আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ইরানে নতুন করে ইসরায়েলি হামলা, চারদিনে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে

ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসব হামলায় মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। দিনের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সন্দেহভাজন ১০ আইআরজিসি স্পাই গ্রেফতারের দাবি কাতারের

    ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের হয়ে কাজ করা “দুইটি চক্রকে সফলভাবে গ্রেফতার” করা হয়েছে বলে দাবি করেছে কাতার।

    বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

    এই সংবাদ সংস্থা জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে সাতজনকে “দেশের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেয়া হয়েছিল।”

    “ড্রোন ব্যবহারের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল” বলে বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, “জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের সাথে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে তাদের গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।”

  2. ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নতুন দফায় হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

    গত কয়েক ঘণ্টায় ইসরায়েলে সতর্ক সংকেত বাজিয়ে জানানো হয় যে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

    সাইরেন বেজে ওঠে এবং মোবাইলে ইসরায়েলি নাগরিকরা সতর্কবার্তা পায় যে, নিরাপদে আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।

    লেবানন থেকে প্রজেক্টাইল নিক্ষেপের দিকে নজর রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেখানে হেজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।

    ইসরায়েল দাবি করেছে, যেসব ক্ষেপণাস্ত্র এবং প্রজেক্টাইল ছোঁড়া হয়েছে সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

  3. দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

    সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির এই তথ্য প্রকাশ করেছে।

    এর বাইরে দেশটির সরকারি সংস্থা সৌদি প্রেস এজেন্সি আরো নয়টি ড্রোন ভূপাতিত করা কথা জানিয়েছে।

    তবে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি জানায়নি সৌদি কর্মকর্তারা।

  4. ইরান, লেবানন, ইরাক, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে হামলায় ক্ষয়ক্ষতির ছবি

    মঙ্গলবার ইরান, লেবানন, ইরাক, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে হামলায় ক্ষয়ক্ষতির কিছু ছবি এখানে দেওয়া হল।

  5. শত শত ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের

    ইরানে প্রায় তিনশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    একইসাথে লেবাননের একাধিক লক্ষবস্তুতে হামলা করা হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে আইডিএফ।

    “গত ২৪ ঘণ্টায় শত শত যুদ্ধবিমান ও সামরিক বিমান একযোগে ইরান ও লেবাননে শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে” এক বিবৃতিতে বলেছে আইডিএফ।

    তারা আরো জানিয়েছে, “প্রতিরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ধারাবাহিকভাবে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়ে যাচ্ছে।”

  6. লেবাননে আরো বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের

    লেবাননের আরো এক ডজনের বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে ইসরায়েল।

    হেজবুল্লাহকে লক্ষ্য করে তারা আরো হামলা চালাবে বলে জানিয়েছে।

    ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদরাই এই সতর্কবার্তাটি দেন।

    তিনি বলেন, চিহ্নিত এলাকাগুলো থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে হবে বাসিন্দাদের।

    এতে আরও বলা হয়েছে, “যে কেউ হেজবুল্লাহ সদস্য, স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবে, সে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে।”

    এদিকে লেবানন জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

  7. ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে

    ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি(এইচআরএএনএ)।

    তাদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি।

    আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে একশ জনই শিশু।

    এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪ টি হামলা হয়েছে।

    এই হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে এইচআরএএনএ।

  8. ইরানে নতুন করে ইসরায়েলের হামলা

    ইসরায়েল জানিয়েছে, তারা নতুন করে ইরানে হামলা শুরু করেছে। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ নেতৃত্বের বসবাসের স্থানগুলো লক্ষ্য করে হামলার তথ্য জানিয়েছিল ইসরায়েল।

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু উপড়ে ফেলা হয়েছে।

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার অভিযান শুরুর পর তারা ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

    অন্যদিকে পাল্টা হামলায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হওয়ার তথ্য জানা গেছে।

    এসব হামলায় মঙ্গলবার রাত পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

  9. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।তিনি দাবি করেছেন, তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। কিন্তু এখন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না বলে জানিয়েছেন।
    • ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। সেইসঙ্গে, ইরানের অস্ত্র তৈরির কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
    • সাইপ্রাসে নিজেদের সেনা ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এখন ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কথা ভাবছে যুক্তরাজ্য। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দেশটির প্রতিরক্ষাসূত্রে জানা যাচ্ছে।
    • যুক্তরাজ্য 'সাহায্য করছে না' এবং সম্পর্ক 'আগের মতো নেই' বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • কুয়েতে মার্কিন একটি সামরিক স্থাপনায় চালানো ইরানের হামলায় অন্তত ছয় আমেরিকান সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
    • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
    • ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে।
    • "লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে" তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ।
    • হেজবুল্লাহকে দমনে লেবাননের অতিরিক্ত কৌশলগত এলাকা দখল এবং স্থলভাগে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
    • কুয়েত, সৌদি আরব ও বৈরুতে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা।
    • মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ শেষ হতে যাচ্ছে এমন সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর তথ্য জানিয়েছে কাতার।
    • সংযুক্ত আরব আমিরাতের আবারও হামলা চালিয়েছে ইরান। হামলার পর ফুজাইরাহ তেলে টার্মিনালের ওপরে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানিয়েছে, ইরানের ড্রোন ধ্বংস করার পর সেগুলোর একটি ধ্বংসাবশেষ ওই তেলের টার্মিনালের ওপর পড়ে আগুন লাগে।
    • সীতাকুন্ডের শিশুর শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ শহর দাহরানে ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।শহরটি সৌদি আরবের তেল শিল্পের প্রধান কেন্দ্র।
    • ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর গত চারদিনে ১৭২টি ক্ষেপণাস্ত্র এবং ৭৫৫টি ড্রোন ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রথমবারের মতো খুলে দেওয়া হল গাজা ক্রসিং।
    • দুর্নীতি দমন কমিশন বা দুদক এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনের অন্য দুই সদস্য পদত্যাগ করেছেন।
    • ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা দূরপাল্লার রেলে ভ্রমণের ক্ষেত্রে টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট বা মূল্যছাড় সুবিধা পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এক্ষেত্রে 'যথাযথ আইডি কার্ড' বা পরিচয়পত্র দেখিয়ে তারা এই সুবিধা নিতে পারবেন বলে জানান তিনি।
    • জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ) এবং গণভোট অর্ডিন্যান্স- সংবিধানের সঙ্গে 'সাংঘর্ষিক হওয়ায়' এগুলো কেন অবৈধ হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
  10. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে