মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন এবং এই বছরে আক্রান্ত হয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ।
- যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
- সারাদেশে গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ১৫৯ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭২ জন।
- টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার।
- বাংলাদেশের আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে।
- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। দু’দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, সেসব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
- নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরো জানিয়েছে, নদীতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় চার হাজার মানুষ।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।










