আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশে এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়েছে

বাংলাদেশে চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ১০২ জন, আক্রান্ত হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ, এখনো প্রায় চার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মুকিমুল আহসান, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন এবং এই বছরে আক্রান্ত হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ।
    • যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
    • সারাদেশে গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৫৯ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন।
    • টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।
    • বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    • বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে।
    • বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
    • নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় চার হাজার মানুষ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বাংলাদেশে এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়েছে

    বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ১০২ জন।

    মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। এই সময়ে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।

    গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।

    এর আগে গত সোমবার এক হাজার ১৬৩ জন, রোববার এক হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তেরর বুলেটিনে জানানো হয়।

  3. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রণোদনার ঘোষণা সরকারের

    টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।

    মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ আট টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার অংশ হিসেবে এই উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

    সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব গ্রাহক আগামী বছর ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

    এছাড়াও প্রণোদনার অর্থ গ্রাহকদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসেবে পাঠানো হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এছাড়াও সৌরভিত্তিক সিস্টেম স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিএসটিআই ও টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (এসআরইডিএ) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগ কর্তৃক স্থাপিত ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার থেকে এ সংক্রান্ত নীতিগত সহায়তা দেওয়া হবে।

  4. বোয়িং কেনায় তারেক রহমানকে ধন্যবাদ, শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে।

    সেখানে বলা হয়েছে, শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এই তথ্য জানায়।

    এতে বলা হয়, তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, “নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন”।

    চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।

    খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, “বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না”।

    একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন।

  5. সাগরে লঘুচাপ, চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এর ফল উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  6. হামের উপসর্গ নিয়ে নিয়ে একদিনে আরো ছয় জনের মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৫৯ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন।

    মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলা হয়েছে, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮০ শিশুর। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

  7. কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিস ভবনে লেপে দেওয়া হলো গেরুয়া রঙ

    মঙ্গলবার পহেলা সেপ্টেম্বর দুপুর নাগাদ হঠাৎই গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন হাজির হয় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে। সেই ভিড়ের মধ্যে একজন গেরুয়া রঙ লেপে দেয় অফিস ভবনটির সামনের দেওয়ালে।

    সেই সময় পত্রিকাটির বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। সেই সময়ে পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    এই ঘটনার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় ২১শে অগাস্ট প্রকাশিত শিরোনামের যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    ২০শে অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপির প্রতিবাদ মিছিল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সেই ঘটনার পরের দিন আনন্দবাজার পত্রিকা শিরোনামে লেখে 'গেরুয়া গুন্ডামি'।

    ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রতীকে গেরুয়া রঙ রয়েছে।

    ওই শিরোনামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    অন্য একটি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে ২৮শে অগাস্ট শুভেন্দু অধিকারী বলেন, 'গেরুয়া তাণ্ডব শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।'

    স্পষ্টতই তিনি আনন্দবাজার পত্রিকাকে উদ্দেশ করেই কথাগুলি বলছিলেন।

    এর পরেই আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অনেক আপত্তিজনক পোস্ট ছড়িয়ে পড়ে।

    এছাড়াও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করেছিল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন

    পহেলা সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার অফিস ভবনের সামনে থেকে একজন বিক্ষোভকারী বক্তব্য রাখেন, "পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।"

    তবে প্রতিবাদীরা বিজেপির সঙ্গে যুক্ত কিনা সেটি জানা যায়নি। আনন্দবাজার পত্রিকার তরফেও কোনও বিবৃতি প্রকাশিত হয়নি।

  8. এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ দেওয়াসহ ইসিতে জামায়াতের নয়টি দাবি

    বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির নির্বাচন পরিচালনা-সংক্রান্ত প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে।

    বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এসব বিষয়ে কমিশনের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করা হয়েছে”।

    জামায়াতের দাবিগুলো হচ্ছে- স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগে আপত্তি, স্থানীয় নির্বাচনের প্রচারণায় এমপি মন্ত্রীদের সুযোগ না রাখা, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে পদ থেকে সরিয়ে দেওয়া।

  9. দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে।

    তিনি বলেন, “অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি”।

    মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একটি ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার সময় ধরেন একটা ডেট সেট করবো। ৫ই অগাস্টের দিল্লির ঘটনা বাংলাদেশের মানুষকে হার্ট করছে। আমরা সেই বিষয়টি রেইস করেছি। আলাপ আলোচনা চলতেছে। যখন টাইমিং হবে তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবে। আমরা এখনো কোন ডেট সেট করি নাই”।

    যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ ক্রয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. কবির বলেন, “কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে”।

  10. বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে,সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

    মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

    দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে মি. ত্রিবেদী বলেন, “জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের যেন ভালো হয়, সেজন্য আমাদের দায়িত্ব আছে”।

    তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দেখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী? বাংলাদেশেরও দেখতে হবে ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে”।

  11. নেপালে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, কিছু মরদেহ ভেসে গেছে ভারতে

    নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

    ভোটেকোশি ও ত্রিশূলি নদীর বন্যায় নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা হচ্ছে।

    নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ সকাল ১১টা পর্যন্ত এক হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এখনো বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

    রাসুয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। নদীর স্রোতে ভেসে যাওয়া সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়, ৩২০টি।

    পুলিশ জানিয়েছে, নারায়ণী নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে।

    মরদেহ কোথায় পাওয়া গেছে?

    • রাসুওয়া – ৩৮
    • নুয়াকোট – ১০৩
    • ধাদিং – ৫৬
    • চিতওয়ান – ৩২০
    • গোরখা – ৬৫
    • তানাহুন – ৩৮
    • নওয়ালপরাসি পূর্ব – ২১৬
    • নওয়ালপরাসি পশ্চিম – ১৬৯
    • ভারত – ৫

    সূত্র: নেপাল পুলিশ

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:

    • আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘোষণা দেন তিনি।
    • নেপালের রাসুয়ায় নতুন করে আরেকটি হিমবাহ হ্রদ ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে নেপালি কর্মকর্তারা বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
    • নেপালের আকস্মিক বন্যায় মৃতদের অনেকের দেহ শনাক্ত করা যায়নি, যে কারণে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
    • বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। নতুন বেতনস্কেলে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০তম গ্রেডের জন্য ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ম গ্রেডের জন্য ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
    • ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
    • রংপুরের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যা মামলায় আটককৃত দুইজন আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি মেলেনি।
    • স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে