আজ বুধবার যা যা হলো:
- বাংলাদেশের সুপরিচিত সেবা প্রকাশনী তাদের কার্যক্রম সাময়িক স্থগিতের নোটিশ দিয়েছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেছেন, অডিটের জন্য সাময়িক বন্ধ করা হয়েছে এবং অডিট শেষে নতুন করে প্রতিষ্ঠানটি ফিরে আসবে। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেছিলেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। এটি গত দশ বছরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ নেতার চীন সফর। বুধবার এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান মি.ট্রাম্প। বেইজিংয়ে অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন।
- ভারতের মণিপুরে এক অতর্কিত হামলায় কুকি চার্চের তিনজন যাজকের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে ইম্ফল-তামেংলং মহাসড়কে যাজকদের বহনকারী গাড়িতে হামলায় এ ঘটনা ঘটেছে।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৮টি শিশু। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জনের।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। জানা গেছে, রাজবাড়ীর পাংশা উপজেলায় ২ দশমিক ১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এ ছাড়া ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
- পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর - দুটি আসন থেকেই জয়ী হয়েছেন মি. অধিকারী, তবে আজ ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন। এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
- বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...