পত্রিকা: 'মক্কা-মদিনায় আটকা ৩৫০০ বাংলাদেশি'

পড়ার সময়: ৭ মিনিট

খবরে বলা হচ্ছে, সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনে দেখা হয় দুই বাংলাদেশি মুতামির (ওমরাহ পালনকারী) সঙ্গে। একজন রাজশাহীর মো. আজাদ, অন্যজন মুন্সীগঞ্জের রিয়াজুল হায়দার।

দুজনেরই দেশে ফেরার কথা শনিবার। কিন্তু এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় তারা দেশে ফিরতে পারেননি। এখন তাদের হাতে টাকা নেই, দেশে ফেরার টিকিটও নেই। থাকা-খাওয়া নিয়ে সংকটে পড়েছেন। নতুন করে টিকিট কাটতে এজেন্সি মালিক ৫০-৬০ হাজার টাকা চাচ্ছেন।

এ বিষয়ে সাহায্য পেতে হজ মিশনে আসেন। দেখা করেন মিশনপ্রধান কনসাল কামরুল ইসলামের সঙ্গে। তাদের সমস্যা ও অভিযোগ শুনে ট্রাভেল এজেন্সি মালিক মাজেদুল ইসলামের সঙ্গে কথা বলেন হজ কর্মকর্তা। দরিদ্র মুতামিরদের কিছু টাকা ভর্তুকি দিতে অনুরোধ করেন।

মক্কার বাংলাদেশ হজ মিশনের প্রধান কনসাল কামরুল ইসলাম বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ওমরাহ করতে আসা সাড়ে তিন হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।

এদের কেউ মক্কায়, কেউ মদিনায় অবস্থান করছেন। অনেক মুতামিরের টিকিট বাতিল হয়েছে। ট্রাভেল এজেন্সিগুলো নতুন করে টিকিট কাটতে বলছে।

খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বলছে, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় সরকার তেল ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু রেখেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তায় অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ব্যবহৃত পেট্রলের প্রায় পুরোটাই এবং অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত হয়।

বাংলাদেশের গ্যাসক্ষেত্র থেকে পাওয়া উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রল উৎপাদন করা হয়। পরে আমদানি করা অকটেন বুস্টারের সঙ্গে মিশিয়ে অকটেন তৈরি করা হয়।

দেশে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং কয়েকটি বেসরকারি রিফাইনারি কনডেনসেট থেকে পেট্রল, অকটেনসহ প্রায় ৪০ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়।

এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ১৬ লাখ টন। যেখানে দেশের পেট্রল ও অকটেনের বার্ষিক চাহিদা আট থেকে সাড়ে আট লাখ টন।

'স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত, নজর ১২ সিটিতে' প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে নজর বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

এটাকে 'দ্বিতীয় লড়াই' হিসেবে দেখছে দলটি। এ লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র নির্বাচনের প্রস্তুতি চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে সিটি করপোরেশন নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত। এ জন্য দেশের ১২ সিটি করপোরেশনেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে।

আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের জুনের প্রথম সপ্তাহে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ পহেলা মার্চ নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে বলেছেন, ঈদুল ফিতরের পর থেকে সারা বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের এমন পরিকল্পনা সামনে রেখে জামায়াতে ইসলামীও প্রস্তুতিতে নেমেছে। এর মধ্যে ঢাকার দুই সিটির বিষয়ে বাড়তি নজর রয়েছে বলে জানা গেছে।

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনকে 'দ্বিতীয় লড়াই' বলে উল্লেখ করেছেন।

খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। যে কোনো মূল্যে তেল-গ্যাসের মজুত বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে জোর তৎপর চালাচ্ছে সরকার।

লক্ষ্য পূরণে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় নীতির আওতায় (ডিপিএম) তিন লাখ টন ডিজেল ক্রয়ের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়। এছাড়া বেশি দামে হলেও আগামী এপ্রিল পর্যন্ত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্বাভাবিক রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার।

হরমুজ প্রণালিতে আটকে পড়া তেলবাহী একটি জাহাজ যাতে নির্বিঘ্নে চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে সেজন্য ইরান দূতাবাসকে অনুরোধ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই কাজটি সম্পন্ন করার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ।

সরকারের ভাবনায় মধ্যপ্রাচ্য ছাড়াও যুক্তরাষ্ট্র থেকেও ডিজেল আমদানির বিষয়টি রয়েছে।

জানতে চাইলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানিবাহী বাংলাদেশের জাহাজ ছেড়ে দিতে ইরানকে অনুরোধ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

নিউ এইজের শিরোনাম 'ENERGY AUSTERITY: Univs, English schools to go on Eid holiday today' অর্থাৎ 'জ্বালানি সংকটের কারণে ইংলিশ মিডিয়াম স্কুল ও বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ছুটি।'

খবরে বলা হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব বিশ্ববিদ্যালয় আজ সোমবার (৯ই মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ও (ইংলিশ মিডিয়াম স্কুল) ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের সকল কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ই মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

খবরে বলা হচ্ছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত সামরিক অভিযান নবম দিনে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। শনিবার রাতে প্রথমবারের মতো দেশটির তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর ফলে সংঘাতের অর্থনৈতিক মাত্রা নতুনভাবে সামনে এসেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। একই সাথে যুদ্ধের প্রভাব দ্রুত পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

