লাইভ, পশ্চিমবঙ্গে ভোট গণনা শেষ না হতেই সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কর্মীদের

ভারতের পশ্চিমবঙ্গে এখনও শেষ হয়নি বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এরই মধ্যে একাধিক জায়গা থেকে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. অন্যান্য দলের ঝুলিতে কটি আসন?

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।

    এখনো পর্যন্ত পাওয়া তথ্য বলছে, বিজেপির ঝুলিতে আছে ৩৩টি আসন, তৃণমূল জিতেছে ১০টি আসনে। যে আসনগুলিতে ইতিমধ্যে ফল ঘোষণা হয়েছে তার মধ্যে অন্যান্য দলগুলিও কয়েকটি আসন জিতেছে।

    যেমন কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ জিতেছেন ফারাক্কায়। আবার মুর্শিদাবাদের রেজি নগরে জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

    মুর্শিদাবাদের নওদা থেকেও ভোটযুদ্ধে সামিল হয়েছেন মি. কবীর। এর আগে তৃণমূলে ছিলেন তিনি।

    হুমায়ুন কবীর।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, হুমায়ুন কবীর।
  2. বিজেপি- তৃণমূল কার ঝুলিতে কটি আসন

    বিজেপির দফতরে কর্মীদের উল্লাস
    ছবির ক্যাপশান, বিজেপির দফতরে কর্মীদের উল্লাস

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৭টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা এবং নয়টিতে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।

    উত্তর ২৪ পরগণার খড়দহ, হাওড়ার জগতবল্লভপুর, ঝাড়গ্রাম, কোচবিহারের মেখলিগঞ্জ, কালিম্পং, দার্জিলিং, বর্ধমান, পূর্ব বর্ধমানের নদীয়ার নাকাশিপাড়া, মেদিনীপুর, বাঁকুড়ার শালতোরা ও রানিবাঁধসহ ২৭টি আসন জিতেছে বিজেপি।

    অন্যদিকে, তৃণমুলের ঝুলিতে এখনো পর্যন্ত নয়টি আসন এসেছে। এই তালিকায় রয়েছে ইটাহার, মুর্শিদাবাদের সুজাপুর ও শামসেরগঞ্জ, উত্তর দিনাজপুরের ভরতপুর, উত্তর ২৪ পরগণার দেগঙ্গা।

  3. পশ্চিমবঙ্গে বিজয়-মিছিল না করার নির্দেশনা

    পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজকুমার আগরওয়াল

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজকুমার আগরওয়াল

    আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

    আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কোনো দলই কোনো বিজয়-মিছিল, উৎসব বা জমায়েত করতে পারবে না। সমগ্র রাজ্য জুড়েই এই নিয়ম বহাল থাকবে।

    তবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে, আগামীকাল অর্থাৎ পাঁচই মে থেকে প্রশাসনের অনুমতি নিয়ে বিজয় মিছিল করা যাবে।

  4. গণনা শেষ না হতেই সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কর্মীদের

    দিনহাটায় পুলিশের টহল

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, দিনহাটায় পুলিশের টহল

    পশ্চিমবঙ্গে এখনও শেষ হয়নি বিধানসভা নির্বাচন ২০২৬-এর গণনাপর্ব। এরই মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর উঠে আসছে।

    তৃণমূল কংগ্রেসের 'দুর্গ' বলে পরিচিত একাধিক অঞ্চল দখল করতে চলেছে বিজেপি বলে অভিযোগ করছেন তৃণমূল নেতাকর্মীরা।

    ইতিমধ্যে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর উপর আক্রমণের অভিযোগ উঠেছে বিজেপি এজেন্টদের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট জমা পড়েছে।

    অন্যদিকে, কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাংচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানিয়েছেন ডিআইজি অঞ্জলি সিং।

    এছাড়া, বাঁকুড়াতেও কাউন্টিং সেন্টার চত্বরে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

    দুই দলই দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

    তবে এই নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

  5. পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল স্পষ্ট হতেই বিজেপি শিবিরে উল্লাস আর তৃণমূলে বিষাদ

    পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, তাতে স্পষ্ট যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে ভারতের এ রাজ্যে।

    অর্থাৎ, ব্যাপক হারের মুখোমুখি হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

    দুই শিবিরে সম্পূর্ণ দুই ধরনের ছবি ধরা পড়ল বিবিসি-র ক্যামেরায়...

    সল্ট লেকে বিজেপির রাজ্য দফতরে উল্লাস বিজেপি কর্মীদের
    ছবির ক্যাপশান, সল্ট লেকে বিজেপির রাজ্য দফতরে উল্লাস বিজেপি কর্মীদের
    কালীঘাটে মমতা ব্যানার্জীর পাড়ায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের কান্না
    ছবির ক্যাপশান, কালীঘাটে মমতা ব্যানার্জীর পাড়ায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের কান্না
  6. দু’টি আসনে জয়ী প্রার্থীর নাম ঘোষণা

    পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসন থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।

    তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪৭৯৮ ভোটে হারিয়েছেন। মি. পাঁজার প্রাপ্ত ভোট ৯৬৫৫৯।

    অন্যদিকে মুর্শিদাবাদের ভগবানগোলা থেকেও জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জিতেছেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। তিনি মোট এক লাখ পাঁচ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।

    তিনি ৫৬,৪০৬ ভোটে হারিয়েছেন সিপিআই(এম)-এর মহামুদল হাসানকে।

  7. মমতাকে নিশানা চম্পাই সোরেনের

    চম্পাই সোরেন।

    ছবির উৎস, Champai Soren/Facebook

    ছবির ক্যাপশান, চম্পাই সোরেন

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। ।

    বিজেপিতে যোগ দেওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় বলেছেন, “অনুপ্রবেশকারী ও তোষণ নীতির জোরে ক্ষমতা দখল করেছে, তাদের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রাথমিক প্রবণতার দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন যে, রাজ্যের এমন বহু আসনেই বিজেপি এগিয়ে আছে, যেখানে ২০১১ সাল থেকে টিএমসি ক্ষমতায় রয়েছে।

  8. এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে পশ্চিমবঙ্গে কে কত ভোট পেল?

    নির্বাচন কমিশনের তথ্য

    পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে।

    রাজ্যের ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়েছিল ২৩ এবং ২৯শে এপ্রিল।

    প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে।

  9. বহরমপুরে পিছিয়ে অধীর চৌধুরী

    অধীর রঞ্জন চৌধুরী- ফাইল ছবি।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, অধীর রঞ্জন চৌধুরী- ফাইল ছবি

    অষ্টম রাউন্ড ভোট গণনার পর মুর্শিদাবাদে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

    প্রথম দিকে ওই আসন থেকে তৃণমূলের নাড়ু গোপাল মুখার্জী এগিয়ে থাকলেও এখন বিজেপির সুব্রত মৈত্র অধীর রঞ্জন চৌধুরীর চেয়ে ৫,৩৬২ ভোটে এগিয়ে রয়েছেন।

    মালদহের মালতীপুর থেকে তৃণমূলের আব্দুর রহিম বক্সী বিজেপি প্রার্থী আশিস দাসের চেয়ে ২৫,২০০ ভোটে এগিয়ে।

    আসানসোল দক্ষিণে তৃণমূলের তাপস ব্যানার্জীর চেয়ে ৩,৬৯৪ ভোটে এগিয়ে আছেন বিজেপির অগ্নিমিত্রা পাল।

    শিলিগুড়ি থেকে তৃণমূলের গৌতম দেবের চেয়ে ৫৩,৩৭২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির সজল ঘোষ।

  10. আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা

    হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা- ফাইল ছবি।

    ছবির উৎস, Anuwar Hazarika/NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, হিমন্ত বিশ্ব শর্মা- ফাইল ছবি

    আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি বিধানসভা আসন থেকে নির্বাচনী ময়দানে নেমেছেন। এ আসনে ছয় দফা ভোট গণনার পর হিমন্ত বিশ্ব শর্মা ২৩,৯৩১ ভোটে এগিয়ে আছেন বলে নির্বাচন কমিশনের তথ্যে জানা গেছে।

    নির্বাচন কমিশনের তথ্যে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত তিনি মোট ৩৯,২১৪টি ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ পেয়েছেন ১৫,২৮৩টি ভোট।

    টানা ২০০১ সাল থেকে হিমন্ত বিশ্ব শর্মা জিতে আসছেন। এইবারও সে ধারা বজায় থাকে কি না সেদিকে সকলের নজর থাকবে।

  11. কলকাতায় কোথায় কোন প্রার্থী এগিয়ে?

    মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।

    ছবির উৎস, Mamata Banerjee/Suvendu Adhikari/Facebook

    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী।

    নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য বলছে, এ মুহূর্তে ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী, পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধকারী।

    তবে, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন মি. অধিকারী।

    অন্যদিকে, দমদম বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু, এগিয়ে আছেন বিজেপির অরিজিত বক্সী।

    দমদম উত্তর থেকে এর আগে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এগিয়ে থাকলেও এ মুহূর্তে এগিয়ে রয়েছেন বিজেপির সৌরভ শিকদার।

    পানিহাটি থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তিনি আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা।

    অন্যদিকে, কলকাতা বদন অঞ্চল থেকে এগিয়ে ফিরহাদ হাকিম, পিছিয়ে রয়েছেন বিজেপির রাকেশ সিং।

    রাসবিহারী আসন থেকে এখন এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, পিছিয়ে তৃণমূলের দেবাশিস কুমার।

