লাইভ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদায় মোঃ আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আইসিটি থেকে তাজুলকে সরিয়ে দিয়েছে সরকার, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, মোহাম্মদ তাজুল ইসলাম

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে সরকার।

    সোমবার এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তার জায়গায় নতুন প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।

    বিএনপি সরকার গঠনের পর তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার ব্যাপারে গুঞ্জন চলছিল।

    সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালের পাঁচই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেয় তৎকালীন অন্তবর্তী সরকার।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো।

    ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।

    অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    তাজুল ইসলামের প্রতিক্রিয়া

    এক প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে তাজুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাকে নিয়োগ দেয়ার পর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য।

    নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে মি. ইসলাম বলেছেন, "আশা করি এ বিচার তার ধারাবাহিকতায় এগিয়ে যাবে। তাকে (নতুন চিফ প্রসিকিউটর) আমি সব ধরনের সহযোগিতা করবো।"

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  2. রোববার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
    • আগামী ২৬শে ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে একুশে পদক দেবেন।
    • অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • ১২ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
    • শেখ হাসিনার আমলে ১৭ বছরে দায়ের করা 'রাজনৈতিক হয়রানিমূলক' এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
    • বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
    • প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
    • বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

    বিবিসি বাংলার আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে