আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, শান্তি আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা করতে পাকিস্তানে এসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। অন্যদিকে একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে ইসরায়েল ও লেবাননের। সর্বশেষ খবর ও বিশ্লেষণ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন ইরান ও যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে আলোচনা করবে

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইসলামাবাদে জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র “গঠনমূলকভাবে আলোচনা করবে”

    তিনি পুনর্ব্যক্ত করেছেন যে পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

  2. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছেছেন

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে বলে বিবিসিকে জানিয়েছে বিমানের একটি সূত্র।

    বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।

    আজ জেডি ভ্যান্সের ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। যেখানে তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

    ভ্যান্স ও তার আলোচক দল গতকাল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন এবং “আলোচনায় অংশ নিতে আগ্রহী”।

    তিনি আরো বলেন, “যদি ইরান আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত।”

    তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তা গ্রহণ করবে না এবং আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।

    মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমান এয়ারফোর্স টু তার বিমান, পাকিস্তানের পথে যাওয়ার পথে জ্বালানি নেওয়ার জন্য ফ্রান্সের প্যারিসে যাত্রাবিরতি নেয়।

  3. "আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আস্থা নেই"

    ইসলামাবাদে আসার সময় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, “আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি না।”

    এর কারণ হিসেবে তিনি বলেন, “এক বছরেরও কম সময়ে দুইবার আলোচনা চলাকালীন সময়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।”

    ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কালিবাফ বলেন,"আমেরিকা যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে ইরানও চুক্তির জন্য পূর্ণ প্রস্তুতি দেখাবে।”

    তবে তিনি সতর্ক করে বলেন, "ওয়াশিংটন যদি এই আলোচনাকে নিছক শক্তি প্রদর্শন বা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তেহরান তার সক্ষমতার ওপর নির্ভর করে ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত থাকবে।”

    তিনি বলেন, , "এটি প্রমাণ করে যে ইরান তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।"

  4. ইসলামাবাদে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের বিমানের নাম ‘মিনাব ১৬৮’

    ইরানি সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের বিমানটির নাম সাম্প্রতিক হামলার একটি ঘটনার সঙ্গে যুক্ত করে রাখা হয়েছে।

    ইরানি কর্তৃপক্ষের দাবি, “মিনাব ১৬৮” বলতে বোঝানো হচ্ছে সেই ১৬৮ জন ইরানি নাগরিকদের, যারা ২৮শে ফেব্রুয়ারির একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন। যাদের মধ্যে শিশুরাও ছিল।

    ওই হামলায় মিনাব শহরের শিশুদের স্কুল “শাজরায়ে তাইয়েবা” ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়।

    মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী অনিচ্ছাকৃতভাবে ওই হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগেই বলেছেন, ঘটনাটির তদন্ত চলছে।

    পাকিস্তানে অবতরণের পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি শেয়ার করেন। ছবিতে বিমানের আসনে চারটি শিশুর ছবি রাখতে দেখা যায়, যেগুলোর পাশে স্কুল ব্যাগ ও ফুল রাখা ছিল।

    গালিবাফ পোস্টে লিখেন, “এই ফ্লাইটে তারা আমার সহযাত্রী।”

  5. পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে চারটি জরুরি বিষয়

    শনিবার নির্ধারিত শান্তি আলোচনা সামনে রেখে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেয়া জরুরি:

    ১. পাকিস্তান গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির ইরানকে “অন্যদের তুলনায় অনেক ভালো বোঝেন”।

    ২. ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছে, এই প্রস্তাবকে তিনি “আলোচনার জন্য কার্যকর ভিত্তি” হিসেবে বর্ণনা করেছেন।

    ৩. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একটি ১৫ দফা প্রস্তাবের কথা উল্লেখ করেছেন, যা এই সংঘাতের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন ট্রাম্পের প্রধান আলোচকরা।

    ৪. কোনো প্রস্তাবই এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও উভয় পক্ষের প্রস্তাবের কিছু অংশ ফাঁস হয়েছে বলে খবর রয়েছে। তবে বিবিসির কূটনৈতিক সংবাদদাতাদের মতে, দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে।

    এদিকে, লেবাননে ইসরায়েলের হামলা শান্তি আলোচনার নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    বুধবার দেশটির সামরিক বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

    শুক্রবার সন্ধ্যায় লেবানন জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে ইসলামাবাদে যাচ্ছেন।

    তার সঙ্গে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার।

  6. ট্রাম্প বলছেন ‘বিকল্প পরিকল্পনার দরকার নেই’, তবে ভ্যান্সকে ‘শুভকামনা’

    ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে কী বলেছেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি তাকে শুভকামনা জানিয়েছি।”

    তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা একবারেই শেষ হবে নাকি সামনের দিনগুলোয় চলতে থাকবে, তা তিনি নিশ্চিত নন।

    বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বিকল্প পরিকল্পনার দরকার নেই।”

    আরেকজন সাংবাদিক জানতে চান, তার দৃষ্টিতে ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে?

    ট্রাম্প জবাবে বলেন, “কোনো পারমাণবিক অস্ত্র নয়।” তিনি আরো বলেন, তার মতে ইরানে ইতোমধ্যেই “শাসনব্যবস্থার পরিবর্তন” হয়েছে।

    তিনি আরো দাবি করেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। যদিও তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এর প্রয়োজন নেই।

    “আমরা খুব শিগগিরই এটি খুলে দেব,” তিনি বলেন।

    প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলোর ওপর ইরান শুল্ক আরোপ করতে পারে, এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, “আমরা তা হতে দেব না।”

  7. শান্তি আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদের পথে

    যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে যুদ্ধের সমাধান খোঁজার ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

    মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন এবং শনিবার সকালে ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

    অন্যদিকে, ইরান এই আলোচনার জন্য তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ইসলামাবাদে পাঠিয়েছে।

    মোহাম্মদ বাকির কালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে পাকিস্তানের রাজধানীতে এসে পৌঁছায়।

    নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে মনোনীত করেছেন।

    এদিকে, শাহবাজ শরীফ শুক্রবার রাতে বলেছেন যে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে পূর্ণ আন্তরিকতার সাথে আলোচনা সফল করার চেষ্টা করবে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে বলেই ধারণা করা হচ্ছে, কারণ তারা গত এক বছরে দুইবার আলোচনা করেছে এবং দুইবারই প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে গেছে।

  8. গতকালের কিছু উল্লেখযোগ্য খবর

    • শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভান্স থাকবেন আলোচনার কেন্দ্রে।
    • ইরানের দুটি শর্ত এখনো পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
    • পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সবলেছেন, ইরান “সৎভাবে” এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি “সহযোগিতার হাত বাড়িয়ে দেবে”।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা ঘিরে পাকিস্তান প্রস্তুতি নিলেও, ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
    • ইরানের ১০ দফা পরিকল্পনাই পাকিস্তানে আসন্ন আলোচনার ভিত্তি হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।
    • মধ্যপ্রাচ্যেরদেশগুলোতে তিন দিনের সফর শেষ করে কাতার ত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সফর শেষে স্টারমার বলেন, "এই সংঘাত “প্রজন্ম ধরে আমাদের সংজ্ঞায়িত করবে, আর আমাদের তার জবাব দিতে হবে, দৃঢ়ভাবে” দিতে হবে।"
    • ইরানে যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।
    • শর্তসাপেক্ষ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এমন প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানে আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    • যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা—বিবিসিকে জানিয়েছে লেবানন
    • রাতভর ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে, আর সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রকেট নিক্ষেপ করেছে যার ফলে তেল আভিভসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।
    • বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল জাতীয় সংসদে পাস হয়েছে। প্রস্তাবিত বিলের দুটি ধারায় সংশোধন আনা হয়েছে। শেষ মুহূর্তে এই সংশোধনী আনায় সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
    • ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে বিজেপি যদি সরকার গঠন করে, তাহলে তারা 'জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে' বলে ঘোষণা দিয়েছে।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে