আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আবার শুরুর চেষ্টা করতে আবারো তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এদিকে, চীন ও রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণ পরিকল্পনা নবায়নসহ ২০টিরও বেশি চুক্তিতে সই করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. আজ বুধবার যা যা হলো:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক। তবে ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার "কোনো তাড়া নেই"।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৬টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরানের সংবাদ সংস্থা- তাসনিম বিপ্লবী গার্ড নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে যে, যেসব জাহাজ হরমুজ পার হয়েছে সেগুলোর মধ্যে ছিল তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্য বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজ অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
    • ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ “অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে”।
    • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরে দুই দেশের মধ্যে ২০টিরও বেশি সমঝোতা সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন সম্প্রতি চীন-রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরও জোরদার করা এবং “সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করার” বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
    • ভ্লাদিমির পুতিনের একজন সহযোগী জানিয়েছেন, রাশিয়া ও চীন ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাশিয়া থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।
    • ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল এবং ২০২৪ সাল থেকে অন্তত ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের এটি বলা হয়েছিল। দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।
    • কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের আদালত। এছাড়া মামলার রায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। মামলায় বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহেছান বিবিসি বাংলার কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।
    • সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
    • যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করেছে চীন। গত সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ ও প্রয়োজনীয় অন্য উপাদানের সরবরাহ নিশ্চয়তা দেবে।
    • ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার দক্ষিণ লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম জানিয়েছে।
    • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা "পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী"।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

  2. হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে "এটি এখনই খুলে দেওয়া উচিত"।

    বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত”।

    ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি আরও বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছাতে তার "কোনো তাড়া নেই"।

    “আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না,” বলেছেন মি. ট্রাম্প।

    তিনি বলেন, “এখন ইরানে অনেক ক্ষোভ রয়েছে, কারণ মানুষ খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। সেখানে এমন অস্থিরতা চলছে যা আমরা আগে কখনও দেখিনি। দেখা যাক এরপর কী হয়।”

  3. ইসরায়েলের হামলায় লেবাননে শিশুসহ ২১ জন নিহত

    ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার দক্ষিণ লেবাননে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম জানিয়েছে।

    রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নিহতদের মধ্যে ১২ জন একটি মাত্র হামলায় মারা যান। ওই হামলায় দেইর কানুন আল-নাহর শহরের একটি বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারী ছিলেন।

    ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা আগে বলেছিল যে তারা ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মঙ্গলবার দক্ষিণ লেবাননের কিছু অংশে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হেজবুল্লাহ হামলা চালালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়।

    এটি এমন এক সময়ে ঘটছে, যখন এক সপ্তাহেরও কম আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে এবং আগামী মাসে আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

    দোসরা মার্চ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে লেবানন জড়িয়ে পড়ে, যখন হেজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। তারা দাবি করে, এটি ছিল ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার প্রতিশোধ। এর জবাবে ইসরায়েল লেবাননজুড়ে বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে।

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় পাঁচ সপ্তাহ পরও ইসরায়েল ও হেজবুল্লাহ উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

    বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে দিন-রাত ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

  4. ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, যারা ভারতের সীমান্ত পেরিয়ে এসেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ-এর) আওতায় পড়েন না, তারা "পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী"।

    তিনি বলেন, "তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ-এর) হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবং ডিপোর্ট।”

    বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সেটির পুরোনো নাম - বিজিবি বলেই উল্লেখ করেন মি. অধিকারী।

    ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আইনের আওতায় পড়েন না।

    মি. অধিকারী বুধবার আরো বলেন, “আমাদের রাজ্যে ২২০০ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার কাঁটাতার রয়েছে। আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ আমরা করতে পারিনি। … আমরা বর্তমান সরকার আসার পর দ্রুততার সঙ্গে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা ২৭ কি.মি এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি — সরকারি এবং প্রাইভেট জমি যা আমরা ক্রয় করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ এবং ভারত সরকার আমাদের দিচ্ছেন — আমরা সেটা সূচনা করলাম।”

    “আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা আগামী কিছুদিনের মধ্যে যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারব, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব।”

  5. পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের প্রধান আসামির দায় স্বীকার

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

    জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

    অপরদিকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এদিকে আজ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ই জুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক।

    গতকাল মঙ্গলবার পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোডের একটি বাসার কক্ষে ওই শিশুকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ঘটনায় আজ পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা।

  6. হরমুজ প্রণালি অতিক্রম করেছে ২৬টি জাহাজ: ইরানের বিপ্লবী গার্ড

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৬টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    ইরানের সংবাদ সংস্থা- তাসনিম বিপ্লবী গার্ড নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে যে, যেসব জাহাজ হরমুজ পার হয়েছে সেগুলোর মধ্যে ছিল তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্য বাণিজ্যিক জাহাজ।

    এসব জাহাজ অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, অন্তত পাঁচটি ‘সুপারট্যাংকার’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    সংবাদমাধ্যমটি আরও জানায়, চীন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের আরও জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য অনুমতি চেয়েছে।

  7. পশ্চিমবঙ্গে ফারাক্কা পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল

    যৌথ নদী কমিশনের ৯০তম যৌথ কমিটি বৈঠকে অংশগ্রহণের জন্য বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ কলকাতায় পৌঁছেছে।

    ছয় সদস্যের এই দলটি ২০ থেকে ২৩ মে’র মধ্যে বৈঠক করবে এবং ফারাক্কা ব্যারাজে যৌথ প্রবাহ পরিমাপ স্থল পরিদর্শন করবে।

    বাংলাদেশের প্রতিনিধি দলের এই সফরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, এই বছরের ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তির নবায়ন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

    গত বছর মার্চ মাসে দুই দেশের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে বৈঠক করেছিলেন। ভারতের জলসম্পদ মন্ত্রকের একটি সূত্র তখন বিবিসিকে জানিয়েছিলেন, সেটি একটি "বিশেষজ্ঞ পর্যায়ের রুটিন বৈঠক", কিন্তু গঙ্গা চুক্তি নবায়নের প্রশ্নে সেই আলোচনার "আলাদা গুরুত্বও" ছিল।

    বাংলাদেশের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির এই দলের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের হাইকমিশনের দুজন কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

  8. যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর চেষ্টা, আবারো তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, রোহান আহমেদ, বিবিসি উর্দু, ইসলামাবাদ

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও তেহরানে গেছেন। তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ‘আগের সফরেরই ধারাবাহিকতা’ এবং তার এজেন্ডা হলো আলোচনা (যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে) পুনরুজ্জীবিত করা।

    এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

    উল্লেখ্য, মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান।

    সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে সাক্ষাৎ করেন।

    ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন।

    পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত প্রকাশ করেনি।

    তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক বার্তা আদান-প্রদান করছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।

  9. হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল- বলছে ইউনিসেফ

    ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে বারবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল এবং ২০২৪ সাল থেকে অন্তত ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের এটি বলা হয়েছিল।

    দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।

    তিনি বলেছেন, ৫-৬টি চিঠি দেওয়ার পাশাপাশি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়কেই এই পরিস্থিতির বিষয়ে আগিই অবহিত করা হয়েছিল।

    'হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম' শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি জানান চলতি বছরের মে মাস থেকে দেশে পুনরায় হামের রুটিন টিকা আসতে শুরু করেছে এবং পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

    রানা ফ্লাওয়ার্স বলেছেন, “দেশে টিকার মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়”।

    ইউনিসেফের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ ১৭ দশমিক ৮ মিলিয়ন ডোজ হামের টিকা পেয়েছে, যা দেশটির মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ।

    বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত সরবরাহের অভাবে রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়েছে।

    প্রসঙ্গত, দেশে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

    এছাড়া এই সময়ের মধ্যে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

  10. কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় চার জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

    কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কক্সবাজারের আদালত।

    এছাড়া মামলার রায়ে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

    মামলায় বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল এহেছান বিবিসি বাংলার কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    “আমরা পূর্ণাঙ্গ ন্যায়বিচার পেয়েছি। এটি যুগান্তকারী রায়। যাদের খালাস দেওয়া হয়েছে তাদের বিষয়ে মামলার রায়ের পূর্ণাঙ্গ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

    মি. এহেছান জানান, মামলায় মোট ১৮ জন আসামির মধ্যে ছয় জন পলাতক ছিলেন। পলাতকদের মধ্যে একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজন খালাস পেয়েছে।

    তিনি জানান, একইসঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অস্ত্র মামলারও রায় দিয়েছে আদালত এবং সেই সেই মামলায় ১৩ জন আসামিকে দুটি পৃথক ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলায়ও পাঁচ জন আসামি খালাস পেয়েছেন।

    চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় ২০২৪ সালের ২৩শে সেপ্টেম্বর রাতে ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার।

    এ ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

    পরে চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। চার মাস তদন্ত শেষে গত বছরের ১৯শে জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

    আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম।

    আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন- জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম।

  11. যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্প ও মহাকাশে অস্ত্র স্থাপনের পরিকল্পনার নিন্দা শি ও পুতিনের

    চীন ও রাশিয়া তাদের যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত গোল্ডেন ডোম প্রকল্প এবং মহাকাশে অস্ত্র স্থাপনের সম্ভাবনার নিন্দা জানিয়েছে।

    বেইজিংয়েচীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবংরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের পর এই বিবৃতি প্রকাশিত হয়।

    গোল্ডেন ডোম ব্যবস্থাটি ইসরায়েলের পরিচিত আয়রন ডোম মডেলের ভিত্তিতে তৈরি এবং শুরুতে ‘আইরন ডোম অব আমেরিকা’ নামে পরিচিত ছিল। এটি একটি পরিকল্পিত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হবে।

    তবে ইসরায়েলের আয়রন ডোমের তুলনায় গোল্ডেন ডোম পুরো পৃথিবীকে অন্তর্ভুক্ত করবে, যা কক্ষপথে অবস্থানরত কয়েক হাজার উপগ্রহের সমন্বয়ে পরিচালিত হবে।

    যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের প্রযুক্তি “কৌশলগত স্থিতিশীলতার জন্য স্পষ্ট হুমকি তৈরি করে”।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি মহাকাশে সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়, মহাকাশের সামরিকীকরণে অবদান রাখে এবং এটিকে সশস্ত্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে রূপান্তরের দিকে ঠেলে দেয় যা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের নীতির পরিপন্থি… এবং ইতোমধ্যেই কঠিন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে”।

  12. ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে, জানালো ভূমি মন্ত্রণালয়

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সরকারি খাল পুনঃখননে ব্যক্তি উদ্যোগকে সম্পৃক্ত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

    এতে বলা হয়েছে, “ খেয়াঘাট বা ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননের মাধ্যমে খননকৃত মাটি ও বালি অপসারণের সুযোগ দেওয়া হবে। এতে একদিকে খালের নাব্য ফিরিয়ে আনা সম্ভব হবে, অন্যদিকে স্থানীয় উন্নয়ন কাজেও মাটি ও বালির চাহিদা পূরণ হবে”।

    পরিপত্রে জানানো হয়, সড়ক নির্মাণ, স্কুল-কলেজ স্থাপন, মাঠ ভরাট, বসতভিটা উন্নয়ন ও ইটভাটাসহ বিভিন্ন কাজে বিপুল পরিমাণ মাটি ও বালির প্রয়োজন হয়।

    এই চাহিদাকে কাজে লাগিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি খাল খননে সম্পৃক্ত করা হবে। তবে পুরো কার্যক্রম কঠোর প্রশাসনিক তদারকির আওতায় পরিচালিত হবে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ ব্যয়ে খাল খনন ও খননকৃত মাটি-বালি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করতে পারবে।

    সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, খননকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান খননকৃত মাটি নিজ প্রয়োজনে ব্যবহার বা বিক্রি করতে পারবে।

    এ জন্য সরকার, উপজেলা পরিষদ বা অন্য কোনো সংস্থাকে কোনো প্রকার ফি বা মূল্য পরিশোধ করতে হবে না।

    এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত নকশা বা প্রাক্কলনের বাইরে অতিরিক্ত খনন করা যাবে না।

    যদি অতিরিক্ত খননের কারণে পার্শ্ববর্তী জমি, স্থাপনা বা সম্পদের ক্ষতি হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে।

    এ ধরনের বিরোধ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তি করবেন এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

  13. হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ

    হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে বলে সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশকিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেওয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

    সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

    হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে।

    উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    বাংলাদেশ থেকে এবার প্রায় ৮০ হাজার মানুষ হজ পালন করতে সৌদি আরবে গেছেন।