    সোনারপর দক্ষিণ থেকে এগিয়ে আছেন বিজেপির রূপা গাঙ্গুলি, পিছিয়ে লাভলী মৈত্র।

    অন্যদিকে, টালিগঞ্জ আসন থেকে এগিয়ে তৃণমূলের অরূপ বিশ্বাস।

  12. এখনও পরাজয় মেনে নিতে প্রস্তুত নন মমতা

    মমতা ব্যানার্জীর ভিডিওবার্তা থেকে নেওয়া ছবি।

    ছবির উৎস, Mamata Banerjee/Facebook/Screengrab

    ছবির ক্যাপশান, মমতা ব্যানার্জীর ভিডিও বার্তা থেকে নেওয়া ছবি।

    পশ্চিমবঙ্গে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেলা সাড়ে বারোটা নাগাদ জানিয়ে দিলেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।

    তিনি ভিডিও বার্তায় বলেছেন, “কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।” নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন।

    নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ’ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন।

    তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, “আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।” ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলেও তিনি মন্তব্য করেছেন। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ও আহ্বান জানান তিনি।

  13. বিজেপির কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

    বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণের ছবি।
    ছবির ক্যাপশান, বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণের ছবি।

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক কয়েকটি রাউন্ডের পর বিজেপি ১৮৮টি আসনে এগিয়ে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। দিনের শেষে ছবি কেমন হয়, সেদিকে সকলের নজর রয়েছে।

    ইতিমধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গিয়েছে। বিবিসি সংবাদদাতা ইশাদ্রিতা লাহিড়ী জানিয়েছেন, একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী ননেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবিো পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও।

    বিরোধীরা অবশ্য তাকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মি. মোদী। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

  14. ভোটকেন্দ্রে গণনা চলছে

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই দফা ভোট গ্রহণ ও দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার এবং মগরাহাটের ১৫টি বুথে দ্বিতীয়বার ভোট গ্রহণ হয়েছে।

    ১৯৩টি আসনে এখন ভোট গণনা চলছে। ফলতায় অবশ্য ২১শে মে পুনঃনির্বাচন হওয়ার কথা এবং তার ভোট গণনা হবে ২৪শে মে।

    রাজ্যের কয়েকটি ভোট গণনা কেন্দ্রের ছবি দেখে আসা যাক -

    আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা চলছে।

    ছবির উৎস, Chief Electoral Officer West Bengal/Facebook

    ছবির ক্যাপশান, আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা চলছে
    ভোট গণনা কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা

    ছবির উৎস, Chief Electoral Officer West Bengal/Facebook

    ছবির ক্যাপশান, ভোট গণনা কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা
    ভোট গণনা শুরুর আগে মালদার একটি ভোট কেন্দ্রের বাইরের ছবি।

    ছবির উৎস, Chief Electoral Officer West Bengal/Facebook

    ছবির ক্যাপশান, ভোট গণনা শুরুর আগে মালদার একটি ভোট কেন্দ্রের বাইরের ছবি
    ভোট গণনা কেন্দ্রে ঢোকার আগে কড়া সুরক্ষা বেষ্টনী

    ছবির উৎস, Chief Electoral Officer West Bengal/Facebook

    ছবির ক্যাপশান, ভোট গণনা কেন্দ্রে ঢোকার আগে কড়া সুরক্ষা বেষ্টনী
  15. পশ্চিমবঙ্গের আসনগুলোতে ভোট গণনায় বিজেপি কোথায়?

    নির্বাচনের প্রচারের সময় তোলা ছবি।

    ছবির উৎস, Narendra Modi/X

    ছবির ক্যাপশান, নির্বাচনের প্রচারের সময় তোলা ছবি

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় দেখা যাচ্ছে কোনো আসনে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে তৃণমূল, আবার কোথাও বিজেপি।

    এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে আছে।

    প্রসঙ্গত এই নির্বাচনী প্রচারের সময় এখানেই ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর চর্চাও হয়েছিল। বিরোধীরাও তখন বিজেপি ও মোদীকে কটাক্ষ করতে ছাড়েনি।

    ওই আসনে বিজেপির ফল কেমন দেখে নেওয়া যাক।

    বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাও এখান থেকে ২৯,৮৮২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মঙ্গল সারেন বিজেপি প্রার্থীর চেয়ে ৮,০০০ ভোটে পিছিয়ে রয়েছেন।

    তবে এখনো পর্যন্ত প্রাথমিক রাউন্ডের গণনাই হয়েছে। দিন শেষে হয়ত বোঝা যাবে কে হবেন ওই আসনের জনপ্রতিনিধি।

  16. আসামে ভোট গণনা চলছে

    হিমন্ত বিশ্ব শর্মা

    ছবির উৎস, Raj K Raj/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, হিমন্ত বিশ্ব শর্মা

