প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এদিকে, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটেছে

    • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • তারেক রহমানকে নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
    • বিএনপি সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তোলেন। এটা একটি অলিখিত বিধির মাধ্যমে। ওই টাকা আবার তারা নিজেদের কল্যাণেই ব্যয় করেন। এটা চাঁদা আকারে দেখার সুযোগ হচ্ছে না।
    • "যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ আপনি কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন করেছেন? " প্রশ্ন করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর করা চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে।
    • সিলেটে আজ ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
    • সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেফতার করে।
    • মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
    • ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
    • ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার দফতরে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

    বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ-যুক্তরাজ্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিয়ার স্টারমার।

    বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির বিষয়ে উল্লেখ করছেন।

    এছাড়া মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও তাদেরকে সহায়তায় বাংলাদেশের চেষ্টার প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের কথাও বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

  3. বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

    বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদ

    ছবির উৎস, বাসস

    ছবির ক্যাপশান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদ

    রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত আজ এক আদেশে এ কথা বলা হয়।

    এতে বলা হয়েছে, "সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।"

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন: প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক।

    এছাড়া গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশে আরও বলা হয়, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

    তদন্ত শেষে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

  4. 'সমঝোতার ভিত্তিতে টাকা তুললে সেটিকে চাঁদা আকারে দেখার সুযোগ নেই'

    সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম
    ছবির ক্যাপশান, সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম

    নতুন বিএনপি সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছু মন্তব্য করেছেন।

    তিনি বলেছেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তোলেন। এটা একটি অলিখিত বিধির মাধ্যমে। ওই টাকা আবার তারা নিজেদের কল্যাণেই ব্যয় করেন।

    তিনি উল্লেখ করেন, চাঁদা ওইটাকে বলা যায়, যা কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, "মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় তা জানি না, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু সমঝোতার ভিত্তিতে তারা এটা করে, সেখানে যে মালিক বা দল ক্ষমতায় থাকে, তারা প্রাধান্য পায়। এটা চাঁদা আকারে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। তবে চাঁদাবাজি যদি কেউ করতে আসে, সেই সুযোগ নেই।"

  5. গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

    নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম

    "যদি গণভোট বাতিল হয়ে যায়, তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। কারণ আপনি কোন সংবিধান অনুযায়ী এই নির্বাচন করেছেন? " প্রশ্ন করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।'

    আজ ১৯শে ফেব্রুয়ারি ঢাকার বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি সরকারি দল বিএনপিকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে আহ্বান জানান। তার ভাষায়, "অধিবেশন ডাকা হোক, তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিক।"

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, "তা সত্ত্বেও আমরা গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছি।"

    এসময় বিএনপি'র বিরুদ্ধে দেশের মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আনেন নাহিদ ইসলাম,

    তিনি বলেন, "জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ গ্রহণ করেছি। কিন্তু শপথ গ্রহণের প্রথমদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সাথে, সংস্কারের পক্ষের মানুষদের সাথে এক ধরনের প্রতারণা করেছে।"

  6. ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?

    ক্রিকেট

    ছবির উৎস, Getty Images

    জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জন্য কার্যকর করা চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে।

    বিসিবি সব মিলিয়ে খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে। এ+, এ, বি, সি ও ডি।

    দেখা গেছে, এবার এবার ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

    ‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন আট লাখ টাকা।

    ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। এই ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

    ‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে চার লাখ টাকা।

    সব চেয়ে কম বেতনের ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন তিন লাখ। এই তালিকায় আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান।

    চলতি বছরের জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।

  7. সিলেটে ভূমিকম্প অনুভূত

    বাংলাদেশে গত নভেম্বরে পাঁচের বেশি মাত্রার ভূমিকম্পের পর অনেক ভবনে ফাটলের তথ্য জানা যায় (প্রতীকী ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    সিলেটে আজ ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক।

    আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকে। আর ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

    ভূমিকম্প নিয়ে আরও পড়তে পারেন...

  8. ব্রিটেনের অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর গ্রেফতার

    অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর

    সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

    সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে আজ সকালে টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেফতার করে। আজই তার ৬৬তম জন্মদিন।

    তিনি পুলিশের হেফাজতে আছেন এবং তারা বার্কশায়ার ও নরফোকে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।

    টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন একটি তদন্ত শুরু হয়েছে।

    দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনো গ্রেফতার করা হয়নি।

    ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

  9. প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে চিঠি লিখেছেন

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে চিঠি লিখেছেন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে মার্কিন জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    স্থানীয় সময় ১৮ই ফেব্রুয়ারি তারেক রহমানের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।

    চিঠিতে তিনি তারেক রহমানের সফলতা কামনা করেন এবং বলেন যে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

    ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকার হবে।

    মার্কিন প্রেসিডেন্ট প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আরও বলেন, ‘আমি আরও আশা করি, আপনি প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’

  10. রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ, মাংস দেবে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী

    আজ সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    ছবির উৎস, বাসস

    ছবির ক্যাপশান, আজ সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

    মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়।

    আজ বৃহস্পতিবার সকালে মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

    তিনি বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এই ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

    ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

  11. ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে, জানালেন পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল।
    ছবির ক্যাপশান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল

    ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

    আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়, যে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

    তার ভাষায়, "বিএনপি'র নির্বাচনী ম্যানিফেস্টোতে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। সেটা কার্যকর কীভাবে করবে, তা নিয়েই আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে...এটুকু আমি জানি"।

    ফ্যামিলি কার্ড কত পরিবারকে দেওয়া হবে- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, "এটা ইউনিভার্সাল, এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। একটা কমিটি করা হয়েছে। হয়তো হতদরিদ্র পরিবার থেকে আরম্ভ করে দরিদ্র, মধ্যবিত্ত...এভাবে যাবে"।

  12. ইংলিশ মিডিয়াম স্কুলকে 'রেগুলেটরির আন্ডারে' আনতে হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
    ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নীতিমালার আওতায় আনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    "আমরা আমাদের সময়ে হেরিটেজ, কালচার, হিস্ট্রি, রিলিজিওন্সকে গুরুত্ব দিয়ে বাংলাপিডিয়াতে অন্তর্ভুক্ত করেছিলাম। কিন্তু আমরা তখন ওদেরকে (ইংলিশ মিডিয়ামকে মন্ত্রণালয়ের) রেগুলেটরিতে আনতে পারিনি। সেই সময় এই উদ্যোগটা নিয়েও নেওয়া হয়নি। সেটা ভিন্ন গল্প। এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে কীভাবে মন্ত্রণালয়ের রেগুলেটরির আন্ডারে আনা যায়, সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে," মন্তব্য করেছেন তিনি।

    আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

    এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "প্রত্যেকটি স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিল পারমিসেবল। তবে তাদের কীভাবে রেগুলেটরির আন্ডারে আনা যায়, সে বিষয়েও আমরা আগামীতে উদ্যোগ নেবো"।

    এসময় তিনি আরও জানান যে তারা শিগগিরই কারিকুলাম বা পাঠ্যক্রম রিভিউ করবে।

    "যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন, সেটা আমরা করবো। সেজন্য আমাদের ইন্টার্নাল প্রিপারেশন নিতে হবে। যারা কারিকুলাম এক্সপার্ট রয়েছে, তাদের মধ্যেও সমন্বয় সাধন করা লাগবে," তিনি বলেন।

  13. দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল

    দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

    ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন চাপিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে।

    তার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ৩০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

    ওই সময় বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ংকে আটক করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার অভিযোগেও ইউনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    এছাড়া সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উনকে ১৮ বছরের কারাদণ্ড, সাবেক পুলিশ প্রধান চো জি-হোকে ১২ বছরের কারাদণ্ড এবং সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিককে ১০ বছরের এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    আদালত বলেছে, আসামিরা এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন।

    উল্লেখ্য, এই রায় সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুর রায়ের পর এলো, যাকে গত মাসে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

  14. প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিন বাহিনী প্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিন বাহিনী প্রধান

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিন বাহিনী প্রধান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে তার দফতরে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

    গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় হয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার শপথের মাধ্যমে দায়িত্ব নিয়েছে নতুন মন্ত্রিপরিষদ।

    প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর আজ তার সঙ্গে প্রথম বৈঠক করলেন তিন বাহিনী প্রধান।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে