আজ সোমবার সারাদিনের উল্লেখযোগ্য ঘটনা:
- সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
- ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় প্রাণহানির ঘটনার জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী। হুথিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের ‘নৃশংস আগ্রাসনের’ জবাবে তারা এসব হামলা চালিয়েছে।
- বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। এখন পর্যন্ত মারা গেছে ৩০৭ জন। গত চব্বিশ ঘণ্টায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে সোমবার এসব তথ্য দেওয়া হয়েছে।
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, “বিএনপিকে ভোট দিয়ে যে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভুল করেনি, তা এই সরকার ক্ষমতার গ্রহণের পরপর বারবার প্রমাণ হচ্ছে। সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা থাকবে”।
- যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন। দুই বিজয়ী নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর অর্থনৈতিক স্থিতিশীলতা নীতি বাস্তবায়নের সক্ষমতা বাড়িয়েছে।
- পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে নজরদারি করার পরিকল্পনা নিয়েছে তারা। আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
- বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন 'সেইফ কান্ট্রি' (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক দ্বিপক্ষীয় সভায় আজ একথা বলেছেন ম্যাগনাস ব্রুনার। তিনি জানান, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন।
- সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদে চলমান একটি আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন থেকে বড় বড় তেল কোম্পানিগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...










