লাইভ, মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: জাহেদ উর রহমান
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশে হামের উপসর্গে গত ২৪
ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকায় তিন জন,
সিলেটে একজন এবং চট্টগ্রামে দুই জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আর এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে এক হাজার ৬৬ জন। আর নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এতে বলা হয়েছে, গত ২৪
ঘণ্টায় হামের উপসর্গে ভুগছেন এমন আরো এক হাজার ৭৪ জন শনাক্ত হয়েছে।
এ বছরের ১৫ই মার্চ থেকে এখন
পর্যন্ত হামের উপসর্গে ভুগছেন এমন দুই লাখ সাত হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরো
১৩৯ হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর গত ১৫ই মার্চ থেকে এখন
পর্যন্ত ২২ হাজার ৭১২ হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইনসের সৌদি আরবে ফ্লাইট বাতিল
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
এমিরেটস এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান এতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
একই ধরনের পদক্ষেপ হিসেবে কাতার এয়ারওয়েজও সাময়িকভাবে সৌদি আরবে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে।
ইয়েমেনের হুথিরা সৌদি আরবে বিমান চলাচল নিয়ে অন্যান্য দেশকে সতর্ক করেছে। এরপরই এয়ারলাইনগুলোর এই সিদ্ধান্ত এলো।
সাম্প্রতিক দিনগুলোতে হুথি হামলায় কয়েকজন নিহত হওয়ার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
ছবির ক্যাপশান, মঙ্গলবার সকালে গেট টপকে যন্তর মন্তর চত্বরে প্রবেশ করেন সিজেপি-র কয়েকজন নেতা-কর্মী
ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আবার আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করার সময়ে তাদের আটক করা হয়।
পাশাপাশি, আজিঙ্কা শিন্ডে-সহ সিজেপির আরো বেশ কয়েকজন সমর্থককেও পুলিশ আটক করেছে।
এদিকে, দিল্লির যন্তর মন্তরে এখন থেকে আর বিক্ষোভ প্রদর্শন করা চলবে
না বলে সোমবারই জানিয়েছিল দিল্লি পুলিশ। যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানে বিক্ষোভ প্রদর্শন করা যাবে বলে জানানো
হয়েছে।
সোমবারই দিল্লির সংসদ মার্গ থানায় যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের জন্য দিন
নির্দিষ্ট করার আর্জি জানিয়েছিল সিজেপি। এর আগে ওইখানে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি চাইলেও
তা মেলেনি।
পুলিশকে বিক্ষোভ
প্রদর্শনের জন্য দিন বেঁধে দিতে ২৪ ঘণ্টার সময়ও দিয়েছিলেন তারা। এরই মাঝে মঙ্গলবার সকালে যন্তর মন্তরে প্রবেশ করতে গিয়ে আটক
হলেন সিজেপির সদস্যরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও পোস্ট করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেই ভিডিওতে সিজেপির কয়েকজন সমর্থককে যন্তর মন্তরে পৌঁছানোর
চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায় যে সিজেপির সমর্থকরা একটি বন্ধ গেট টপকে যন্তর মন্তর চত্বরে প্রবেশ করলেন এবং ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে 'ভারতমাতা কি জয়' স্লোগান দিতে শুরু করলেন। এরপরেই চারিদিক থেকে পুলিশ কর্মীরা দৌড়ে এসে সিজেপি সমর্থকদের জাপটিয়ে ধরে আটক করে ফেলেন।
অভিজিৎ দীপকে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন
, "আজ ভোরে তেরঙ্গা পতাকা নিয়ে ককরোচরা যন্তর মন্তরে প্রবেশ করে এবং দিল্লি
পুলিশের হাতে ধরা পড়ে। আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস,
অজিঙ্ক্যা শিন্ডে এবং দলের
অন্যান্য সদস্যদের আটক করা হয়েছে।”
“নরেন্দ্র
মোদী,
আপনি এই বিক্ষোভ বন্ধ করতে পারবেন
না।”
বাংলাদেশে '৩৫ বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না'
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জমান
বাংলাদেশে ৩৫ বছরের পর আর কেউ আইনজীবী
হতে পারবেন না- এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জমান।
মঙ্গলবার ঢাকায় এক
অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
“যারা আইনজীবী হবেন, ৩৫
বছরের পর যেয়ে আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা
প্রফেশনটা এমন একটা জায়গায় আনতে চাচ্ছি,” বলেন মি. আসাদুজ্জামান।
এই পেশাকে সম্মানজনক
জায়গায় নেওয়ার জন্য এমন উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে: আইনমন্ত্রী
ছবির উৎস, Law Ministry
ছবির ক্যাপশান, প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের জন্য আইনের একটি খসড়া প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি
প্রবাসীদের বিভিন্ন আইনি সমস্যা দ্রুত সমাধানে বিশেষায়িত আদালত গঠনে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শরণার্থী ও অভিবাসন আন্দোলন বিষয়ক গবেষণা ইউনিটের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, "প্রবাসীরা বিদেশে উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ বা সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। এসব বিরোধের মামলা বছরের পর বছর চলতে থাকে। এতে প্রবাসীদের অর্থ ও সময় ব্যয় হয় এবং তারা ভোগান্তির শিকার হন।"
এ সমস্যা সমাধানে প্রবাসীদের জন্য বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব আদালতে প্রবাসীদের বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে, এ বিষয়ে আইনের একটি খসড়া প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।
আমি বিশ্বাস করি না যে চীন ও রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়া ও চীন ইরানকে সাহায্য করছে। তারা সহায়তা করে থাকলেও “তা খুবই সীমিত পর্যায়ের” বলেও বর্ণনা করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, চীন ও রাশিয়া যদি ইরানকে সাহায্য করেও থাকে, “তাহলে তা হবে খুবই সীমিত মাত্রায়, তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা এমন কিছু করছে।”
মি. ট্রাম্প আরও বলেন, এই দুই দেশের “হারানোর মতো অনেক কিছু রয়েছে এবং আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।”
জুলাই মাসেও মি. ট্রাম্প বলেছিলেন, যুদ্ধে চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করবে না। সে সময় তিনি সতর্ক করে বলেছিলেন, তারা যদি তা করে, “তাহলে সেটি তাদের জন্য খারাপ হবে।”
মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: জাহেদ উর রহমান
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি
পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতালিতে
অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এক্ষেত্রেও
সেটি করা হবে।
“আমরা এই
কথা বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ
ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা আনচ্যালেঞ্জড যাবে না,” বলেন তিনি।
একইসঙ্গে, অধ্যাপক ইউনূসের
যে মর্যাদা পাওয়ার কথা তাতে ঘাটতি হয়েছে কি না সেটিও বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলে
জানিয়েছেন তিনি।
তথ্য উপদেষ্টা মি. রহমান
বলেন, “এই ক্ষেত্রে কোনো রকম ঘাটতি হয়েছে কি না...তিনি যে মর্যাদা
পাওয়ার কথা, সেখানে কোনো ঘাটতি হয়েছে কি না সরকার নিশ্চয়ই খতিয়ে দেখবে।”
"মানবতাবিরোধী অপরাধ করে আওয়ামী
লীগ দেশ থেকে চলে যাওয়ার পরেও তারা অনুতপ্ত তো নয়ই, বরং তারা নানা রকম সংকট তৈরি করার
চেষ্টা করছে" বলেও মন্তব্য করেন তিনি।
“সুতরাং যে দলটা এইরকম কাজ
করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা
প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন, সেখানে আসলে রিকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে
সরকারের যা বোঝার তা বোঝা হয়ে যায়। সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ নেওয়ার তো
প্রশ্নই আসে না। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে আমরাই চাই শেখ হাসিনা আসুক। উনি (যদি) চলে আসেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই,” বলেন জাহেদ উর রহমান।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় প্রাণহানির ঘটনার জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। হুথিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের ‘নৃশংস আগ্রাসনের’ জবাবে তারা এসব হামলা চালিয়েছে।
বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা এক লাখ অতিক্রম করেছে। এখন পর্যন্ত মারা গেছে ৩০৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে সোমবার এসব তথ্য দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, “বিএনপিকে ভোট দিয়ে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভুল করেনি, তা এই সরকার ক্ষমতার গ্রহণের পরপর বারবার প্রমাণ হচ্ছে। সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে”।
যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন। দুই বিজয়ী নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের সক্ষমতা বাড়িয়েছে।
পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি করার পরিকল্পনা নিয়েছে তারা। আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন 'সেইফ কান্ট্রি' (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার। তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছেন।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।