ক্যাসিনো বিতর্ক: স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও পদ হারালেন

ক্যাসিনো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্যাসিনো বিরোধী অভিযানের সময় প্রকাশ পায় যে মোল্লা মো: আবু কাওসার ঢাকার ওয়াণ্ডারার্স ক্লাবের সভাপতি

যুবলীগের চেয়ারম্যানর পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে সরিয়ে দেয়ার পর এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাওসার।

ঢাকায় মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় দেয়া বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি দলীয় সভানেত্রীর এ নির্দেশনা ইতোমধ্যেই মিস্টার কাওসারকে জানিয়ে দিয়েছেন।

"আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সাথে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা তাকে জানিয়েছি। তাকে নেত্রী তার পদ থকে অব্যাহতি দিয়েছেন। এটা আমি ইতোমধ্যেই তাকে জানিয়ে দিয়েছি"।

স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একটি, যার দায়িত্বে ছিলেন মোল্লা মো: আবু কাওসার।

এবার ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযানের সময় প্রকাশ পায় যে তিনি ঢাকার ওয়াণ্ডারার্স ক্লাবের সভাপতি।

ওই ক্লাবটিতে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছিলো।

মূলত এরপর থেকেই আর সাংগঠনিক কার্যক্রমে দেখা যাচ্ছিলোনা তাকে।

এর মধ্যেই মিস্টার কাওসার ও তার পরিবারের সদস্যদের এবং তাদের একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিবিসি বাংলায় আরও পড়ুন: