মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- ব্রিটিশ মন্ত্রিসভা থেকে চারজন জুনিয়র মন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন।
- অন্যদিকে ১০০ জনের বেশি এমপি এক বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, এখন নেতৃত্বের লড়াইয়ের সময় নয়।
- মঙ্গলবার ব্রিটিশ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তিনি সরকারের দায়িত্ব চালিয়ে যাবেন। দলে নেতৃত্ব নিয়ে কোন লড়াই শুরু হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ আকবরজাদেহ বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ এলাকার পরিধি বাড়ানো হয়েছে।"
- ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে বাহরাইন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
- পশ্চিমবঙ্গের পৌরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে দশদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার আদালত তা মঞ্জুর করেছে।
- ভারতের জাতীয়স্তরে আয়োজিত ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি), ২০২৬ বাতিল করা হয়েছে।
- কলকাতার তিলজলা অঞ্চলে মঙ্গলবার দুপুরে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু এবং তিনজনের আহত হওয়ার ঘটনায় কলকাতা পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
- শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মরত চন্দ্রনাথ রথের হত্যার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাটি সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।
- ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা আছে কিনা, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা 'পুশ-ইন' রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।"
- ‘বাংলা পক্ষ’-এর গর্গ চ্যাটার্জীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-নিয়ে ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপরীতে ঢাকায় প্রথম টেস্টে ক্রিকেটে জয় লাভ করেছে বাংলাদেশ।
- বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসাম ও ত্রিপুরাতে অনুপ্রবেশ-সংক্রান্ত সমস্যা মিটেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল সোমবার ১১ই মে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
- শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।