পত্রিকা: 'আগের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়ার সুপারিশ'

পত্রিকা
Published
পড়ার সময়: ৮ মিনিট

আজ ঢাকার পত্রিকাগুলোর শিরোনামে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত ও আহত হওয়া, ফ্লাইট বাতিল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান কমে যাওয়ার খবর গুরুত্ব পেয়েছে। এ ছাড়া রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া 'অপ্রয়োজনীয়' প্রকল্প বাদ দেয়ার সুপারিশ ও দেশের রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের বিষয়টিও।

আজকের পত্রিকার খবর- আগের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়ার সুপারিশ। খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 'অপ্রয়োজনীয়' ও 'দুর্নীতির উদ্দেশ্যে' নেওয়া প্রকল্প বাদ দিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের বলেন, 'জনগণের স্বার্থে যে প্রকল্পগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে অপ্রয়োজনীয় ও দুর্নীতির জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো বাদ দিয়ে জনগণের স্বার্থে যেসব প্রকল্প নেওয়া প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গুরুত্বারোপ করেছি। যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি এবং পদায়নের জন্য গুরুত্বারোপ করেছি।'

আজকের পত্রিকা
নয়া দিগন্ত

নয়া দিগন্ত পত্রিকার খবর - দুই বছরে ২৩ মৃত্যুদণ্ডের কার্যকর হয়নি একটিও। খবরে বলা হয়েছে, আগামী ১৪ই অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বছর পূর্ণ হচ্ছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে এ পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

এসব রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ১১ জনকে যাবজ্জীবন এবং ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দণ্ডিত ৬৮ জনের মধ্যে ৪৭ জন পলাতক এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র চারজন।

এদিকে ৭০টির বেশি মামলা বিচারাধীন এবং প্রসিকিউশনে জমা পড়েছে প্রায় ৬০০টি অভিযোগ।

বিচারাধীন মামলার ধীরগতি, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘোষিত রায় বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিউ এইজ
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নিউ এইজ পত্রিকার খবর- External debt hits record $115b অর্থাৎ বিদেশি ঋণ রেকর্ড ১১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। খবরে বলা হয়েছে, এই মূহুর্তে দেশে মাথাপিছু ঋণের পরিমান ৮০ হাজার টাকা।

বাংলাদেশের বিদেশি ঋণ গত জুনে বেড়ে রেকর্ড ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ১৪ হাজার কোটি টাকা।

ঋণ পরিশোধের চাপ, রাজস্ব আদায়ে দুর্বলতা ও রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতাকে চাপে ফেলছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে দেশের বিদেশি ঋণের পরিমাণ ছিল ১১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

তিন মাসে তা বেড়েছে ৪ বিলিয়ন ডলারের বেশি। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে, মোট বিদেশি ঋণের পরিমাণ ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের প্রায় দেড় গুণ।

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ ৬৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ হাজার ৩২০ টাকা। এক দশকেরও কম সময়ের মধ্যে মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে।

বিদেশি ঋণ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে সরকারি খাত।

গত মার্চে সরকারি খাতের বিদেশি ঋণ ছিল ৯০ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা জুনে বেড়ে ৯৫ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বেসরকারি খাতের বিদেশি ঋণ ২০ বিলিয়ন ডলার থেকে সামান্য কমে ১৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে নেমেছে।

যুগান্তর

যুগান্তর পত্রিকার খবর - শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী। খবরে বলা হয়েছে, হুথি হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় দেশটিতে ফেরার অপেক্ষায় ঢাকায় আটকে পড়েছেন প্রায় চার হাজার যাত্রী।

কখন চালু হবে বিমানবন্দর, কখন চালু হবে ফ্লাইট সে ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় অনিশ্চয়তায় কাটছে তাদের সময়।

রিয়াদের বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ বিপুল হতাহতের পর হাজারো প্রবাসীর যাত্রা আটকে গেছে।

শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ১০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীরা।

অনেকেই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও কিনারা করতে পারছেন না।

ভারত হয়ে বিকল্প রুটের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

ইয়েমেন লড়াইরত হুথি বিদ্রোহীরা বিশ্বের এয়ারলাইন্সগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ায় পরিস্থিতি আরও বেশি জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।

বণিক বার্তা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হয়েছেন।

আহত চার বাংলাদেশি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

এরই মধ্যে সৌদি আরবের বিমানবন্দর এড়িয়ে চলতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে হুথিরা।

অন্যদিকে, হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, এতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

মানবজমিন

মানবজমিন পত্রিকার খবর - ৪ নিয়োগে সরকারের তালগোল। খবরে বলা হয়েছে, নিয়োগ ঘিরে তৈরি হচ্ছে একের পর এক জটিলতা। কোথাও পরীক্ষা শুরুর ঠিক আগে বাতিল, কোথাও চূড়ান্ত সুপারিশের পরও মিলছে না নিয়োগপত্র।

পুলিশি যাচাইয়ে বাদ পড়ছেন সুপারিশপ্রাপ্তরা।

আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়ে বিতর্ক ও আন্দোলনের মুখে পড়ছে সরকার।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা স্থগিত, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র না পেয়ে প্রার্থীদের আন্দোলন এবং ৪৯তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের একাংশের প্রথম দফায় নিয়োগ না পাওয়ায় প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সরকারের প্রস্তুতি নিয়ে।

ভিসি নিয়োগ ঘিরেও বারবার আন্দোলন ও নিয়োগ পরিবর্তনের ঘটনা ঘটছে।

গত শনিবার নিয়োগ পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে বাতিল করা হয় পরীক্ষা। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (২৪২টি পদ) নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওঠে।

এই পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী ঢাকায় আসেন।

রাজধানীর ১০০টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হলেও পরীক্ষা শুরুর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় তা স্থগিত করা হয়।

হঠাৎ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। কেউ কেউ প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান।

কালের কণ্ঠ

কালের কণ্ঠ পত্রিকার খবর - রূপপুর বিদ্যুৎকেন্দ্রে প্রথম সফল পারমাণবিক বিক্রিয়া। খবরে বলা হয়েছে, রবিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। খবরটি বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা।

তিনি জানান, দুপুর ৩টায় ৩৪ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়েছে। এখন পর্যন্ত সব প‍্যারামিটার চাহিদা অনুযায়ী মাত্রায় আছে। বিকিরণের মাত্রা নিয়ে ভয়ের কিছু নেই।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা।এই কেন্দ্রের চুল্লির মডেল তৃতীয় প্রজন্মের ভিভিইআর ১২০০ মডেলের, যেখানে এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ'র গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ 'বি ওয়ান' মোটামুটি সফলভাবে শেষ হয়েছে।

সমকাল

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশিদের বৈদেশিক কর্মসংস্থান কমেছে ৩৯ দশমিক ৫ শতাংশ।

চলতি বছরের ১ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চাকরি নিয়ে বিদেশে গেছেন চার লাখ ১৭ হাজার ৮৭১ বাংলাদেশি।

২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ছয় লাখ ৯০ হাজার ৮০৪। আর ২০২৪ সালের একই সময়ে বিদেশ গিয়েছিলেন পাঁচ লাখ ৭৬ হাজার ৯৪৩ জন। করোনা মহামারির পর চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলায় বাংলাদেশিদের কর্মসংস্থান আরও ঝুঁকিতে পড়েছে।

গত দুই দিনে সৌদিতে হুতিদের হামলায় অন্তত চার বাংলাদেশি নিহত হয়েছেন। ২০১৪ সাল থেকে হুতিদের দমনে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব।

এতদিন যুদ্ধ ইয়েমেনে সীমাবদ্ধ থাকলেও গত মাসে ইরানসমর্থিত হুতিরা সৌদিতে পাল্টা হামলা শুরু করে।

দেশটির তেলখনি, পাইপলাইন, বিমানঘাঁটি ও বেসামরিক বিমানবন্দরে হামলা হয়েছে। যুদ্ধ সৌদি আরবে ছড়িয়ে পড়ায় দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশিদের কর্মসংস্থানেও।

প্রথম আলো

প্রথম আলো পত্রিকার প্রথম পাতার খবর - আদালতের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে ধরপাকড়

ভারতে বিক্ষোভকারীদের কাউকে বেআইনিভাবে আটক না করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও নয়াদিল্লিতে ধরপাকড় চলেছে। টানা দ্বিতীয় দিনের মতো গতকাল রোববারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েক শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে সাংবাদিকদেরও। তবে আটকের ২৪ ঘণ্টা পর গতকাল সকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তির পরপরই এই তিন নেতা ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মুক্তির পর বেলা দুইটার দিকে নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায় সংবাদ সম্মেলনে আসেন সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁরা বলেন, লড়াই থামবে না। বরং আরও তীব্র হবে। এই সরকারের ঘণ্টা বেজে গেছে। পতন আসন্ন।

সিজেপি নেতারা বিক্ষোভকারীদের, বিশেষ করে তরুণদের রাস্তায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - CAB questions new LPG prices without hearings অর্থাৎ গণশুনানি ছাড়াই এলপিজির দাম নির্ধারণ, বিইআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন ক্যাবের

জনস্বার্থে ভোক্তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব থাকলেও গণশুনানি ছাড়াই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)সহ জ্বালানির দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে সংস্থাটি ভোক্তাদের স্বার্থ কতটা রক্ষা করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত 'এলপিজির দাম: ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যর্থ কে?' শীর্ষক এক আলোচনা সভায় বিষয়টি উঠে আসে।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট বিইআরসিকে গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১২ এপ্রিল গণশুনানি করেছিল কমিশন। তবে পরে গণশুনানি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ গত ৪ অক্টোবর দাম নির্ধারণের ক্ষেত্রেও কোনো গণশুনানি করা হয়নি।

টাইমস অফ বাংলাদেশ

টাইমস অফ বাংলাদেশের খবর - বিনিয়োগকারীদের অর্থে আখতারুজ্জামানের সম্পদ। খবরে

সাবেক বিএনপি সংসদ সদস্য ও পরে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মোহাম্মদ আখতারুজ্জামানের অ্যাকুয়াকালচার খামারের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ ব্যবসায় বিনিয়োগ করেও শেয়ারহোল্ডারদের মুনাফা না দেওয়ার অভিযোগ উঠেছে।

১৯৯৪ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৫ কোটি ৩৪ লাখ টাকা সংগ্রহ করে।

২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনে প্রতিষ্ঠানটির সম্পদের মূল্য ৫৫৬ কোটি টাকা দেখানো হলেও প্রায় ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার এখনো মুনাফা পাননি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান ও তার স্ত্রী সুলতানা জামান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গোচিহাটা গ্রামে ৬ দশমিক ৩০ একর জমিতে ব্যবসা শুরু করেন।

বর্তমানে প্রতিষ্ঠাতা পরিচালকদের হাতে কোম্পানির ২৫ দশমিক ৮৬ শতাংশ মালিকানা রয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির বরাদ্দ পাওয়া ১০৯ একর জমিতে বিনিয়োগকারীরা অংশ পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

সাবেক কয়েকজন পরিচালককে কখন ও কেন বাদ দেওয়া হয়েছে, সে বিষয়েও বিনিয়োগকারীদের জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।