লাইভ, ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

মার্কিন সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে। এদিকে, ষষ্ঠ দিনে গড়ানো যুদ্ধে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত আছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব

    বৃহস্পতিবার তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, “তিনটি ক্রজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়েছে।”

  2. হামলার পর প্রথম দুই দিনে প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়েছে: ইউএনএইচসিআর

    নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন অনেকে

    ছবির উৎস, Getty Images

    মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

    সংস্থাটি জানিয়েছে, হামলার পর প্রথম দুই দিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে।

    লেবাননে বলা হয়েছে, সেখানে ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।

    সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে দোসরা মার্চ প্রায় ১০ হাজার সিরীয় এবং প্রায় এক হাজার লেবানিজ দেশটিতে প্রবেশ করেছে—যা দৈনিক গড় প্রবেশের সংখ্যার প্রায় তিন গুণ।

  3. আত্মসমর্পণ না করার ঘোষণা হেজবুল্লাহর, অ্যালিস কাডি, বৈরুত থেকে

    হেজবুল্লাহর নেতা নাইম কাসেম

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর নেতা নাইম কাসেম

    হেজবুল্লাহর নেতা নাইম কাসেম বলেছেন, ইরান-সমর্থিত এই সংগঠন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যেও “আত্মসমর্পণ করবে না”।

    সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। তিনি বলেন, হিজবুল্লাহ ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতির চুক্তি মেনে চলেছিল, কিন্তু ইসরায়েল “চুক্তির কোনো ধারাই মানেনি”।

    টেলিভিশন ভাষণে কাসেম বলেন, “আমরা কূটনৈতিক সমাধানে সম্মত হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি সুযোগ হিসেবে দেখেছিলাম। কিন্তু বারবার বলেছি—‘ধৈর্যেরও সীমা আছে’।"

    তিনি আরও বলেন, “আমাদের সিদ্ধান্ত হলো তাদের মোকাবিলা করা—চরমতম ত্যাগের বিনিময়ে, সীমার শেষ প্রান্ত পর্যন্তও এবং আমরা আত্মসমর্পণ করব না।”

    সোমবার হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালায়, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

    ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে লাখো সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

  4. সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরান ইস্যুতে রুবিওর আলোচনা

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে রুবিওর মুখপাত্র জানিয়েছেন।

    মুখপাত্র টমি পিগট বলেন, “রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান”।

    মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল।

    ফোনালাপে রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী “ইরানি শাসনব্যবস্থা যে হুমকি অব্যাহতভাবে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সৃষ্টি করছে, সেই বিষয়সহ অঞ্চল সম্পর্কিত অন্যান্য সাম্প্রতিক উন্নয়ন” নিয়ে আলোচনা করেন।

  5. ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

    ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন

    ছবির উৎস, US Senate

    ছবির ক্যাপশান, ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন

    মার্কিন সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে।

    ইরানে ট্রাম্পের আরও সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন।

    আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

    এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘাত থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এ বিষেয়ে আগের প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়েছে এবং এই উদ্যোগ সফল হলেও যুদ্ধের গতিপথ কতটা বদলাতো তা পরিষ্কার নয়।

    ভোটের আগে ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন এবং যুদ্ধের পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

    অন্যদিকে বেশিরভাগ রিপাবলিকান বলেছেন, তারা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরও বিস্তৃত হলে তারা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

    তবে কংগ্রেস থেকে এ বিষয়ে শেষ কথা এখনো শোনা বাকি—কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই আছে—এবং ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে এই আলোচনায় তারা আবারও ফিরবে।

    হাউস আগামীকাল একই প্রশ্নে ভোট দেবে এবং এই সপ্তাহে ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের জানান যে, যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবকে সমর্থন করার দিকে বেশি ঝুঁকতে পারেন।

  6. যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, গতকালের উল্লেখযোগ্য কয়েকটি তথ্য

    • মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে “হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে”।
    • ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সংঘাত শুরুর পর থেকে তারা ইরানে পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।
    • সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাংকার আটকে রয়েছে। এসব ট্যাংকারের মালিকরা অপেক্ষা করছেন—বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কি না তা দেখার জন্য।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল” এবং “প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন।”
    • পিট হেগসেথ আরো বলেছেন যে, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র “একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।”
    • সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
    • সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় এই হামলার চেষ্টা হয়েছে।
    • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার থেকেই শুরু হওয়ার কথা ছিল।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে।
    • ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।”
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন" বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
    • ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে