আলমের ছয় ব্যাংকের ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

    ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডিসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

    সোমবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকের প্রধান কার্যালয়ে একজন কর্মকর্তা।

    তিনি জানান, যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাই এস আলম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ছিল।

    বরখাস্তকৃতরা হলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

    এছাড়া, প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়।

    এর আগে, এস আলম গ্রুপের মালিকানাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণে সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

    এসব ব্যাংককে পাঁচ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে, তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না।

  9. আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    কোটা সংস্কারের আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটি নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

    মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া সোমবার এই রিটটি করেন। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নামেরও পরিবর্তন চাওয়া হয়েছে।

    মি. ভূঁইয়া বিবিসি বাংলাকে বলেন, “বিভিন্ন ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণে এটা প্রমাণিত যে গুলি করে হত্যার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যার নির্দেশ দেয়ায় দলটির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়ে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি।”

    একই রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সাথে দেশের বাইরে পাচার হওয়া ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলিরও নির্দেশ চাওয়া হয়েছে।

    রিটকারি মি. ভূঁইয়া বিবিসি বাংলাকে জানান, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর আগামীকালই শুনানি হতে পারে।

  10. প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

    মি. চৌধুরী বলেন, “আমাদের প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।”

    অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, “ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের প্রতিনিধি দল। তারা ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত করবে। তাদের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার”।

    তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কীভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।”

    এর আগে, সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

    পরে পুলিশ লাইন্স হাসপাতালে ছাত্র আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদেরও দেখতে যান তিনি।

  11. দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ

    ঢাকার দুই সিটিসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

    সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

    এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩’র ক অনুযায়ী ওইসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়েছে।

    একই সময় ওই ১২ সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে ১২ জন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ও নারায়ণগঞ্জের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনজন অতিরিক্ত সচিবকে।

    কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালককে। এছাড়া চট্টগ্রাম,খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটির মেয়র পদে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্ব স্ব বিভাগের বিভাগীয় কমিশনারদের।

    প্রজ্ঞাপনে বলা হয়, সিটি কর্পোরেশনের আইনের ২৫ (ক) এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।

  12. সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

    বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সময় মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম।

    প্রতিষ্ঠানটির আইনজীবী আহসানুল করিম বিবিসি বাংলাকে বলেন, বিগত আমলে সময় টেলিভিশনকে সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, চাপ প্রয়োগ করা হতো, যার প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছিল।

    এছাড়া এখানের অনেক কর্মী বৈষম্য ও নীপড়নের শিকার হয়েছে। বিগত সরকারের সময় যারা তাদের কোনঠাসা করে রেখেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন বৈষম্যের শিকার কর্মীরা। ফলে প্রতিষ্ঠানটিতে নিরাপত্তা শঙ্কাও আছে বলে জানাচ্ছেন মি. করিম। এবং এজন্য ৭ দিন সম্প্রচার বন্ধ রাখতে সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত ৭ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

    প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই বলে উল্লেখ করে মি. করিম জানান, এই প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ মালিকানা সিটি গ্রুপের। অন্যদের ২৫ শতাংশ। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী দুই বছর পর পর ম্যানেজিং ডিরেক্টের পরিবর্তন করার কথা। যেহেতু সেটি করা হয়নি তাই সময় টেলিভিশন মিটিং ডেকে আহমেদ জোবায়েরের বদলে শম্পা রহমানকে ম্যানেজিং ডিরেক্টর করেন।

    এর আগে, গত ১০ই অগাস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে। পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৪ই অগাস্ট হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

  13. সাবেক এমপি আনার হত্যাকাণ্ডে ১২শ পাতার চার্জশিট জমা, উদ্ধারকৃত দেহাবশেষ এমপি আনারের কিনা তা স্পষ্ট করা হয়নি

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রহস্যজনকভাবে খুন হওয়া বাংলাদেশের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    ঘটনার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, এই ঘটনায় বারাসাত আদালতে ১২শ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে।

    সিআইডি এই হত্যার ঘটনায় চার্জশিটে জিহাদ হাওলাদার ও মোহাম্মদ সিয়াম নামে দুইজনকে অভিযুক্ত করেছে।

