আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে: সালাহউদ্দিন আহমদ

১২ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতির জন্য আবেদন করেছেন ভিসি নিয়াজ আহমেদ খান। এদিকে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যাতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। দিনের উল্লেখযোগ্য খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত

    বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি।

    “বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোন দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে” বলেন মি. ওয়েন।

    চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে মি. ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত।

  2. ১৪ই এপ্রিলের আগে বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে

    বগুড়া - ৬ ও শেরপুর - ৩ আসনের নির্বাচন ১৪ই এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    রোববার নির্বাচন কমিশনে এ কথা জানান তিনি।

    বিএনপি চেয়ারম্যান বগুড়া - ৬ আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর ৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের ভোট বাতিল করে ইসি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।

    একইসাথে সংরক্ষিত নারী আসনের তফসিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মি. মাছউদ জানান, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যেসব প্রার্থী মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলোর প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে।

    “বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে” বলেন তিনি।

  3. ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে: সালাহউদ্দিন আহমদ

    ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার সচিবালয়ে এ কথা জানান তিনি।

    মি. আহমদ জানান, “১২ ই মার্চ সংসদ অধিবেশন বসবে বলে নির্ধারিত হয়েছে। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টেরিম গভর্মেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।”

  4. আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান, বহু হতাহত হওয়ার দাবি তালেবানের

    আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।

    ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর এই হামলা চালানো হয়েছে।

    এই হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তান বলেছে, একাধিক বেসামরিক বাড়ি ও একটি ধর্মীয় স্কুলকে লক্ষ্য করে হামলা করেছে পাকিস্তান।

    তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাঙ্গরহার এবং পাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    নাঙ্গরহারের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়েছে। এর ফলে এই পরিবারের শিশু ও নারীসহ প্রায় ২০ জন নিহত হয়েছেন।

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, তারা “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী শিবির এবং আস্তানায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।”

  5. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান।

    রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দেখা করে মি. আহমদ উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে জনসংযোগ দফতর।

    উল্লেখ্য, গত ১০ই ফেব্রুয়ারি মি. খান তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলে মন্তব্য করেছিলেন।

  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে