মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- নিরাপত্তা পরিষদে বাহরাইনের তোলা হরমুজ প্রণালিতে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে "আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।"
- দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। ইরান হুমকি দিয়েছে যে, হামলা হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়া হবে।
- চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসা'র আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা।
- আজ মঙ্গলবার, সাতই এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও লক্ষণ নিয়ে ১১ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া, এ সময়ের মাঝে নতুন করে এক হাজার ২৩৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
- দেশের জ্বালানি চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের আরও দু'টি চালান।
- অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত একাধিক বিল আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
- বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।
- সরকার বিরোধী পোস্ট দিয়ে ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামী'র নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছে আদালত।
- তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।
- বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। তেহরানও তার পাল্টা হামলা করে যাচ্ছে।
- ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, 'কিং ফাহাদ কজওয়ে' সেতুটি পুনরায় চালু হয়েছে।
- হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের তৃতীয় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।
- ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
- ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারীদের আজ ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলা'র মূল পাতায়।



