    পশ্চিমবঙ্গের ও তামিলনাডুর পাশাপাশি আসামেও ভোট গণনা চলছে। গত নয়ই এপ্রিল আসামের ১২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল।

    এই রাজ্যে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দিতা করছে মূলত দুটি জোট, একটি বিজেপির নেতৃত্বাধীন এবং অন্যটি কংগ্রেসের। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে নির্বাচনী ময়দানে নেমেছে। অন্যদিকে বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট একাই ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

    এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন জোট ৯৮টি আসনে এগিয়ে, কংগ্রেস ২৫টি এবং এআইডিইউএফ দুটি আসনে এগিয়ে।

  17. মুর্শিদাবাদে এগিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবীর

    হুমায়ুন কবীর- ফাইল ছবি।

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, হুমায়ুন কবীর- ফাইল ছবি

    মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টির’ প্রতিষ্ঠাতা ও প্রার্থী হুমায়ুন কবীর।

    তিনি একদা মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ ছিলেন।

    অন্যদিকে, ওই জেলারই বহরমপুর আসন থেকে এখনো পিছিয়ে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী।

    সুজাপুর থেকে কংগ্রেসের প্রার্থী আব্দুল হান্নান, পিছিয়ে আছেন বিজেপির অভিজিৎ রজক ও তৃণমূলের সাবিনা ইয়াসমিন।

    কলকাতা বন্দর থেকে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম। রাসবিহারী থেকে এগিয়ে রয়েছেন বিজেপির স্বপন দাশগুপ্ত, পিছিয়ে আছেন তৃণমূলের দেবাশিস কুমার।

  18. তামিলনাড়ুতে এগিয়ে বিজয়

    সুপারস্টার বিজয়

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, সুপারস্টার বিজয়

    সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত পাওয়া ফল বলছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার জোসেফ বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেট্টি কাজাগাম) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-কে পিছনে ফেলে দিয়েছেন।

    ডেটানেটের তথ্য অনুযায়ী, টিভিকে ১০৪টি আসনে এগিয়ে রয়েছে।

    অন্যদিকে, শাসক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ৫২টি আসনে এগিয়ে আছে। বিরোধী দল এআইএডিএমকে ৭৬ টি আসনে এগিয়ে রয়েছে।

    অভিনেতা বিজয় তামিলনাড়ুর পাশাপাশি ভারতের অন্যান্য প্রান্তেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি বিজয় থালাপতি নামে বহুল পরিচিত।

    বিভিন্ন এক্সিট পোল থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, তার ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, কিন্তু সাম্প্রতিক প্রবণতা সকলকে চমকে দিয়েছে।

  19. কলকাতায় বিজেপির কার্যালয়ের যে ছবি ধরা পড়ল

    ভোট গণনার দিন তৃণমূলের মতোই উৎসাহী বিজেপি কর্মীরা। কলকাতায় বিজেপির কার্যালয়ে সোমবার সকালে সেই ছবিই ধরা পড়েছে।

    গেরুয়া শিবিরের সদস্যরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ে এসে জড়ো হয়েছেন।

    বিবিসির ক্যামেরায় যে পরিস্থিতি ধরা পড়ল, সে চিত্রই এক নজরে…

    সল্টলেকে বিজেপির কার্যালয়ের ছবি।
    ছবির ক্যাপশান, সল্টলেকে বিজেপির কার্যালয়ের ছবি
    গেরুয়া শিবিরে উৎসাহ দেখার মতো।
    ছবির ক্যাপশান, গেরুয়া শিবিরে উৎসাহ দেখার মতো
    তৃণমূলের মতোই জয়ের বিষয়ে ‘নিশ্চিত’ বিজেপিও।
    ছবির ক্যাপশান, তৃণমূলের মতোই জয়ের বিষয়ে ‘নিশ্চিত’ বিজেপিও
  20. ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

    মমতা

    ছবির উৎস, Mamata Banerjee/Suvendu Adhikari/Facebook

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক আসনের উপর নজর রয়েছে কিন্তু সবার চোখ রয়েছে কলকাতার ভবানীপুরে।

    এই আসনে ভোটযুদ্ধে মুখোমুখি মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী।

    প্রথম দিকে মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সবশেষ পাওয়া তথ্য বলছে এখন এগিয়ে রয়েছেন একদা মিজ ব্যানার্জীর ‘আস্থাভাজন ও ঘনিষ্ঠ’ এবং অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

    দুই হেভিওয়েট প্রার্থীই নিজের জয় সম্পর্কে ‘নিশ্চিত’। তারাই যে ভবানীপুর থেকে জিতবেন তাও দাবি করেছেন।

    শেষপর্যন্ত ভবানীপুর কার দখলে যায় সেদিকে সকলের নজর থাকবে।

    নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে লড়ছেন শুভেন্দু অধিকারী। ওই আসনেও এগিয়ে রয়েছেন তিনি।