  14. হরমুজ নিয়ে কী ইঙ্গিত দিল চীন ও রাশিয়া

    চীন ও রাশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে ‘একতরফাভাবে’ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে। দুই দেশের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

    ওই বিবৃতিতে বলা হয়েছে, “কিছু নির্দিষ্ট রাষ্ট্র, আন্তঃরাষ্ট্রীয় জোট এবং তাদের মিত্রদের একতরফা পদক্ষেপ, যা আন্তর্জাতিক নৌপরিবহনকে বাধাগ্রস্ত করে, তা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অখণ্ডতা এবং সামগ্রিকভাবে সামুদ্রিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।”

    বিবৃতিতে নির্দিষ্ট করে কোনো গুরুত্বপূর্ণ জলপথের নাম উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি হরমুজ প্রণালির দিকে ইঙ্গিত করছে।

    পাশাপাশি বলা হয়েছে, “বন্দরসহ সামুদ্রিক অবকাঠামোতে সহযোগিতা বাজারভিত্তিক ও বাণিজ্যিক নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত, যাতে রাজনৈতিকীকরণ এবং অতিরিক্ত নিরাপত্তা চেষ্টা এড়ানো যায়।”

  15. বাংলাদেশের চুকনগর গণহত্যা দিবসে যা লিখলেন পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কলিন ঘটা চুকনগর গণহত্যা নিয়ে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি বার্তা দিয়ে তিনি বলেন, "চুকনগর গণহত্যায় আত্মাবলিদানকারী সকল সনাতনী শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি"।

    ১৯৭১ সালের ২০শে মে পাকিস্তানি হানাদার বাহিনী খুলনার চুকনগরে যে হত্যাকাণ্ড চালায়, সেই দিনটিই চুকনগর গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাংলাদেশ। ওই ঘটনায় নিহত মানুষদের স্মরণে স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হয়।

    শুভেন্দু অধিকারী বলেছেন, "খুলনার চুকনগরে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে নিয়ে একযোগে দশ হাজার সনাতনীদের হত্যা করেছিল।"

    তিনি আরও লেখেন, "প্রথিবীতে একদিনে এতবড় পৈশাচিক গণহত্যা কখনও হয়নি"।

    প্রসঙ্গত, চুকনগর গণহত্যা নিয়ে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলে পরিচিত তথাগত রায় এই গণহত্যা নিয়ে আগে বলেছিলেন, "জালিয়ানওয়ালাবাগও এর সামনে ফিকে"।

  16. দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

    প্রায় ৪০ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি চীনা ট্যাংকার বুধবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

    কেপলার এবং এলএসজিএ’র শিপিং ডেটা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলবাহী দুটি চীনা সুপারট্যাংকার পারস্য উপসাগরে দুই মাসের বেশি সময় অপেক্ষার পর বুধবার হরমুজ প্রণালি ত্যাগ করে।

    সাম্প্রতিক দিনগুলোতে অল্প কয়েকটি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে, তবে সফলভাবে চলাচল পুনরায় শুরু হওয়া এবং হোয়াইট হাউসের ক্রমশ নরম সুরে অবস্থানের ফলে তেলের দামে সামান্য পতন দেখা গেছে।

    মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সন্নিকটে রয়েছে, তবে তিনি উল্লেখ করেন যে কোনো চুক্তি হলে তা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

  17. যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করলো চীন

    যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করেছে চীন। গত সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার জানায়, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বিমান ইঞ্জিনের যন্ত্রাংশ ও প্রয়োজনীয় অন্য উপাদানের সরবরাহ নিশ্চয়তা দেবে।

    মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ অক্টোবর মাসে হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর দিকে কাজ করবে এবং পরস্পরের কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমানোর চেষ্টা করবে।

    এই ঘোষণা আসে এমন সময়ে, যখন ট্রাম্পের চীন সফরের মাত্র কয়েক দিন পর শি জিনপিং বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন।

    চীন সফরে ট্রাম্প বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি প্রতিশ্রুতি আদায় করেন। এর মধ্যে ছিল বোয়িং বিমান ক্রয় এবং চীনের বাজারে মার্কিন কৃষকদের জন্য আরও প্রবেশাধিকার।

