কেন সবুজাভ হয়ে যাচ্ছে তাজমহল?

মুঘল সম্রাট শাহজাহান ১৭ শতকে ভারতের আগ্রায় তাজমহল তৈরি করেন
ছবির ক্যাপশান, মুঘল সম্রাট শাহজাহান ১৭ শতকে ভারতের আগ্রায় তাজমহল তৈরি করেন
Published

ভারতের অন্যতম প্রধান নিদর্শন তাজমহল বেশ কিছুদিন ধরেই হুমকির মুখে পড়েছে।

কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এটির রঙ ক্রমেই অনেকটা সবুজ হয়ে উঠছে।

পরিবেশবিদরা বলছেন, নানা পোকামাকড়ের বিষ্ঠা জমে জমে তাজমহলের সাদা মার্বেল অনেকটা সবুজাভ হয়ে উঠেছে।

পাশের দূষিত যমুনা নদী থেকে পোকামাকড় আসছে তাজমহলে
ছবির ক্যাপশান, পাশের দূষিত যমুনা নদী থেকে পোকামাকড় আসছে তাজমহলে

এজন্য পাশের যমুনা নদীর দূষণকে দায়ী করেছেন তারা।

গত কয়েক দশক ধরেই অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণ এবং যুদ্ধের সময়কার বোমা হামলার কারণে কারণে ১৭ শতকের এই স্থাপত্যটি হুমকির মুখে রয়েছে।

মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধি আর স্মৃতিচিহ্ন হিসাবে ভারতের আগ্রায় এই স্থাপত্যটি তৈরি করেন, যিনি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এটিকে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি বলে মনে করা হয়।

পোকামাকড়ের বর্জ্যে তাজমহলের দেয়াল সবুজাভ হয়ে উঠছে
ছবির ক্যাপশান, পোকামাকড়ের বর্জ্যে তাজমহলের দেয়াল সবুজাভ হয়ে উঠছে

বিবিসির গীতা পাণ্ডে বলছেন, মূলত পাঁচটি কারণে তাজমহল হুমকির মুখে। তার একটি পোকার বর্জ্য। এছাড়া কাছের তেল পরিশোধন কেন্দ্রের কারণেও এটির মার্বেল ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে। এজন্য অবশ্য কাদামাটির প্রলেপ দিয়ে মার্বেলের দূষণ কমানোর চেষ্টা করা হচ্ছে।

দূষণের আরো একটি কারণ, তাজমহলের কাছেই উত্তর প্রদেশ সরকারের একটি বিপণি বিতান তৈরি করা।

সন্ত্রাসী হামলার আশংকায় সম্প্রতি তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে
ছবির ক্যাপশান, সন্ত্রাসী হামলার আশংকায় সম্প্রতি তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে

কাছাকাছি থাকা ২০০ বছরের পুরনো একটি শ্মশানের কাঠ পোড়া ধোয়া দীর্ঘদিন ধরে তাজমহলের ক্ষতি করে চলেছে। সম্প্রতি ভারতের হাইকোর্ট এটি হয় সরিয়ে নেয়া অথবা বৈদ্যুতিক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

তাজমহল সর্বশেষ যে হুমকির মুখে পড়েছে, তা হলো সন্ত্রাসী হামলা।

আল কায়েদা এখানে হামলা চালাতে পারে, এরকম হুমকির পর সম্প্রতি তাজমহলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০০১ সালেও পাকিস্তানি লস্কর ই তৈয়বা এখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গিয়েছিল।