আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরান হামলা করলে 'ভয়াবহ' হামলার হুমকি ট্রাম্পের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইরান যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালায়, তাহলে ইরানের ওপর 'ভয়াবহ' হামলার হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ‘বৈঠক করার সময়’ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

    ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

    খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

    ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা “একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়” নিহত হন।

  2. দুবাই ও ইসরায়েলে ক্ষয়ক্ষতির কিছু ছবি

    ইরান রাতভর ও আজ সকালে দুবাই ও ইসরায়েলে হামলা চালিয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির ছবি আসতে শুরু করেছে।

    দুবাইতে ইরানের লক্ষ্যবস্তুতে ছিল ইমিরেটস আন্তর্জাতিক বিমানবন্দর।

    এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শনিবার সন্ধ্যায় তেলআভিভের কিছু আবাসিক ভবনে আঘাত করেছে।

  3. শিগগিরই গঠিত হচ্ছে ইন্টেরিম লিডারশিপ কাউন্সিল: আলী লারিজানি

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রেকর্ড করে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, আজই একটি সাময়িক লিডারশিপ কাউন্সিল গঠনের চেষ্টা হচ্ছে এবং সংবিধান অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মি. লারিজানি বলেন সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা আছে যে কোনো কারণে নেতা না থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করবেন।

    সেটাই যত শিগগির সম্ভব করা হবে বলে জানান তিনি।

  4. ইরানের স্পিকার বললেন- 'ট্রাম্প ও নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে, মূল্য দিতে হবে'

    ইরানি টেলিভিশনে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার হয়েছে।

    মি. গালিবাফ তার রেকর্ড করা বার্তায় বলেছেন, “ট্রাম্প ও নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের মূল্য দিতে হবে”।

    “আমরা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পরের জন্য পরিকল্পনা করা হয়েছে,” বলেছেন তিনি।

  5. খামেনির সমর্থকদের রাস্তায় নামার খবর সরকারি বার্তা সংস্থায়

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘোষণার পর তার কিছু সমর্থক রাস্তায় নেমে এসেছেন বলে খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো।

    মাশাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে।

    ফার্স নিউজ এজেন্সি বলেছে ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানে লোকজন রেভোলিউশন স্কয়ারের দিকে যেতে শুরু করে।

    এটাও সত্যি যে খামেনির সমর্থকদের একটি বড় অংশকেই প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি।

  6. খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদ সদস্যের প্রথম বার্তা

    গোলাম হোসেইন মোহসেনি-ইজেই ইরানের বিচার বিভাগের প্রধান। তিনি এখন ইন্টেরিম কাউন্সিল বা অন্তর্বর্তী পরিষদের একজন সদস্য। এই পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দায়িত্ব পালন করছে।

    ইরনা জানিয়েছে, গোলাম হোসেইন মোহসেনি-ইজেই তার প্রথম বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ‘মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না’।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি। তারাও গতকালের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।

    ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।

  7. ‘আগে কখনো হয়নি এমন শক্তি প্রয়োগের’ হুমকি ডোনাল্ড ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন।

    নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: “ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচন্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!”

    ইরানের বিপ্লবী গার্ডের যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বিবৃতি দিলেন।

    "অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে,” কয়েক ঘণ্টা আগে তারা বলেছে।

  8. আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

    বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।

    তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে।

    এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

    সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়।

    এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্তেও তার মতামত দরকার হয়।

    এ নিয়ে বিবিসির রিপোর্টটি পড়তে পারেন এখানে।

  9. খামেনির মৃত্যুতে ইরানে একদিকে শোক, অন্যদিকে আনন্দ করছে মানুষ

    ইরানের কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে।

    বিবিসি ফার্সি সার্ভিস গত রাতে কয়েকটি শহরে এমন উদযাপনের ভিডিও যাচাই বাছাই করে দেখেছে।

    অন্যদিকে, রোববার সকালে রাস্তায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতেও দেখা গেছে বলে ফার্সি সার্ভিস খবর প্রকাশ করেছে।

    যদিও দেশটিতে এখনো খুব সকাল এবং দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

    মধ্য ইরানের ইশফাহান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে লোকজন আনন্দ করছে ও গাড়ির হর্ণ বাজিয়ে উল্লাস করছে।

    আরেকটি ভিডিওতে দেখা যায়, আতশবাজির আলোয় রাতের আকাশ আলোকিত এবং মানুষজন এক জায়গায় আগুনের চারপাশে জড়ো হয়েছে।

    নিহত বিক্ষোভকারীদের কারো কারো পরিবারও রাস্তায় এবং নিজেদের বাড়িতে এ খবর উদযাপন করেছে।

    তেহরানের কাছে কাজারেও লোকজন উল্লাস করছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    অন্যদিকে, রাজধানী তেহরানের রাস্তায় খামেনির ছবি নিয়ে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে লোকজনকে।

    আরো পড়তে পারেন:

  10. খামেনির মৃত্যুকে স্বাগত জানালেন রেজা পাহলভী

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির শেষ শাহ-এর (রাজা) নির্বাসিত পুত্র রেজা শাহ পাহলভী।

    ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এই জন্য যে, তিনি ইরানের জনগণের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।”

    মি. পাহলভি লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামি প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে, বিশ্বজুড়ে সংঘাত উস্কে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে।

    তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সবচেয়ে ‘জঘন্য অপরাধ’ সংঘটিত হয়েছে দেশের ভেতরেই, যার মধ্যে আছে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা।

    পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

    “ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে। কিন্তু এমন সময় আসে, যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে,” লিখেছেন তিনি।

    আরো পড়তে পারেন:

  11. ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করলো সরকারি বার্তা সংস্থা

    ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে বার দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

    কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

    ইরান-ইরাক যুদ্ধের সময়, তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

    মি. শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

    পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

  12. ইরানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮

    ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপকেষ ১০৮ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি "আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়"।

    স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল।

    তবে স্কুলে হামলার বিষয়টি ওই দুই দেশের দিক থেকে নিশ্চিত করা হয়নি।

    ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আর ৭৪৭ জন আহত হয়েছে।

    রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।

  13. ছবিতে ইরান: ভয়, আতঙ্ক ও উদযাপন, হামলা চলছে

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে।

    হামলায় ইতোমধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

  14. প্রেসিডেন্ট ও অন্য দুজন অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন, ইরানের ঘোষণা

    ইরান ঘোষণা করেছে যে দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী অন্তর্বর্তী সময় তত্ত্বাবধান করবেন।

    ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতোল্লা আলি খামেনেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।

    অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন।

    দেশটির সংবিধান অনুযায়ী এটি তাদের দ্রুতই করতে হবে।

    তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।

    রুহুল্লা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।

    আরো পড়তে পারে:

  15. এখন পর্যন্ত যা যা জানা গেছে:

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতি বিভিন্ন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

    একজন উপস্থাপক কান্নাজড়িত কণ্ঠে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছেন। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ নতুন সর্বোচ্চ নেতা মনোনীত করবেন বলে আশা করা হচ্ছে।

    রেডক্রিসেন্ট জানিয়েছে, দুশোর বেশি বেসামরিক মানুষ হামলায় মারা গেছে। আর বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজের খবরে বলা হয়েছে প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।

    এদিকে, রোববার সকাল থেকে তেহরানে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

    ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করেছে। এর মধ্যে আছে দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন ‘খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন এবং তার মৃত্যু ইরানের জনগণের জন্য নিজেদের দেশটিকে পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ।’।

  16. সকালে তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ

    তেহরানে এখন ভোরের সূর্য উঠছে, এর মধ্যেই গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

    শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রাণঘাতী হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের রাজধানী শহরটি।

    ডোনাল্ড ট্রাম্প বোর্মা বর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যদিও আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন।

    ঘণ্টা খানেক আগে, ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যায় মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

    ওই পোস্টে বলা হয়েছে: “নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড এখন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”

    ওদিকে, আইডিএফ সবশেষ বলেছে, “ইসরায়েলি বিমান বাহিনী ইরানজুড়ে ইরানি সন্ত্রাসী শাসনের আওতায় থাকা ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, শাসন সংশ্লিষ্ট বিভিন্ন টার্গেট এবং সামরিক কমান্ড সেন্টার।”

    আরো পড়তে পারে:

  17. ইরানি রাষ্ট্রীয় টিভি: খামেনি তার অফিসেই মারা গেছেন

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময়েই নিহত হয়েছেন।

    স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে এর আগেই বিবিসি ভেরিফাই লিডারশিপ হাউজ কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছিল।

    এটিই তেহরানে খামেনির কার্যালয় ছিল।

    ইসলামিক রেভল্যুউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাথে যোগসূত্র আছে এমন সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে গেছেন বলে যেসব খবর দেওয়া হচ্ছিল সেগুলো ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই’।

  18. 'বিধ্বংসী আক্রমণ' সম্পর্কে সতর্ক করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর

    বিবিসি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর থেকে একটি বিবৃতি পেয়েছে, যেখানে সতর্ক করা হয়েছে যে তারা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালাবে।

    বিবৃতিতে বলা হয়েছে, "অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।"

    এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    কান্নাবিজড়িত কন্ঠে এক ঘোষণায় রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান।

    এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর মি. খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    আরো পড়তে পারে:

  19. খামেনির উত্তরসূরী কে হবেন, তার কোনো উল্লেখ নেই

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বিবৃতি প্রচার করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন।

    তবে ওই বিবৃতিতে ৮৬ বছর বয়েসী মি. খামেনি কিভাবে মারা গেলেন এবং কে তার দায়িত্ব নিতে যাচ্ছে সেসব নিয়ে কিছু বলা হয়নি।

    সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞমণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে ৮৮ জন ধর্মীয় নেতার একটি পরিষদ।

    ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতোল্লা আলি খামেনেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।

    এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি আট বছর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটির অনুমোদনের ওপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা।

  20. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মারা গেছেন খামেনির মেয়ে, জামাই ও নাতি

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও মারা গেছেন।

    এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পূত্রবধুও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

    এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মি. খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানায়।

    ওদিকে, বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে।

    তবে, এটা পরিস্কার নয় যে ওই কর্মকর্তারা একাধিক জায়গায় নাকি একটি জায়গাতেই অবস্থান করছিলেন।

    তারা দাবি করেছে মি. খামেনি ছাড়াও ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রী হামলায় মারা গেছেন।