    চীন ত্যাগ করার পর শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “আমরা অনেক বড় বাণিজ্য চুক্তি করেছি, যার মধ্যে বোয়িংয়ের জন্য ২০০টিরও বেশি বিমান রয়েছে এবং ৭৫০টি বিমানের প্রতিশ্রুতিও পেয়েছি, যা হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার।”

    বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ ট্রাম্পের সঙ্গে চীন সফরকারী মার্কিন প্রতিনিধিদলের অংশ ছিলেন। প্রতিনিধিদলে আরও ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক এবং এআই চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

    বোয়িং এক বিবৃতিতে জানায়, “চীন সফরটি অত্যন্ত সফল ছিল এবং আমরা বোয়িং বিমানের অর্ডারের জন্য চীনের বাজার পুনরায় উন্মুক্ত করার আমাদের প্রধান লক্ষ্য অর্জন করেছি।”

  18. যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

    রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে এবং এর মাধ্যমে গত ছয় মাসে ইরান ও ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে মনে হচ্ছে।

    শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছেন, “অন্যান্য দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ সামরিক হামলা, এমন হামলার প্রস্তুতি নেওয়ার আড়াল হিসেবে ভণ্ডামিপূর্ণভাবে আলোচনার ব্যবহার, সার্বভৌম রাষ্ট্রের নেতাদের হত্যাকাণ্ড, এসব রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা, শাসন পরিবর্তনের উসকানি এবং জাতীয় নেতাদের প্রকাশ্য অপহরণ করে বিচারের মুখোমুখি করা।”

    তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড "জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়মগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্বব্যবস্থার ভিত্তির অপূরণীয় ক্ষতি করে"।

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে বর্তমান বিশ্বব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে শি ও পুতিন নিজেদের ক্রমশ একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থার অগ্রদূত হিসেবে উপস্থাপন করছেন।

  19. চীন ও রাশিয়া পরস্পরের অংশীদার, সহযোগী নয়, অঙ্কুর শাহ, এডিটর বিবিসি গ্লোবাল চায়না ইউনিট

    চীন ও রাশিয়ার মধ্যে যখনই মতপার্থক্য দেখা যায়, তখন তাদের সম্পর্কের একটি মৌলিক সত্য স্পষ্ট হয়ে ওঠে- কোনো দেশকেই অন্য দেশের পথ অনুসরণ করতে হয় না, কারণ তাদের সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়।

    মস্কোয় নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাসের সাবেক উপপ্রধান বোবো লো বিবিসিকে বলেন, “এটি কোনো জোট নয়, বরং একটি নমনীয় কৌশলগত অংশীদারত্ব।”

    অনেকবার এই সম্পর্ক ভেঙে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হলেও, তা এখনো টিকে আছে।

    পশ্চিমা দেশগুলোর মতো নয়, যারা মানবাধিকারসহ বিভিন্ন মূল্যবোধের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

    বরং রাশিয়া ও চীন একে অপরের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে বিচার-বিশ্লেষণ করে না।

    চীনের শিনজিয়াং অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যা চীন অস্বীকার করে এবং রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর ঘটনার পর কিছু পশ্চিমা দেশ এই দুই দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আরও সতর্ক হয়ে উঠেছে।

    তবে মস্কো ও বেইজিং এসব ইস্যুকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়।

  20. আগামী মাসে জি৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে, ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সে অনুষ্ঠেয় গ্রুপ অব সেভেন সম্মেলনে অংশ নেবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

    এর আগে, মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই আয়োজনে তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল।

    মি. ট্রাম্প এই বৈঠককে প্রচলিত কূটনৈতিক সমাবেশের তুলনায় বাণিজ্যকেন্দ্রিক করতে আগ্রহী বলে জানা গেছে।

    তার স্বাগতিক প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর আগে মি. ট্রাম্পকে অংশগ্রহণে উৎসাহ দিতে ভার্সাই প্রাসাদে সম্মেলন-পরবর্তী নৈশভোজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন।

    সম্মেলনের প্রস্তাবিত তারিখগুলো এর আগে পরিবর্তন করা হয়েছিল, যাতে মি. ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে একটি ইউএফসি লড়াই আয়োজনের পরিকল্পনার সঙ্গে সময়ের বিরোধ এড়ানো যায়।