শুক্রবার ১০ই এপ্রিলের উল্লেখযোগ্য খবর
- শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।
- পদে বসার পর সবচেয়ে কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভান্স থাকবেন আলোচনার কেন্দ্রে।
- ইরানের দুটি শর্ত এখনো পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
- পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সবলেছেন, ইরান “সৎভাবে” এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি “সহযোগিতার হাত বাড়িয়ে দেবে”।
- যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনা ঘিরে পাকিস্তান প্রস্তুতি নিলেও, ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
- ইরানের ১০ দফা পরিকল্পনাই পাকিস্তানে আসন্ন আলোচনার ভিত্তি হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।
- মধ্যপ্রাচ্যেরদেশগুলোতে তিন দিনের সফর শেষ করে কাতার ত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সফর শেষে স্টারমার বলেন, "এই সংঘাত “প্রজন্ম ধরে আমাদের সংজ্ঞায়িত করবে, আর আমাদের তার জবাব দিতে হবে, দৃঢ়ভাবে” দিতে হবে।"
- ইরানে যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি।
- শর্তসাপেক্ষ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এমন প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানে আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা—বিবিসিকে জানিয়েছে লেবানন
- রাতভর ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে, আর সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ রকেট নিক্ষেপ করেছে যার ফলে তেল আভিভসহ বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়।
- বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল জাতীয় সংসদে পাস হয়েছে। প্রস্তাবিত বিলের দুটি ধারায় সংশোধন আনা হয়েছে। শেষ মুহূর্তে এই সংশোধনী আনায় সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
- ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে বিজেপি যদি সরকার গঠন করে, তাহলে তারা 'জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে' বলে ঘোষণা দিয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষন জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...