বাংলাদেশে বাড়লো পেট্রোল-ডিজেলসহ সব জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে সব জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি তাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এবং সেখানে চলাচলের জন্য জাহাজগুলোকে ফি পরিশোধসহ শর্ত মানতে হবে।

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো-

    • বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার, ফলে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।
    • হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।
    • লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সকালে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার ঘটনায় তাদের জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছে হেজবুল্লাহ।
    • বাংলাদেশে “শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ”- এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
    • ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা চলছে"। তিনি উল্লেখ করেন, ইরান এমনভাবে আচরণ করছে, যেভাবে তারা “৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে”।
    • ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু বা ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে জাহাজটির কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। আইআরজিসি এর বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
    • বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
    • বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    বিবিসি বাংলা'র লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, রোববার থেকে কার্যকর

    জ্বালানি তেল

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।

    শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

    এছড়া, নতুন মূল্য অনুযায়ী পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হবে।

    সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

    মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

  3. ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

    এর আগে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, হরমুজ প্রণালিতে থাকা একটি ট্যাংকার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে। ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে।

  4. লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার হেজবুল্লাহ’র

    লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সকালে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার ঘটনায় তাদের জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছে হেজবুল্লাহ।

    এর আগে দ্য ইউনাইটেড নেশন ইন্টেরিম ফোর্স ইন লেবানন বা ইউনিফিল জানায়, প্রাথমিকভাবে তাদের ধারণা 'রাষ্ট্র বহির্ভুত শক্তি' বা সম্ভবত হেজবুল্লাহ এই হামলা চালিয়েছে এবং এই ঘটনাটির তদন্তও শুরু করেছে তারা।

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁও বলেছেন, এখন পর্যন্ত তাদের ধারণা এই হামলার ঘটনায় হেজবুল্লাহ দায়ী।

    তবে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের বিরুদ্ধে 'অযৌক্তিকভাবে' যে অভিযোগ করা হচ্ছে তাতে তারা 'বিস্মিত'।

    তারা আরও জানায়, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তারা লেবানিজ সেনাবাহিনী ও ইউনিফিলের মধ্যে সমন্বয় রেখে চলার ওপর গুরুত্ব দিচ্ছে।

  5. গাজা সিটির মতো লেবাননেও 'ইয়েলো লাইন' তৈরি করেছে ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে একটি 'ইয়েলো লাইন' বা নিরাপত্তা সীমারেখা তৈরি করেছে।

    বৃহস্পতিবার রাতে হেজবুল্লাহ’র সাথে যুদ্ধবিরতি শুরুর পর এই প্রথম এই ধরনের সীমারেখা তৈরির কথা জানালো আইডিএফ।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, ১০ কিলোমিটার বা ৬.২ মাইল বিস্তৃত একটি ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তোলা হবে।

    এর আগে গত বছর গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েল একই ধরনের একটি সীমারেখা তৈরি করেছিল।

    শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে 'ইয়েলো লাইনে'র উত্তরের দিক থেকে ইসরায়েলি বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। যে কারণে ইসরায়েলি বাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে।

    তবে এই হামলায় হতাহতের কোনো সংখ্যা এখনো জানা যায়নি।

    আইডিএফ আরও জানায়, যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সেনারা কোনো ধরনের হুমকির মুখে পড়লে তারা প্রতিরক্ষামূলক চালাতে পারবে।

    তবে এ নিয়ে লেবানন সরকার বা হেজবুল্লাহর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    গত বছর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনারা বহুবার ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। ইসরায়েলি বাহিনী তখন অভিযোগ করেছিল ‘ইয়েলো লাইন’ অতিক্রমের কারণেই হামলা চালানো হয়েছিল।

    এদিকে, চলতি বছরের শুরুতে এপি তাদের রিপোর্টে বলেছে, যুদ্ধবিরতি শুরুর পর তিন মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭৭ জন নিহত হয়েছে।

  6. শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    বাংলাদেশে “শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ”- এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

    ভবিষ্যতে আরো কখনো যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য সরকার জরুরি ভিত্তিতে হামের টিকা দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে”।

    হামের এই পরিস্থিতিতে যারা সন্তান হারিয়েছেন সেসব বাবা-মা ও স্বজনদের কাছে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে “দুঃখপ্রকাশ” করেন।

    “দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি,” এই মন্তব্যও করেন তিনি।

  7. ইরানে ছয়টি বিমানবন্দর আবার চালু

    অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে।

    তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে বর্তমানে এয়ারলাইনগুলো কাজ করছে।

    অন্য এক খবরে জানানো হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং সিভিল অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে সমন্বয়ের পর এয়ারলাইনগুলো ঘোষণা করা রুটগুলোতে ফ্লাইট পরিকল্পনা শুরু এবং টিকিট বিক্রি করতে পারবে।

    এর আগে সিভিল এভিয়েশন অথরিটি ঘোষণা দিয়েছিল, শনিবার থেকে দেশের আকাশসীমার একটি অংশ এবং বেশ কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

    এই সিদ্ধান্তের আওতায় দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে।

    যুদ্ধ চলাকালে ইরানের একাধিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

  8. ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’— ইরান

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি) থেকে আরও কিছু তথ্য পাওয়া গেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পরিষদটি বলেছে, “শত্রুপক্ষ যতদিন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর এবং নৌ অবরোধ কার্যকর রাখার ইচ্ছা পোষণ করবে, ইরান এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালির শর্তসাপেক্ষ ও সীমিতভাবে পুনরায় খোলার বিষয়টি প্রতিরোধ করবে”।

    যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার প্রসঙ্গে এসএনএসসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেগুলো তেহরান “বর্তমানে পর্যালোচনা করছে এবং এখনো কোনো জবাব দেয়নি”।

    প্রসঙ্গত, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই সংস্থার বরাতে জানানো হয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।

  9. ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না— ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা চলছে”।

    তিনি উল্লেখ করেন, ইরান এমনভাবে আচরণ করছে, যেভাবে তারা “৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে”।

    ওভালঅফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে তিনি ইরান প্রসঙ্গে সংক্ষেপে কথা বলেন।

    ট্রাম্প আরও বলেন, ইরানি নেতারা হরমুজ প্রণালি বন্ধ করতে চান, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে নিজেদের “ব্ল্যাকমেইল করতে দেবে না”।

    তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

    ইরান বিষয়ে "দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে"- উল্লেখকরেন তিনি। তবে এই সংঘাত নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেননি।

  10. যুদ্ধের শেষ পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ ইরান, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।

    বিবৃতিতে বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

  11. লেবাননে গুলির মুখে পড়ার দাবি জাতিসংঘের টহল দলের, একজনের মৃত্যুর খবর

    লেবাননের দক্ষিণাঞ্চলে আজ সকালে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের ওপর হামলার খবর পাওয়া গেছে।

    এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সড়কে বিস্ফোরক সরানোর সময় তাদের একটি টহল দল “রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র পক্ষের হালকা অস্ত্রের গুলির মুখে পড়ে”।

    বাহিনীটি লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দ্রুত তদন্ত শুরু করে এবং সংঘটিত অপরাধের জন্য দায়ীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনে।

    লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, হামলার ঘটনায় তিনি ‘তাৎক্ষণিক তদন্ত’ শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়ে সালাম কিছু বলেননি।

    এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক্সে পোস্ট করে জানিয়েছেন, লেবাননে ইউনিফিল মিশনে অংশ নেওয়া একজন ফরাসি সৈন্য আজ সকালে দেশটির দক্ষিণে নিহত হয়েছেন।

    তিনি বলেন, এই হামলায় আরও তিনজন সৈন্য আহত হন এবং তাদের উদ্ধার করা হয়।

    তিনি আরও যোগ করেন, প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হচ্ছে যে হেজবুল্লাহ এই ঘটনার জন্য দায়ী। তিনি লেবাননের কর্তৃপক্ষকে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান।

  12. ওমানের কাছে ‘অজ্ঞাত প্রজেক্টাইল’-এর শিকার কনটেইনার জাহাজ: ইউকেএমটিও

    ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে একটি ঘটনার বিষয়ে তারা নতুন তথ্য পেয়েছে।

    সংস্থাটি বলছে, একটি কনটেইনার জাহাজে একটি অজ্ঞাত বস্তু বা ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে জাহাজটির কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ইউকেএমটিও আরও জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  13. ইরানের সর্বোচ্চ নেতার বার্তায় ‘শত্রুদের’ জন্য সতর্কতা, তবে নেই হরমুজ প্রণালির কথা, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি পার্সিয়ান

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের গণমাধ্যম আজ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে প্রকাশিত সর্বশেষ লিখিত বার্তাটি প্রকাশ করেছে।

    ইরানে সেনা দিবস উপলক্ষে দেওয়া ওই বার্তায় সম্প্রতি ইরানি কর্মকর্তাদের আলোচনায় থাকা দুইটি বিষয়—হরমুজ প্রণালি ও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা—সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

    বার্তার এক অংশে ‘শত্রুদের’ সতর্ক করে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর নৌসেনারা তাদের ‘নতুন পরাজয়ের তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত—এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

    আগের উদাহরণগুলোর মতোই, এটি ছিল মোজতবা খামেনির একটি লিখিত বার্তা। মার্চের শুরুতে সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি।

  14. ইরানি নৌবাহিনীর রেডিও বার্তায় প্রণালি বন্ধের ঘোষণা—প্রতিবেদন

    শিপিং খাতের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কিছু বাণিজ্যিক জাহাজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে, যাতে বলা হয়েছে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।

    সূত্রগুলো আরও জানায়, ইরানি নৌবাহিনী ট্যাংকারগুলোকে জানিয়েছে যে প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।

    এদিকে, অন্তত একটি ট্যাংকার বলেছে যে তারা প্রণালিতে আইআরজিসির গানবোটের গুলির মুখে পড়েছে।

  15. সরকারের দুই মাসে ৬০টি পদক্ষেপ নেওয়ার তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের

    সংবাদ সম্মেলনে মাহদী আমিন

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে মাহদী আমিন

    বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

    ঢাকায় শনিবার একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র সরকারের নেওয়া নানা পদক্ষেপের বর্ণনা তুলে ধরেন।

    এসব পদক্ষেপের মধ্যে ৫৪টি জেলায় খাল খনন শুরু, স্বাস্থ্যকর্মী নিয়োগ, এমপিদের জন্য প্লট ও শুল্কমুক্ত গাড়ি না নেওয়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুয়েল কার্ড, হজ কার্ড চালুর পাশাপাশি প্রবাসী কার্ড, ই হেলথ কার্ড চালুর মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

  16. ইরানি গানবোটের গুলির মুখে ট্যাংকার, বলছে ইউকেএমটিও

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, UKMTO

    ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, হরমুজ প্রণালিতে থাকা একটি ট্যাংকার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে। ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে।

    এদিকে আলাদাভাবে, অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে যে প্রণালি পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে—বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনটি সূত্র।

  17. হরমুজ প্রণালি নিয়ে ২৪ ঘণ্টায় একের পর এক ঘোষণা

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষ থেকেই এসেছে একের পর এক বড় ঘোষণা, যেগুলো অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী বার্তা দিয়েছে।

    গতকাল থেকে পরিস্থিতি কীভাবে বদলেছে, তার একটি সংক্ষিপ্ত সময়রেখা নিচে তুলে ধরা হলো।

    ইরানেরপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

    শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ১টার দিকে (বাংলাদেশ সময় প্রায় সন্ধ্যা ৭টা), ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ লিখেন, হরমুজ প্রণালি “যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে খোলা ঘোষণা করা হলো”।

    ট্রাম্পেরপ্রতিক্রিয়া

    এর কয়েক মিনিট পরই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে “ধন্যবাদ” লিখে পোস্ট করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে, “যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন হয়”।

    ফ্রান্সযুক্তরাজ্যেরমিশনঘোষণা

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রায় ৪০টি দেশের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর জানান, —“পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই” তারা নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবেন।

    ট্রাম্পেরদাবিকেমিথ্যাবলেন ইরানি পার্লামেন্টের স্পিকার

    কয়েক ঘণ্টা পর, গ্রিনিচ মান সময় রাত ১০টা ১৪ মিনিটে, মোহাম্মদ বাঘের কালিবাফ এক্স-এ লেখেন, ট্রাম্প “এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন, যার সবকটিই মিথ্যা”।

    তিনি আরও বলেন, “(যুক্তরাষ্ট্রের) অবরোধ অব্যাহত থাকলে” প্রণালিটি “খোলা থাকবে না”।

    কিছুজাহাজপ্রণালিপারহয়েছে

    ট্র্যাকিং সাইট মেরিনট্র্যাফিকের তথ্য বলছে, শনিবার কিছু জাহাজকে ওই জলপথ দিয়ে চলাচল করতে দেখা গেছে।

    ইরানেরসামরিক বাহিনীরআবারপ্রণালিবন্ধেরঘোষণা

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৮টার দিকে ইরানের সেনাবাহিনী জানায়, তারা হরমুজ প্রণালির ওপর পুনরায় নিয়ন্ত্রণ নিচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানায়, ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের দায়বদ্ধতা পূরণ করেনি এবং “যাতায়াতের জন্য ইরানের অনুমতি প্রয়োজন”।

    জাহাজগুলোরদিকপরিবর্তন

    এর কিছুক্ষণ পরই মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী দেখা যায়, একাধিক জাহাজ দিক পরিবর্তন করে নিজেদের যাত্রা শুরুর বন্দরের দিকে ফিরে যাচ্ছে।

  18. ইরান ৫০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

    ইরানের ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়টি দেখানো হয়েছে একটি গ্রাফে

    ছবির উৎস, NetBlocks

    ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস-এর তথ্য অনুযায়ী, ইরানে সরকার আরোপিত ডিজিটাল শাটডাউন ৫০তম দিনে গড়িয়েছে।

    এক্স-এ দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, সাত সপ্তাহ ধরে ইরান কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং পরাস্পরের সঙ্গে যুক্ত বর্তমান সমাজ ব্যবস্থায় এ ধরনের ব্ল্যাকআউট “নজিরবিহীন”।

    তবে বিবিসি অ্যারাবিক শুক্রবার জানায়, যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

    প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে। তবে সেবাগুলো এখনো ঝামেলাহীন নয়।

    ইরানে ইন্টারনেটে সংযুক্ত থাকার জন্য সাধারণ নাগরিকদের বড় অঙ্কের খরচ বহন করতে হচ্ছে—এর মধ্যে রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট, যেমন স্টারলিংক বা এল ধরনের সেবা ব্যবহারকারীরা।

    স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রতি গিগাবাইট ডেটার দাম প্রায় ছয় ডলার পর্যন্ত পৌঁছেছে—যা এমন একটি দেশের জন্য অত্যন্ত বেশি, যেখানে গড় মাসিক আয় ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে বলে ধারণা করা হয়।

    ইরানে স্টারলিংক ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুদ্ধ শুরুর পর থেকে কর্তৃপক্ষ শত শত ডিভাইস জব্দ করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

  19. পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কার’ প্রথা থাকছে না, জানালেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী

    এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী

    বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    তিনি জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া (ডিউ প্রসেস) ছাড়া কাউকে বহিষ্কার করা আইনসম্মত নয়। শিক্ষা বোর্ডের পুরনো এ সংক্রান্ত নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

    ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি এবং দোসরা জুলাই থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ অংশীজনদের সঙ্গে আয়োজিত একটি বৈঠক শেষে তিনি এ কথা বলেন বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    শিক্ষামন্ত্রী বলেন, “নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন দিয়ে আমরা যখন পরীক্ষা পরিচালনা করেছিলাম, সেখানেও এমন কোনো নিয়ম ছিল না। এটি সম্পূর্ণ আইনবিরুদ্ধ”।

    “কাউকে শাস্তি দিতে হলে ডিউ প্রসেস বা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। আপনি পরীক্ষা কক্ষে নকল করেছেন কি করেননি, তা সেখানেই প্রমাণিত হতে হবে। নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,” বলেনতিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নীরব বহিষ্কার’ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়া উদ্বেগ ও শঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালাটি ১৯৬১ সালের তৈরি করা। নীতিমালার পুরনো কোনো অসংগতিপূর্ণ কপি থেকে এই বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে দ্রুত একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান মন্ত্রী।

  20. ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার খবর

    তেহরানের আকাশে একটি হেলিকপ্টার উড়ছে

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, যুদ্ধ শুরুর পর থেকে ইরান তার আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রেখেছিল

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইরান আংশিকভাবে তাদের আকাশসীমা পুনরায় খুলেছে।

    ইরনা জানায়, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে—স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা ও একাধিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে এবং আজ থেকেই ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।

    তারা আরও জানায়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশের পূর্বাঞ্চলের ওপর দিয়ে আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে।

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ ছিল।