আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের বন্দর অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন বাহিনী, 'হুমকিতে নতি স্বীকার না করার' ঘোষণা তেহরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকেই ইরানের বন্দরগুলো অবরোধ কার্যকর করা শুরু হয়েছে। ইরানের কোন হামলাকারী জাহাজ এলে ধ্বংস করে দেওয়া হবে বলে তিনি হুমকি দিয়েছেন। ইরান বলছে, তাদের নৌপথের কাছাকাছি আসা যেকোন সামরিক জাহাজের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেওয়া হবে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে। তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা 'বাধা সৃষ্টি করবে না' বলে মার্কিন বাহিনী জানিয়েছে।
    • যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর আজ সোমবার অন্তত দু'টি তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার সেখান থেকে ফিরে গেছে। খবর বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য এখনো চেষ্ট্রা চালানো হচ্ছে।
    • প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও'র মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন নেতার মন্তব্যের নিন্দা করেছেন।
    • ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হলো "ফাঁকা বুলি", যা বাস্তবতার সাথে মিলে না।
    • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করলেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন- এমন হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুনানি ছিল সোমবার।
    • রাশিয়া সতর্ক করেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
    • ইরানের রাজধানী তেহরানে অবস্থিত স্পেনের দূতাবাস পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে।
    • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করবে ইসরায়েল।
    • পোপ লিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার "তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই", মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করার পর এই কথা জানান তিনি।
    • হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দেশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর।
    • হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে, বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
    • কিংবদন্তী ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সোমবার।
    • হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় ইরান বলেছে যে, তারা 'মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না'।
    • বিবিসি জানতে পেরেছে যে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরানের বন্দর ঘিরে অবরোধ কার্যকর শুরু হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে।

    তিনি সতর্ক করে বলেছেন, ইরানের “হামলাকারী জাহাজ” যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলো “ধ্বংস করে দেওয়া হবে।”

    ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস। আমরা তাদের অল্প কিছু ‘ফাস্ট অ্যাটাক শিপে’ আঘাত করিনি, কারণ আমরা সেগুলোকে তেমন হুমকি মনে করিনি।”

    তিনি আরও বলেন, “সতর্কবার্তা: এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে, তাহলে ঠিক যেভাবে আমরা সমুদ্রে নৌকায় থাকা মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, সেই একই পদ্ধতিতে সেগুলোকেও সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে।"

    বাংলাদেশ সময় আজ রাত ৮টা থেকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোর দিকে যাওয়া এবং সেগুলো থেকে বের হওয়া নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর করা হয়েছে।

  3. মার্কিন অবরোধ শুরুর পর হরমুজ থেকে ফিরে গেছে দুটো জাহাজ

    মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর আজ সোমবার অন্তত দু'টি তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার সেখান থেকে ফিরে গেছে। খবর বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের।

    সমুদ্রবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, তেলবোঝাই জাহাজ রিচ স্ট্যারির গন্তব্য ছিল চীন। কিন্তু অবরোধ শুরু হওয়ার প্রায় ২০ মিনিট পর এটি হরমুজ প্রণালি থেকে ফিরে যায়। জাহাজটিতে পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের পতাকা ছিল।

    পাশাপাশি, আংশিক তেলবোঝাই চীনা তেল বা রাসায়নিকবাহী ট্যাঙ্কার অস্ট্রিয়াও হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে বলে জানিয়েছে মেরিন ট্র্যাফিক। জাহাজটি বতসোয়ানার পতাকা বহন করছিলো।

  4. যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত সমাধানে চেষ্টা চলছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের জন্য এখনো চেষ্ট্রা চালানো হচ্ছে।

    গত সপ্তাহের শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

    বার্তা সংস্থা এএফপি'র খবর অনুযায়ী, শাহবাজ শরিফ তার মন্ত্রীসভাকে বলেছেন, "যুদ্ধবিরতি এখনো বজায় আছে এবং বাকি বিষয়গুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা চলছে।"

  5. ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে :পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারত সফর ‘ফলপ্রসূ’ হয়েছে।

    তিনি বলেন, "দুই দেশের সম্পর্ক যদি পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা কিছুটা ভালো প্রোগ্রেস করতে পারব। ওই দিক থেকে এটি ফলপ্রসূ সফর। ওখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমাদের মিটিং হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথাবার্তা হয়েছে। দুটি মিটিংই ইতিবাচক।"

    আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের এসব কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    তিনি বলেন, "আশা করি, আগামী সপ্তাহে আমরা বৈঠকের কিছু পজিটিভ দিক দেখতে পাব। আমরা গুরুত্ব দিয়েছি, মেডিকেল ভিসাগুলা যেন তাড়াতাড়ি চালু করে দেওয়া হয়। তারাও বিষয়গুলো ইতিবাচকভাবে নিয়েছেন।"

    এর আগে সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

    তারা সম্প্রতি ভারত সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

    গত সাতই এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে যান। তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

  6. যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও'র মধ্যে চলমান বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন নেতার মন্তব্যের নিন্দা করেছেন।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোপ লিও'র উদ্দেশ্যে লিখেছেন, "হিজ হোলিনেস পোপ চতুর্দশ লুই, ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। সেই সাথে ঘোষণা করছি, শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান সমৃদ্ধি আরো বাড়িয়ে দিক।''

    এর আগে সোমবার, পোপ লিও ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের বিষয়ে ভ্যাটিকান যে শান্তি ও সমঝোতার আহ্বান জানাচ্ছে, তা বাইবেলের শিক্ষা থেকেই এসেছে।

    বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের খবরে এটি বলা হয়েছে।

  7. হরমুজ প্রণালি অবরোধ নিয়ে ট্রাম্প 'ব্লাফ' দিচ্ছেন, ইরানের নিরাপত্তা কর্মকর্তা

    ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি হলো "ফাঁকা বুলি", যা বাস্তবতার সাথে মিলে না।

    এব্রাহিম রেজায়ই সতর্ক করে বলেন, পরিস্থিতি সামরিক দিকে মোড় নিলে তেহরান তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত।

    এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "এটা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং যে বাজার পরিস্থিতি নিয়ে তিনি (ট্রাম্প) ক্ষুব্ধ, তার এই সিদ্ধান্ত বাজার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। আমরা সম্ভবত আমাদের হাতে থাকা এমনকিছু কৌশল প্রকাশ করবো এবার, যা এখনও এই খেলায় প্রয়োগ করা হয়নি।"

    বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এটি বলা হয়েছে।

  8. ট্রাইবুনালে আবেদন করলেই ভোটদান নয়; ভারতের সুপ্রিম কোর্ট

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করলেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন- এমন হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুনানি ছিল সোমবার।

    রাজ্যের তরফে আদালতে বলা হয়েছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তদের মধ্যে ১৬ লক্ষ ট্রাইবুনালে আবেদন করেছেন। তাদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য আবেদন জাননো হয়েছিল। এতে সায় দেয়নি শীর্ষ আদালত।

    তবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

    বাদ পড়া ব্যক্তিদের বিষয়ে বিবেচনার জন্য একটি "শক্তিশালী আপিল ব্যবস্থা" থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, “ভোট দেওয়ার অধিকার… শুধু সাংবিধানিকই নয়, বরং আবেগেরও।”

    এসআইআর- এর ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ মানুষের নাম বাদ পড়েছে। ভোটার তালিকা থেকে বাতিল হওয়া ব্যক্তিদের অনেকে নিজেদের নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন।

  9. হরমুজ প্রণালিতে অবরোধ মানে বৈশ্বিক বাজারে ধাক্কা : সতর্কবার্তা রাশিয়ার

    রাশিয়া সতর্ক করেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করতে যাচ্ছে, তা বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজের এক খবরে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে এ কথা বলেন।

    মার্কিন প্রেসিডেন্ট ইরানের বন্দর ও উপকূলে যে অবরোধের ঘোষণা দিয়েছেন, সে বিষয়ে তিনি বলেছেন, "এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটি নিশ্চিতভাবে বলা যায়।"

    তিনি সাংবাদিকদের আরও বলেন, "অনেক বিষয় এখনও অস্পষ্ট এবং বোঝা যাচ্ছে না। তাই, এ মুহূর্তে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না আমি।"'

    উল্লেখ্য, মার্কিন প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রাত আটটা থেকে এ অবরোধ কার্যকর হবে।

  10. যুদ্ধবিরতির পর তেহরানে স্পেন দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু

    ইরানের রাজধানী তেহরানে অবস্থিত স্পেনের দূতাবাস পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে।

    তেহরানে স্প্যানিশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, "আমরা তেহরানে ফিরছি। যুদ্ধবিরতির পর ইরানে স্পেনের দূতাবাস পুনরায় খুলছে। রাষ্ট্রদূত আন্তোনিও সানচেজ দেনেদিতো গ্যাসপার তার কূটনৈতিক দল ও স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে আবার কার্যক্রম শুরু করবেন এবং শান্তির সমর্থনে কাজ চালিয়ে যাবেন।"

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে অধিকাংশ বিদেশি দূতাবাসই তাদের কার্যক্রম স্থগিত করেছিল।

    তখন স্পেন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে এবং ইরানের ওপর হামলাকে "অবৈধ" বলেছে।

    প্রতিবাদ হিসেবে মাসখানেক আগে স্পেন ইসরায়েলের তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয়।

  11. পশ্চিমবঙ্গে ‘ডিলিটেড’ ভোটারদের আপত্তির শুনানি শুরু ট্রাইবুনালে

    পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর গত সপ্তাহে রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ বা স্থগিত হয়ে যায়।

    তালিকা থেকে বাদ দেওয়া হয় প্রায় ৯১ লাখ ভোটারের নাম।

    তার সঙ্গে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠন করা হয় ১৯টি আপেলেট ট্রাইবুনাল, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপত্তির শুনানি ও নিষ্পত্তি করবেন।

    জোকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনে সোমবার থেকে বসছেন ট্রাইবুনালের বিচারপতিরা।

    এখানেই শুরু হবে শুনানি, আপত্তি এবং আবেদনের নিষ্পত্তির কাজ।

    কিন্তু ট্রাইবুনালে নিষ্পত্তি হয়ে যাওয়া ভোটারেরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পরবেন কী-না সে বিষয়ে এখুনি জানা যাবে না, অর্থাৎ সে বিষয়ে কোন নিশ্চয়তা দেয় হয়নি।

  12. ট্রাম্পের ইরান অবরোধ বিষয়ক সিদ্ধান্তকে সমর্থন করবে ইসরায়েল: নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করবে ইসরায়েল।

    মি. নেতানিয়াহু এও জানান, পাকিস্তান থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে ইরানের সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে অবহিত করেছেন। তবে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোর দিকে যাওয়া নৌযানের ওপর (বাংলাদেশ সময় আজ রাত ৮টা থেকে) অবরোধ কার্যকর করা হবে।

    এদিকে, ইরান বলছে, হরমুজ প্রণালির দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে সেটিকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

  13. ট্রাম্পের সঙ্গে তর্কে যেতে চান না পোপ লিও

    পোপ লিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার "তর্কে যাওয়ার কোনো ইচ্ছে নেই", মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করার পর এই কথা জানান তিনি।

    "আমি কোনো রাজনীতিবিদ নই," সাংবাদিকদের বলেন পোপ লিও। এ সময় তিনি তার আগের মন্তব্যের বিষয়ে একই অবস্থানের কথা জানিয়ে বলেন, "বার্তাটি একই: শান্তি প্রতিষ্ঠা করা।"

    শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আলোচনায় বসেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে "যুদ্ধের উন্মাদনা" বন্ধ করার আহ্বান জানান।

    এই যুদ্ধকে ন্যায্যতা দিতে যেভাবে খিস্টান ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, সেটিরও বিরোধিতা করেন তিনি।

    এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, পোপ লিও "ভয়াবহ", এবং তিনি "অপরাধ দমনে দুর্বল" ও "পররাষ্ট্রনীতিতে খারাপ"।

  14. হাঙ্গেরিতে পেইতার মোজোর বিশাল জয়ের পরে ইউরোপে উল্লাস

    হাঙ্গেরিতে ভিক্তর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে। তার দেড় দেশকের বেশি সময়ের শাসনকে হারিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেইতার মোজোর।

    নির্বাচনে জিতে দানিউব নদীর তীরে বুদাপেস্টের পার্লামেন্ট ভবনের বিপরীতে দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা পেরেছি। আমরা একসাথে হাঙ্গেরির এই শাসনব্যবস্থাকে উৎখাত করেছি।"

    নির্বাচনের প্রাথমিক ফলাফল বলছে, যেখানে ৯৮ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে এবং এতে দেখা যাচ্ছে, পেইতার মোজোর তিসজা পার্টি পেতে যাচ্ছে ১৩৮টি আসন আর ভিক্তর অরবানের ফিদেজ পার্টি পাচ্ছে ৫৫টি আসন। এর বাইরে দেশটির কট্টর ডানপন্থী দল আওয়ার হোমল্যান্ড পাচ্ছে ছয়টি আসন।

    বিশ্লেষকরা ধারণা করছেন, পেইতার মোজোর এই জয়ের মধ্য দিয়ে বিশ্বের সাথে হাঙ্গেরির সম্পর্ক নতুন করে গড়ে উঠবে।

    উল্লেখ্য, ভিক্তর অরবান ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অরবানের সমর্থনে হাঙ্গেরিতে উপস্থিন হন।

    পাশাপাশি, অরবানের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের জন্য বড় এক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এতদিন।

  15. হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে, বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৭১।

    গত ১২ই এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৩ই এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হিসাবে এই পরিস্থিতি উঠে এসেছে।

    এতে বলা হয়েছে, এই সময়ের মাঝে সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যাও এই বিভাগে বেশি। যে দু'জন মারা গেছে, তারাও এই বিভাগেরই।

  16. সঙ্গীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

    কিংবদন্তী ভারতীয় সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সোমবার।

    মুম্বাইয়ের শিবাজী পার্কে তার শেষকৃত্য পালনের আগে এই সঙ্গীতশিল্পীকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে বিদায় জানাতে উপস্থিত হন অগণিত মানুষ। তার আত্মীয় পরিজন থেকে শুরু করে অনুরাগী, রাজনীতিবিদ, মুম্বাইয়ের সঙ্গীত ও অভিনয় জগতের ব্যক্তিত্ব তাকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য সমবেত হন।

    রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাকে।

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস শ্রদ্ধা জানাতে আশা ভোঁসলের বাসভবনে উপস্থিত হয়েছিলেন। ক্রিকেট তারকা শচিন তেন্ডুলকার, বর্ষীয়ান অভিনেত্রী হেলেনও তার তার বাসভবনে গিয়েছিলেন।

    শনিবার অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। হৃদরোগে আক্রান্ত হন তিনি, পাশাপাশি শ্বাসকষ্টও ছিল।

    চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাল্টি অর্গান ফেলিওর দেখা দেয়। রোববার তার মৃত্যু হয়। সাত দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের অজস্র গান উপহার দিয়েছেন তিনি। ধ্রুপদী, পপ, জ্যাজ থেকে শুরু করে গজল- সমস্ত ঘরানার গানে ছিল তার অবাধ বিচরণ।

  17. কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে চার জাহাজ শনাক্ত

    কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে চারটি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর বিবিসি ভেরিফাই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।

    যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী, উল্লিখিত সময়ের (গ্রিনিচ সময় দুপুর ২টা) পর থেকে ইরানের বন্দরগুলোতে যেসব নৌযান প্রবেশ করবে ও বের হবে, সেগুলোর ওপর কার্যকর করা হবে।

    যুক্তরাজ্যের সময় অনুযায়ী গত রাত ৯টা ৫২ মিনিটে সেন্টকম তাদের বিবৃতি দেওয়ার পর থেকে মেরিন ট্র্যাফিকের দেওয়া ট্র্যাকিং ডেটা বলছে যে, সেই থেকে চারটি জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা গেছে।

    সবগুলোই ট্যাঙ্কার হিসেবে শনাক্ত করা হয়েছে। এগুলো তেল, গ্যাস বা রাসায়নিক বহন করছে।

    তবে এসব জাহাজের সঙ্গে ইরানের কোনো সংযোগ পায়নি বিবিসি এবং এগুলোর কোনোটি ইরানের বন্দর থেকে এসেছে বা ইরানের কোনো বন্দরে যাচ্ছে, এরকম কোনো তথ্যও পাওয়া যায়নি।

    এছাড়া, জাহাজগুলোয় যে ধরনের তথ্য পাঠানো হয়েছে, এই প্রতিবেদন সেই তথ্যের ভিত্তিতেই লেখা হয়েছে। এই চারটি জাহাজের কোনোটিই তাদের গন্তব্য হিসেবে ইরানি বন্দরের নাম উল্লেখ করেনি।

  18. 'মার্কিন অবরোধের হুমকিতে বন্ধ হতে পারে ইরানের তেল বিক্রি'

    হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার যে ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার ফলে ইরান যুদ্ধে উত্তেজনা আরো বেড়েছে।

    কারণ, ট্রাম্পের ওই ঘোষণার ফলে এখন বিশ্ববাজারে বিশেষ করে মিত্র চীনের কাছে ইরানের তেল বিক্রি বন্ধ হয়ে যেতে পারে, যা যুদ্ধের পাশাপাশি ইরানকে আরো বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিলে পারে, বলছেন প্রতিরক্ষা বিশ্লেষক জাস্টিন ক্রাম্প।

    পশ্চিমা অনেক বিশ্লেষক দীর্ঘদিন ধরেই ইরানকে চীনের মিত্র হিসেবে উল্লেখ করে আসছেন।

    যুদ্ধের আগে ইরান থেকে সরবরাহ করা তেলের প্রধান ক্রেতা ছিল চীন। চীনের সাথে ইরানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল।

    দুই দেশ ২০২১ সালে ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী চীন ২৫ বছরে ইরানে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে ইরান চীনকে নিয়মিত তেল সরবরাহ করবে।

    এ যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েই চলেছে।

    মি. ক্রাম্প মনে করেন, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষই ভাবছে তারা অন্য পক্ষের তুলনায় 'সুবিধাজনক' অবস্থানে রয়েছে, এবং উভয়েই মনে করছে তারা প্রতিপক্ষকে আলোচনায় বসতে বাধ্য করেছে।

    কিন্তু দুই পক্ষের এমন মনস্তাত্ত্বিক অবস্থানের কারণে যুদ্ধের পরিস্থিতিতে উত্তেজনা আরো বেড়েছে।

    তিনি বলছেন, ইসলামাবাদের আলোচনা থেকে কোনো সমঝোতা বা চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলেও, সেখানে একটি 'ইতিবাচক' ব্যাপার ঘটেছে যে দুই পক্ষ অনেক বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছে।

    মি. ক্রাম্প বলছেন, ট্রাম্পের ঘোষণায় স্পষ্ট বোঝা যায় পাকিস্তানে হওয়া শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তিনি কতটা 'ক্ষুব্ধ' হয়েছেন।

  19. আবারো ইরানের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল' এ এক নতুন পোস্টে জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করা হবে।

    ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্র ১৩ই এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি সময় দুপুর দুইটা, যা বাংলাদেশ সময় রাত আটটা) থেকে ইরানি বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আটকানো শুরু করবে।”

    এর আগে, ওই অঞ্চলে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, প্রেসিডেন্টের নির্দেশে সোমবার ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু হবে।

    তবে, সেসময় তারা জানিয়েছিল যে, হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটানো হবে না।

  20. ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন

    বিবিসি জানতে পেরেছে যে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না।

    ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না।

    তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

    ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, "আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সমর্থন করে যাচ্ছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য অত্যন্ত জরুরি।"

    এর আগে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে।

    তবে, হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা 'বাধা সৃষ্টি করবে না' বলে জানিয়েছে।

    তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে 'নতি স্বীকার করবে না'।

    গত সপ্তাহে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশে সফর শেষে আজ পরের দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।