আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে। এদিকে, ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো:

    • পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
    • ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করেন শিপিং বিশেষজ্ঞরা।
    • জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
    • বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।
    • ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে "তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত" একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।
    • ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
    • বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    • ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।
    • গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।
    • হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
    • ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে নেটোর সহায়তার আশ্বাস: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।

    বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুশিয়ারি দেওয়ার পরপরই ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানান ট্রাম্প।

    তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটোর ওপর খুবই বিরক্ত ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইন পরিষ্কার করতে সহায়তা করতে চায়।

    ট্রাম্প বলেন, “এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রণালিটি পরিষ্কার করবো এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে”।

    তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ নেটোভুক্ত আরও কয়েকটি দেশও তা করবে। আমার জানা মতে যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে”।

  3. ট্রাম্পের অবরোধের ঘোষণা খুব অল্প জাহাজকে প্রভাবিত করতে পারে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করছেন শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন।

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তাহলে খুবই সীমিত সংখ্যক জাহাজ চলাচল বন্ধ হবে এবং সামগ্রিকভাবে এর প্রভাব খুব বেশি হবে না।

    ভেসপুসি মেরিটাইমের প্রধান নির্বাহী মি. জেনসেনের মতে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও কার্যত বড় কোনো পরিবর্তন আনবে না। কারণ এই জাহাজগুলো আগেই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিল।

    তিনি বলেন, “প্রথমত এই পথে খুব কম জাহাজই চলাচল করছে। তার ওপর কম সংখ্যক জাহাজ টোল দেয়। আর যারা দেয় তারা আগেই নিষেধাজ্ঞার আওতা বা ঝুঁকিতে ছিল”।

    মি. জেনসেন জানান, বেশিরভাগ শিপিং কোম্পানি প্রাথমিকভাবে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যে কোন ধরনের অস্থায়ী চুক্তি হয় কী-না। এমন হলে ধীরে ধীরে আবার জাহাজ চলাচল বাড়তে পারে।

    তবে ঠিক হবে এই নৌপথ জাহাজ চলাচলের জন্য নিরাপদ হবে সেটি তিনি জানাননি।

    জেনসেন বলেন, “শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে বিশ্বাসের ওপর। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো সমঝোতা কতদিন টিকবে, সেটাই মূল বিষয়”।

  4. হরমুজ প্রণালিতে ড্রোন নজরদারির নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দেওয়ার পর ইরান রেভ্যুলেশনারী গার্ড কোর বা আইআরজিসি হরমুজ প্রণালিতে নজরদারির একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

    ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল- "সমস্ত নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে”"

    ওই ভিডিওটি প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে বলেছে যে, যদি কেউ হরমুজ প্রণালি নিয়ে কোন ধরনের তৎপরতা চালাতে যায় তারা বিপদে পড়বে।

    এদিকে, ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন যে তিনি হরমুজ প্রণালী অবরোধ করতে চান, কিন্তু সেটির জন্য কিছুটা সময় লাগবে।

    চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন যে, "আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি”।

    এর আগে ইরান জানিয়েছিল যে, তাদের অবকাঠামো আক্রান্ত হলে তারা ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

  5. আমরা যা চাইবো ইরান আমাদের তাই দিয়ে দেবে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে একটি টেলিফোনে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

    সেখানে তিনি বলেছেন, “ইরান একদিনে আমাদের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ঘণ্টায় ২,০০০ কিলোমিটার পর্যন্ত গতিতে ১০১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার সবগুলোই ধংস হয়ে গেছে এবং সেগুলো সবই এখন সমুদ্রের গভীরে চলে গেছে”।

    যদিও ঠিক একই ধরনের মন্তব্য ট্রাম্প আরো আগেও একবার করেছিলেন।

    ফক্স নিউজকে তিনি আরও বলেন যে, তিনি পারস্য উপসাগরের নাম 'ট্রাম্প উপসাগর' রাখতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই নামটি উপযুক্ত নয়।

    ট্রাম্প বলেন, “ইরান আলোচনার টেবিল ছাড়েনি। আমি ভবিষ্যদ্বাণী করছি, তারা ফিরে আসবে এবং আমরা যা চাই তাই দেবে। আমি ৯০ শতাংশ চাই না। আমি ৯৫ শতাংশও চাই না। আমি পুরাটা চাই। তাদের হাতে খেলার মতো আর কোন কার্ড অবশিষ্ট নাই”।

  6. সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

    বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন।

    রোববার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

    মি. আহমেদের ছেলে মাহবুব শফিক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

    এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

  7. টোল দিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করা 'সব জাহাজ অবরোধের' ঘোষণা ট্রাম্পের

    পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালি নিয়ে নতুন হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এর এক পোস্টে তিনি বলেছেন, “আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি”।

    প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, “ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না”।

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

    তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি”।

    ট্রাম্প হুঁশিয়ারি দেন, “যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে”।

    পরে তিনি বলেন, “খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে”।

  8. দুপুরে জামিনের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    রোববার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়মানুযায়ী তিনি কারামুক্তি পান।

    গাজীপুরের কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার।

    এর আগে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    মিজ চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ওইদিনই আদালতে নেওয়া হলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

  9. যুদ্ধ এখন পর্যন্ত ৩,৩০০ জন নিহত হয়েছে: ইরান

    ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

    ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন সর্বশেষ তথ্যে বলেছে, হামলায় এখন পর্যন্ত ৩,৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

    তাদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

    সর্বশেষ তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শত শত শিশু নিহত হয়েছে। এর মধ্যে এক বছরের কম বয়সী সাত জন শিশু, এক থেকে ১২ বছরের ২৫৫ জন এবং ১৩ থেকে ১৮ বছরের ১২১ জন রয়েছে।

    এছাড়া নিহতদের মধ্যে আফগান, সিরীয়, তুর্কি, পাকিস্তানি, চীনা, ইরাকি ও লেবানিজ নাগরিকরাও রয়েছে বলে জানানো হয়েছে।

  10. হাম ও উপসর্গ নিয়ে গত একদিনে ১০ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন।

    আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু এবং সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়েছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৬৩৯ জন।

    এদিকে, ১৫ই মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন সাত হাজার ৬৫৬ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জন এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

  11. হাইতির জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর শঙ্কা

    হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঘটনাটি শনিবার লাফেরিয়ের সিটাডেলে (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) একটি অনুষ্ঠান চলাকালে ঘটে।

    দেশটির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জ্যা অরি পেতির আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

    হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস আইমে বলেন, উত্তরাঞ্চলের মিলো শহরের ওই স্থানে অনেক তরুণ-তরুণীর অংশগ্রহণে একটি অনুষ্ঠান চলাকালে দুর্ঘটনাটি ঘটে।

    তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

    হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পর্যটন কেন্দ্রের অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চলেছিল। যে কারণে এতে উপস্থিতি ছিল প্রচুর সংখ্যক। তাদের মধ্যে অনেকেই ছিল তরুণ ও শিক্ষার্থী।

    অনুষ্ঠানে প্রবেশপথের কাছে শুরুতেই বেশ জটলা তৈরি হয় এবং হঠাৎই শুরু হয় ভারী বৃষ্টিপাত। যে কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়।

  12. হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে, ইরানি ডেপুটি স্পিকারের ঘোষণা

    পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সাথে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।

    বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ বন্ধের আলোচনায় এই বিষয়টিও ছিল বেশ গুরুত্বপূর্ণ।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চলছে, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা।

    ইরান পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দেশটির মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য একটি রেডলাইন।

    তিনি বলেন, এই প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং সেখান দিয়ে চলাচলের জন্য ইরানি মুদ্রায় টোল প্রদান করতে হবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বলেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে।

    যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে, দুটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রের মাইন অপসারণে কাজ করছে। তবে, সেন্ট্রাল কমান্ডের এই দাবি অস্বীকার করেছে ইরান।

    ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, কোনো সামরিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

    ইরানের রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

  13. যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে: ইরানি পার্লামেন্টের স্পিকার

    ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না।

    এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আলোচনার আগে তিনি জোর দিয়ে বলেছিলেন যে ইরানের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের কোনো আস্থা নেই।

    তিনি বলেন, “ইরানের প্রতিনিধিদল কিছু দুরদর্শী পদক্ষেপ উপস্থাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে”।

    তিনি আরও বলেন, “আমরা এক মুহূর্তের জন্যও থামব না, এই ৪০ দিনের যুদ্ধে যা অর্জন করেছি, তা ধরে রাখতে ও শক্ত করতে আমরা কাজ চালিয়ে যাব”।

    তিনি বলেন, এই আলোচনা আয়োজন কঠিন ছিল। যে কারণে উদ্যোগ নেওয়ার জন্য তিনি পাকিস্তানকে ধন্যবাদও জানান।

  14. আলোচনা ভেস্তে যাওয়ায় ট্রাম্পের সামনে কঠিন পরিস্থিতি - বিশ্লেষণ

    মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়াকে সুসংবাদ এবং দুঃসংবাদ উভয়ই বলেছেন।

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটের বলছেন, এই আলোচনা সেশন কতক্ষণ ধরে চলেছে, সেটি তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্যজনক। কিন্তু এ সময়ের মধ্যে যে কোনো চুক্তি হয়নি, এটা আশ্চর্যজনক নয়।

    তিনি বিশ্লেষণ করছেন যে, আমেরিকানরা এই ধারণা নিয়ে পাকিস্তানে এসেছিল যে যুদ্ধে ইরান এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের সাথে দ্রুত আপোষ করা সম্ভব হবে।

    জেডি ভ্যান্স বললেন, "তারা (ইরান) আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি।"

    লিজ ডুসেট মনে করেন, ইরানেরও নিজস্ব সীমা রয়েছে, অর্থাৎ যেসব বিষয়ে তারা ছাড় দিতে পারবে না বা দেবে না।

    তারা শক্তিশালী অবস্থানে আছে - এমন বিশ্বাস নিয়ে দেশটি ইসলামাবাদে আলোচনায় এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে, সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও, দেশটি এখনও যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং ইচ্ছুক।

    বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের কারণে ইরানের হাতে এখনও যথেষ্ট দর কষাকষির সুযোগ রয়েছে।

    এক দশক আগে তেহরান ও ওয়াশিংটন শেষবার যখন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছেছিল, তখন তাতে ১৮ মাস ধরে নানা অগ্রগতি ও অচলাবস্থার সম্মুখীন হতে হয়েছিল।

    লিজ ডুসেটের মতে, ট্রাম্প এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন – হয় পরিস্থিতি আরও খারাপ করতে পারেন তিনি, অথবা আলোচনায় ফিরে এসে নতুন করে পরিস্থিতিকে মূল্যায়ন করা।

  15. হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

    জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

    রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

    এই মামলায় জামিন পাওয়ার পর এখন তার মুক্তিতে আর কোন বাধা নেই বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তার আইনজীবী হামিদুল মেজবাহ।

    তার আইনজীবীরা জানিয়েছেন, আদালত থেকে বেল বন্ড কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন।

    মিজ চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ওইদিনই আদালতে নেওয়া হলে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

  16. হামলার পর গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পুনরুদ্ধার করেছে সৌদি আরব

    বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশেপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

    জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার কারণে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ৭ লক্ষ ব্যারেল তেল পাঠানো বন্ধ হয়ে গিয়েছিল।

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব হরমুজ প্রণালী থেকে তেল রপ্তানির পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যেখানে চালান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর পরিবর্তে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো হয়।

    জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের হামলার পর উপকূলের কাছে অবস্থিত সৌদি আরবের মানিফা উৎপাদন কেন্দ্রটিও পুনরুদ্ধার করা হয়েছে, তবে আরও ভেতরের দিকে অবস্থিত খুরাইস তেলক্ষেত্রে মেরামতের কাজ চলছে।

  17. মারা গেছেন সংগীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে

    ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

    'আভি না যাও ছোড় কার', 'দম মারো দম', 'চুরা লিয়া হ্যায় তুমনে' 'ও হাসিনা জুলফোঁওয়ালি' - এমন অসংখ্য জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী হিসেবে ব্যাপক সমাদৃত আশা ভোঁসলে হিন্দি ও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

    ভারতের সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গ বিভূষণসহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

    সবশেষ শনিবার রাতে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।

    গানের জগতের সঙ্গে তার সখ্যতা ছেলেবেলা থেকে।

    বাবা দীননাথ মঙ্গেশকার একজন সঙ্গীতশিল্পী ছিলেন, দিদি লতা মঙ্গেশকারের অবদান ভারতীয় সঙ্গীত জগতে অপরিসীম ছিল।

    ধ্রুপদী থেকে পপ সমস্ত ঘরানার গানে তার অবাধ বিচরণ ছিল।

    ও.পি. নায়ার এবং এস.ডি. বর্মণ-সহ বিভিন্ন নামকরা সুরকারের সঙ্গে কাজ করে একের পর এক হিট গান গেয়েছেন তিনি।

    এগারো হাজারেরও বেশি গান গেয়ে রেকর্ডও গড়েছেন।

    ২০২২ সালে দিদি লতা মঙ্গেশকারের মৃত্যু হয়েছিল।

    রবিবার আশা ভোঁসলের প্রয়াণের সঙ্গে ভারতীয় সঙ্গীত জগতের একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

  18. ইসলামাবাদে আলোচনা ব্যর্থ - এখন কী হবে?

    যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই এ আলোচনায় অংশ নিয়েছিল যুদ্ধে তারা জয়ী হয়েছে - এমন দাবি নিয়ে, তাই এত অল্প সময়ে কোনো একটি চুক্তিতে পৌঁছানো স্বাভাবিক বিচারেই কঠিন ছিল।

    আর এখন মনে হচ্ছে এটি আসলে অসম্ভবই ছিল। দেখা যাচ্ছে ব্যর্থতার জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে ফিরে যাচ্ছে।

    গত বুধবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের 'অ্যাপোক্যালিপটিক' বা ধ্বংসাত্মক হুমকির মধ্য দিয়ে, যেখানে তিনি ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন।

    কিন্তু এখন তাহলে কী হবে? যুদ্ধবিরতি কি বহাল থাকবে?

    বিবিসি সংবাদদাতা জো ইনউড বলছেন, ইরানের ওপর নতুন করে হামলা শুরু হবে কী-না, তা নিয়ে কোনো ঘোষণা আসেনি, তবে হামলার সম্ভাবনা যে নিশ্চিতভাবেই বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।

    হরমুজ প্রণালি, যে গুরুত্বপূর্ণ জলপথ যা ইরান আংশিকভাবে কিন্তু কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল, তা আলোচনার মাধ্যমে পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আপাতত আলোচনার টেবিলের বাইরে রয়ে গেছে। কিন্তু, পারস্য উপসাগরে কয়েকদিন আগে মোতায়েন করা দুটি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র হয়তো অন্য কোনো পথের কথা ভাবছে।

    যুক্তরাষ্ট্রের মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না - এমন বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হওয়াটাই ছিল আলোচনা সফল হওয়ার পথে প্রধান বাধা।

    ইরান সবসময়ই দাবি করে এসেছে যে তারা মারণাস্ত্র উৎপাদন করতে চায় না, কিন্তু এক বছরের ব্যবধানে দুটি যুদ্ধের অভিজ্ঞতা হওয়ায় তাদের দেশে পারমাণবিক অস্ত্রের সমর্থকদের এখন পারমাণবিক শক্তি অর্জনে আরও উৎসাহিত করবে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সরাসরি আলোচনা ছিল ঐতিহাসিক, কিন্তু এটি হয়তো কূটনীতির একটি ব্যর্থতা হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

  19. ইসলামাবাদ ছেড়েছেন ইরানের কর্মকর্তারা

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র্রের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর সকালেই ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যঅন্স এবং কর্মকর্তারা।

    কিছুক্ষণ আগে ইরানি কর্মকর্তারাও ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

    ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলটি ইসলামাবাদ ত্যাগ করেছে।

    সংস্থাটি জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি জেডি ভ্যান্সের ইসলামাবাদ ত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠক করে।

  20. দক্ষিণ লেবাননে রকেট লঞ্চারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের দিকে "তাক করা এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত" একটি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে।

    টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ বলেছে, জুয়াইয়া এলাকায় লঞ্চারটি শনাক্ত করা হয়েছিল এবং হামলা চালানোর আগেই সেটিকে "নিষ্ক্রিয়" করা হয়েছে।

    বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত কী-না অথবা পাকিস্তানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেই যুদ্ধবিরতি অটুট থাকবে কিনা, তা নিয়ে এখনও নানা আলোচনা চলছে।

    আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন তাদের নিজস্ব আলোচনা শুরু করতে চলেছে।