আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

ইরানের গমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে । এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. তেহরান ও বৈরুতে ইসরায়েলের হামলা

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।

    এক বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে”।

    এই হামলা আসে আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর।

    আইডিএফ জানিয়েছিল, তারা হেজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।

  2. বৈরুতের বাসিন্দাদের জন্য ইসরায়েলের 'জরুরি সতর্কতা' জারি

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে কয়েকটি শহর এবং কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের জন্য একটি 'জরুরি সতর্কতা' জারি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

    এতে বলা হয়েছে যে, হিজবুল্লাহর সাথে সম্পর্কিত ভবনগুলো থেকে লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের কাছাকাছি যে কেউ ঝুঁকিতে রয়েছে।

    আইডিএফ এর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, "আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে আপনার বাড়িঘর খালি করতে হবে"।

  3. বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

    ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে।

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি'র সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে।

    সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে।

    ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

    এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

    মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছে।

  4. পাকিস্তানে 'নিরাপত্তার' কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া বাতিল

    পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচিতে তাদের কনস্যুলেটগুলো 'নিরাপত্তা পরিস্থিতির' কারণে, ছয়ই মার্চ, শুক্রবার পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

    এর আগে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরটি সামনে আসার পর, করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। যেখানে সহিংস সংঘাতের ঘটনা ঘটে বলেও জানা গেছে।

    কিছু প্রতিবেদন অনুসারে, মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের উপর গুলি চালায় এবং পাকিস্তানি পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

    ওই প্রতিবেদনে এটিও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

    এএফপির একজন প্রতিবেদকের মতে, "একদল তরুণ মূল ফটক বেয়ে উঠে কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করে, যাদের মধ্যে কেউ কেউ জানালা ভেঙে ফেলেছিল"।

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে একদল ব্যক্তিকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙতে দেখা গেছে।

  5. স্যাটেলাইট ছবিতে সৌদি তেল শোধনাগারের ক্ষয়ক্ষতির চিত্র, ড্যানিয়েল পালুম্বো এবং শায়ান সরদারিজাদেহ, বিবিসি ভেরিফাই

    ড্রোন হামলায় সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারের ক্ষয়ক্ষতির নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।

    ভ্যান্টরের ধারণ করা ছবিগুলোতে পূর্বাঞ্চলীয় শহর রাস তানুরায় অবস্থিত তেল শোধনাগারের কুলিং টাওয়ারের চারপাশে আগুন এবং পোড়া দাগ দেখা যাচ্ছে।

    এই এলাকাটি বিভিন্ন স্টোরেজ ইউনিটকে কেন্দ্রীয়ভাবে যুক্ত করে, এমন একাধিক পাইপ দ্বারা যুক্ত। যা সাধারণত একসাথে চারটি ট্যাংকার পূরণ করতে সক্ষম। সাইটটির উৎপাদন ক্ষমতা প্রতিদিন পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল।

    এদিকে, ক্ষয়ক্ষতির কারণে তেল শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার খবর জানিয়েছে আরামকো তেল কোম্পানি।

  6. কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    কাতারের দোহা শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে।

    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে যে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে "দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।

    দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে।

    সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।

    এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে।

  7. সংঘাত অব্যাহত থাকায় তেলের দাম আরও বেড়েছে, ওসমন্ড চিয়া, বিজনেস রিপোর্টার

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি অব্যাহতভাবে বাড়ছে তেলের দাম। মূলত তেল উৎপাদনকারী ওই অঞ্চল থেকে স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

    ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় এক দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেন করা তেলের দাম প্রায় এক দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

    ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে।

    বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক 'কাতার এনার্জি' তাদের স্থাপনাগুলোতে 'সামরিক হামলার' পর উৎপাদন বন্ধ করে দেওয়ায় সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও বেড়ে যায়।

  8. ‘যুক্তরাষ্ট্র বহু বছরের কোনো যুদ্ধে আর জড়াবে না’- ফক্সকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে।

