শনিবার সারাদিন যা যা হলো-
- বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার, ফলে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।
- হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
- ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।
- লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সকালে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার ঘটনায় তাদের জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছে হেজবুল্লাহ।
- বাংলাদেশে “শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ”- এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
- ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা চলছে"। তিনি উল্লেখ করেন, ইরান এমনভাবে আচরণ করছে, যেভাবে তারা “৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে”।
- ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু বা ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে জাহাজটির কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। আইআরজিসি এর বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
- বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
- বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।