করোনা ভাইরাস: বাংলাদেশে চারমাসের মধ্যে সবচেয়ে কম কোভিড-১৯ আক্রান্ত ও মৃত্যু

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Getty Images

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,১৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৩২৫ জনের মৃত্যু হলো।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর ফলে জুন থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত, চারমাস পর ২৪ ঘণ্টায় সবচেয়ে কম রোগী শনাক্ত এবং মৃত্যুর তথ্য জানা গেল।

করোনাভাইরাস পরীক্ষা

ছবির উৎস, Bangladesh Health Department

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৪২ জন।

বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২.৩৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৫৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

Banner image reading 'more about coronavirus'
Banner