হিন্দুদের ওপর হামলা: ধর্মীয় অবমাননার অভিযোগে ফেসবুকে কথিত পোস্টদাতা পীরগঞ্জের যুবক গ্রেপ্তার

ছবির উৎস, Getty Images
ফেসবুকে একটি পোস্ট দেয়ার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে যে যুবকের বিরুদ্ধে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে জয়পুরহাট জেলা শহর থেকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশের একটি দল। পুলিশ বলেছে যে তার নাম পরিতোষ হালদার এবং তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
তার বিরুদ্ধে ফেসবুক পোস্টের মাধ্যমে ধমীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
রংপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিবিসি বাংলাকে বলছেন, ''পরিতোষ হালদারের বিরুদ্ধে ফেসবুকে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ রয়েছে। সেই মামলায় জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।''
হিন্দু ধর্মাবলম্বী একজন তরুণ ফেসবুকে একটি পোষ্টে 'ইসলাম বিদ্বেষী' কমেন্ট করার কথিত অভিযোগে পীরগঞ্জে ১৮টির মতো ঘরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে রবিবার জানিয়েছিলেন জেলার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
যে জেলে পল্লীতে হামলার ঘটনা ঘটে, সেখানে পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্য মোতায়েন রয়েছে।

ওই ঘটনার পর রংপুরে দু'টি মামলা হয়েছে এবং এসব মামলায় অন্তত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর সপ্তাহ খানেক ধরে যেসব হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, পীরগঞ্জের গ্রামে হামলা ও জেলেদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ছিল তার মধ্যে সাম্প্রতিকতম।
এর আগে ১৩ই অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরে একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার পর সেখানে পূজামণ্ডপে হামলা হয়।
এরপর টানা তিনদিন নোয়াখালী, ঢাকা, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। পীরগঞ্জের আগে সর্বশেষ শনিবার ফেনীতে সংঘর্ষ হয়েছে।
এসব ঘটনায় সারাদেশে ৭১টি মামলা হয়েছে এবং ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।