    চার্জশিটে হত্যার বিবরণ থাকলেও হত্যার কারণ সম্পর্কে কোনো উল্লেখ নেই। এ ব্যাপারে তদন্তকারী সংস্থাটি বলছে মরদেহের যে অংশবিশেষ উদ্ধার করা হয়েছে সেটির ডিএনএ টেস্ট হয়নি।

    এ কারণে এটি সাবেক এমপি আনারের মরদেহ কি না সেটা চার্জশিটে তা স্পষ্ট করা যায়নি।

    গত ১২ই মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন সাবেক এমপি আনার। গত ১৮ই মে বরাহনগর থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়ে। তদন্তে তার হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।

    সিআইডি তদন্তভার নেওয়ার পরে গত মে মাসেই জিহাদ ও সিয়ামকে গ্রেফতার দেখানো হয়।

    তদন্তকারীরা কিছু দেহাবশেষ উদ্ধার করলেও তা সাবেক এমপি আনারের কি না তা এতোদিনেও নিশ্চিত হওয়া যায়নি।

  14. পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ

    বাংলাদেশের ৩২৩টি পৌরসভা মেয়র, ৬০ জন জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৪৯৩ জন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।

    জেলা পরিষদের চেয়ারম্যানের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন। অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের জায়গায় দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

    স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ প্রয়োগ করে পৌরসভা মেয়র, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হল।

  15. সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট

    বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ২০১১ সালে সংবিধানে এই সংশোধনীটি আনা হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল ছাড়াও ঐ সংশোধনীতে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৪৫ টি থেকে বাড়িয়ে ৫০ টি করা হয়।

    সোমবার বিচারপতি নাঈমা হায়দারের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আট সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বেসরকারি সংস্থা সুজনের নির্বাহী পরিচালক বদিউল আলম মজুমদারের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করা হয়।

    রিটের প্রাথমিক শুনানিতে আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের বিভিন্ন ধারা ও মূল কাঠামোর পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান করা হয়েছে।

    রুলের শুনানিতে আইনজীবীরা বলেন, এর ফলে কৌশলে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। একইসাথে সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে এ সংশোধনী।

    অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পরে সাংবাদিকদের বলেন, "এই সংশোধনীতে স্থগিতাদেশ দেয়ার ক্ষেত্রে আমরা আপত্তি জানিয়েছি"।

    আইন মন্ত্রণালয়, আইন সচিব ও সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের এই রিটে বিবাদী করা হয়।

  16. নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও অনেককে আসামি করা হয়েছে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের স্ত্রী শাহনাজ এ মামলা দায়ের করেন।

    নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।

    শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সেইসাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরও আসামির তালিকায় রয়েছেন।

    মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাদের নির্দেশে গত ২১শে জুলাই বেলা ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।

    শিমরাইল এলাকায় মাছের আড়ৎ থেকে বাসায় ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন মিলন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

  17. আগের সব রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের নতুন দাম

    বাংলাদেশে স্বর্ণের দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সর্বোচ্চ দুই হাজার ৯০৪ টাকা বেড়ে যাওয়ায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

    এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা।

    ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৯৯ টাকায়।

    রোববার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এই নতুন দাম সোমবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি স্বর্ণ) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

    সবশেষ গত ১৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি করেছিল বাজুস। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

  18. আর্থিক খাত সংস্কারে হচ্ছে ব্যাংকিং কমিশন

    বাংলাদেশের ব্যাংক খাতে টেকসই সংস্কারের লক্ষ্যে ব্যাংকিং কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    রোববার দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

    বৈঠকে আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করার কথাও জানানো হয়েছে।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ও মূল্যস্ফীতি মোকাবিলায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়েছে।

    ১) দেশের বিদ্যমান মূল্যস্ফীতি চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একইসঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। ইতোমধ্যে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে।

    ২) বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে।

    ৩) বৈঠকে ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনার প্রেক্ষিতে এর সংস্কারের বিষয়টি উঠে আসে। এ ক্ষেত্রে ব্যাংকিং খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম নেয়া হবে।

    ৪) আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি ও সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।