ইরান পাল্টা হিসেবে ইসরাইলের পাশাপাশি কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সঙ্ঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে দাবি করেছে তেহরান।

'তেল - গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জাহাজ ' আজকের পত্রিকার শিরোনাম। খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা জ্বালানিবোঝাই ১০টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করেছে।

এর মধ্যে ৭টি জাহাজ বন্দরের ভেতরে প্রবেশ করেছে। বাকি ৩টির একটি আজ সোমবার ও দুটি আগামী বুধ ও শনিবার বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এসব জাহাজে মোট সাড়ে চার লাখ টন এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল রয়েছে। বন্দরসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন , জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল যুদ্ধ শুরুর আগেই।

ফলে সেগুলো কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে ।

বন্দর সূত্র জানিয়েছে , ১০ জাহাজের মধ্যে ৫টি জাহাজে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ৩টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে।

এই ৮ জাহাজ মিলে এলএনজি ও এলপিজি আছে সাড়ে ৩ লাখ টন। এ ছাড়া বাকি ২ টি জাহাজে জ্বালানি তেল রয়েছে প্রায় ১ লাখ টন। এই হিসাবে ১০ জাহাজে সাড়ে ৪ লাখ টন জ্বালানি রয়েছে।

'এভিয়েশন-শ্রম বাজার, যুদ্ধের জেরে বিপর্যস্ত' মানবজমিনের শিরোনাম। খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

একই সঙ্গে বিপর্যস্ত হয়েছে শ্রমবাজার। যুদ্ধের ডামাডোল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাজনিত কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

গত ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ তথ্যমতে বাতিল করা হয়েছে ৩২০টি ফ্লাইট।

এতে করে ভুক্তভোগী হয়েছেন হাজার হাজার যাত্রী। পাশাপাশি ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, হোটেল মোটেলসহ সংশ্লিষ্ট সব খাতই ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগামী শ্রমিকেরা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, উদ্ভূত এই পরিস্থিতিতে যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।

স্বাভাবিক ফ্লাইট পরিচালনা না করায় বাংলাদেশ থেকে শ্রমিক, প্রবাসী, শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঠিক তেমনি অনেক আটকে পড়া হাজী, বিভিন্ন দেশের ব্যবসায়ী ও পর্যটকরা আসতে পারছেন না।

খবরে বলা হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে প্রায় চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করে আসছে বাংলাদেশ ব্যাংক। এর প্রধান লক্ষ্য ছিল ঋণের সুদহার বাড়িয়ে চাহিদা নিয়ন্ত্রণ।

জনগণ যদিও এ নীতির সুফল পায়নি, বরং দুই অংকের নীতি সুদহারের কারণে বেসরকারি খাত আরো দুর্বল হয়েছে।

অন্যদিকে গত চার অর্থবছরে রেকর্ড ১ লাখ ৫২ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অস্বাভাবিক এ মুনাফা অর্জনের ক্ষেত্রে সুদ আয়ের পাশাপাশি স্বল্প সময়ে টাকার রেকর্ড অবমূল্যায়ন বড় ভূমিকা রেখেছে। ৮৪ টাকার ডলার ১২০ টাকা পর্যন্ত বিক্রি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত মাত্র চার অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছে ১ লাখ ৫২ হাজার ১৯৯ কোটি টাকা।

অর্জিত এ মুনাফা থেকে সরকারি কোষাগারে ৫১ হাজার ৫১২ কোটি টাকা জমা দেয়া হয়েছে।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'TECH-FACILITATED VIOLENCE: Women survivors forced to navigate a flawed system' অর্থাৎ 'প্রযুক্তিকেন্দ্রিক সহিংসতা: ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে বাধ্য হচ্ছেন নারীরা।'

খবরে বলা হচ্ছে, সহিংসতা শুধু অস্ত্রের মাধ্যমে নয়, স্মার্টফোনের মাধ্যমেও হয়। বাগেরহাটের ৩২ বছর বয়সী উদ্যোক্তা এবং দুই সন্তানের মা নীলুফা (ছদ্মনাম) খুব একটা ঝামেলা ছাড়াই একটি দর্জির দোকান চালাচ্ছিলেন। কিন্তু প্রতিবেশী এক দোকানদার পরিচয়ের সুযোগ নিয়ে কাজ শুরু করেন।

ওই ব্যক্তি ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে তার ভিডিও ধারণ করেন। এরপর অযৌক্তিক দাবি করে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করে। এটি তার মনে এক দুঃস্বপ্নের জন্ম দেয়।

সামাজিক বিপর্যয়ের ভয়ে নীলুফা অনুভব করেন কারও কাছে যাওয়ার মতো তার কেউ নেই। নিজেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে তিনি নিজেকে আলাদা করে ফেলেন। একপর্যায়ে ওই ব্যক্তির সঙ্গে সহযোগিতা করার ভান করেন।

অনলাইনে নারীদের ভোগান্তির এমন অনেক ঘটনা ঘটছে। কিন্তু পর্যাপ্ত সাইবার আদালত না থাকা ও প্রয়োজনীয় সুবিধা না থাকায় এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ব্যহত হচ্ছে।