বুধবার সারাদিন যা যা ঘটেছে
- বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর ফলে বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু হচ্ছে। বুধবার দিবাগত ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানরা রোজা রাখতে শুরু করবেন।
- সরকারি-বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯শে ফেব্রুয়ারি থেকে ২৬শে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
- সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে নির্বাচনে বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়া স্বার্থের সংঘাত তৈরি করে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুল রহমান বলেছেন, “আমি তো জোর করে যাইনি। একেকজনের একেকজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়”।
- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যেন কোনো সমস্যা না হয় এই বিষয়গুলোকে প্রাথমিক অগ্রাধিকার দিয়েই নতুন সরকার কাজ শুরু করেছে।
- সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
- ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে, তবে আইনের অপব্যবহার হলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।


















