সোমবার যা যা হলো:
- ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি'র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, "আমরা বিশ্বাস করি যে ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে ইরানের ইসফাহানে।"
- মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মাঝে লেবাননে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে ইসরায়েল। তারা আজ লেবাননের রাজধানী বৈরুতজুড়ে আল কার্দ আল হাসান নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে।
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলী হোসাইন।
- তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও কাতার জানিয়েছে, সোমবার তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
- গত ৭২ ঘণ্টায় যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে চলমান "এই মিশন শেষ হলে বিশ্ব আরও নিরাপদ ও সুন্দর" হবে।
- বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সঙ্গী আলমগীর হোসেন রবিবার পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়ার পর ওই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল প্রশ্ন তুলেছে যে বিএসএফের নজর এড়িয়ে ওই দুই অভিযুক্ত ভারতে কী করে প্রবেশ করল?
- বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকান্ডে পশ্চিমবঙ্গ থেকে যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে।
- পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
- ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইতোমধ্যে তাদের সাথে কথা বলার জন্য কনস্যুলার এক্সেস চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ই এপ্রিল তারিখ ধার্য করেছে ঢাকার একটি আদালত। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১৪ জন আহত হন। এদের মাঝে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
- সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ই মার্চ (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান কী? এই প্রসঙ্গে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আজ (সোমবার) বক্তৃতা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। "ভারত শান্তির পক্ষে", এই মর্মে বার্তা দেন তিনি।
- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আজ সোমবার সকাল থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান করেছে। এই অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তিন হাজারের বেশি সদস্য অংশ নিয়েছে।
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন।
- মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় ২০২২ সালের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (৭৫ পাউন্ড) ছাড়িয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।