    তিনি যোগ করেন, প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য- ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে” তানিশ্চিত করা।

    ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন”।

    তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না।

    “ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না”।

    ভ্যান্স আরও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেভাবে শাসনব্যবস্থা বলছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি।

  9. অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার 'ড্রোন হামলায়' ক্ষতিগ্রস্ত, ওসমন্ড চিয়া, বিজনেস রিপোর্টার

    সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস।

    এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি জানিয়েছে যে, ড্রোনের 'সরাসরি আঘাতে' তাদের 'অবকাঠামোগত ক্ষতি' হয়েছে এবং ভবনটির 'বিদ্যুৎ বিঘ্নিত' হয়েছে।

    ডেটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

    মধ্যপ্রাচ্যে 'অপ্রত্যাশিত' পরিস্থিতির কারণে, গ্রাহকদেরকে অবিলম্বে তাদের ডেটা ব্যাকআপ করা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

  10. দূতাবাসে হামলার পাল্টা ব্যবস্থা ‘শিগগিরই’ নিতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ইঙ্গিত

    কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র “শিগগিরই” পাল্টা ব্যবস্থা নেবে।

    যুক্তরাষ্ট্র সোমবার রাতে জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

    “(ট্রাম্প) আমাকে আরও বলেছেন যে স্থলবাহিনী মোতায়েন করা প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না,” এক্স-এ লিখেছেন নিউজনেশনের রাজনৈতিক প্রতিবেদক কেলি মেয়ার।

  11. তেল পরিবহন খরচ সর্বকালের সর্বোচ্চ, ওসমন্ড চিয়া, বিজনেস রিপোর্টার

    মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাংকারের ভাড়া সর্বকালের সর্বোচ্চ চার লক্ষ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ।

    গত সপ্তাহে যখন আমেরিকা ইরানে আক্রমণের হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই মূল্য প্রায় দ্বিগুণ।

    ইরানের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

    দুই মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে পারে এমন বৃহত্তম তেল বহনকারী জাহাজগুলোকে এই রেকর্ড ভাড়া দিতে হচ্ছে।

  12. টেক্সাসের বন্দুকধারীর শার্টে ছিল ইরানের পতাকা

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বারের বাইরে হামলা চালানো বন্দুকধারীর গায়ে থাকা হুডির নিচের শার্টে ইরানের পতাকার মতো নকশা ছিল।

    এই সংক্রান্ত একটি ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আমেরিকা।

    কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত এনডিগা ডায়াগন নামের ওই ব্যক্তির পরনে ছিল 'আল্লাহর সম্পত্তি' লেখা একটি হুডি।

    পহেলা মার্চ টেক্সাসের রাজধানী অস্টিনে এই গুলি চালানোর ঘটনা ঘটে। যেখানে দুইজন নিহত এবং ১৪ জন আহত হন।

    আক্রমণটি 'সন্ত্রাসী' হামলা কি না সেটি যাচাই করার কথা আগেই জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।

  13. সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

    সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।

    এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় “সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি” হয়েছে।

    সৌদি আরবে জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্রের মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করেছে এবং জানিয়েছে যে তারা অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করবে।

  14. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ: গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর-

    • ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
    • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • ইরান ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে সমালোচনার মুখে সোমবার নতুন করে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হামলা চালিয়ে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
    • ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
    • যুক্তরাষ্ট্র লেবাননে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
    • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।
    • ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্ত্রীও নিহত হয়েছেন।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।
    • ইরানের পাল্টা হামলার পর কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।
    • লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩১ জন নিহত হয়েছে। আরো ১৪৯জন আহত হয়েছেন।
    • লেবানন সরকার দেশটিতে হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের ফলে হেজবুল্লাহ ও সরকারের সমান্তরাল ক্ষমতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়লো।
    • জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন কিছুর লক্ষণ তারা টের পান নি।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরায়েলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করেছে।
    • ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।
    • কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরোধে সোমবার সকালে অন্তত তিনটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
    • ভোর থেকে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, দুবাইয়ে ব্যাপক বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে