লাইভ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘বাস্তবসম্মত লক্ষ্য’ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন “কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘বাস্তবসম্মত লক্ষ্য’ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিবিএস নিউজকে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ নিয়ে সোমবার গভীর রাতে একটি বিস্তৃত সাক্ষাৎকার দেন। সেখানে তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:

    • মোজতবা খামেনির নিয়োগ — আরাঘচি বলেন, আলী খামেনির ছেলেকে নিয়োগ দেওয়ায় তার পিতার শাসনব্যবস্থার “ধারাবাহিকতা” রক্ষা হবে এবং একই সঙ্গে “কিছুটা স্থিতিশীলতাও” এনে দেবে।
    • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা — যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আরাঘচি বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই সুযোগ আসবে, কারণ ইরানের “আমেরিকানদের সঙ্গে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা” রয়েছে।
    • মার্কিন-ইসরায়েলি লক্ষ্য — আরাঘচির মতে, “আমি মনে করি না তাদের মাথায় কোনো বাস্তবসম্মত শেষ লক্ষ্য রয়েছে”। তিনি যোগ করেন, এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন।
    • তেলের দাম — আরাঘচি বলেন, তেলের দাম বৃদ্ধি “আমাদের দোষ নয়”; তিনি এর জন্য “ইসরায়েলি ও আমেরিকানদের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসন”কে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান “হরমুজ প্রণালী বন্ধ করেনি” এবং “আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না”।
    • নাগরিক হতাহতের বিষয় — ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি হামলায় “কিছু পার্শ্বপ্রতিক্রিয়া” হয়েছে, তবে তিনি দাবি করেন, ইরান “কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি”।
  2. তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ‘কোনো ন্যায্যতা নেই’, ইরানকে এরদোয়ান, এমিলি উইদার, তুরস্ক-ইরান সীমান্ত থেকে প্রতিবেদন

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন “কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না”। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কোনো পক্ষকেই সাহায্য করছে না।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করছে।

    গত রাতে মন্ত্রিসভার বৈঠকে এরদোয়ান বলেন, “আমাদের আন্তরিক সতর্কবার্তা সত্ত্বেও অত্যন্ত ভুল এবং উত্তেজনা-সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা তুরস্কের বন্ধুত্বকে ঝুঁকির মুখে ফেলছে”।

    এই মন্তব্য আসে এমন সময়, যখন নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার তুর্কি আকাশসীমায় প্রবেশ করা ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

    নেটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী আকারে দ্বিতীয় বৃহত্তম এবং দেশটির সঙ্গে ইরানের ৫০০ বছরের স্থিতিশীল সীমান্ত রয়েছে।

    নেটোর অন্য কোনো দেশ ইরানে অবশিষ্ট শাসনব্যবস্থার সঙ্গে এমন নিবিড় যোগাযোগ রাখে না। ইউক্রেন, গাজা এবং আরও বেশ কিছু সংকটের মতো এখানেও এরদোয়ান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

    মঙ্গলবার কাপিকয় সীমান্ত ক্রসিং দিয়ে ইরানিরা তুরস্কে প্রবেশ করছে

    ছবির উৎস, REUTERS/Dilara Senkaya

    ছবির ক্যাপশান, মঙ্গলবার কাপিকয় সীমান্ত ক্রসিং দিয়ে ইরানিরা তুরস্কে প্রবেশ করছে
  3. ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২৩৩৯ জন আহত: ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়

    মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজার ৩৩৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ জন এখনো চিকিৎসাধীন, যাদের অবস্থা অতিমাত্রায় সংকটজনক থেকে মৃদু পর্যন্ত।

    গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে—এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তিনজন গুরুতর, দু’জন মাঝারি অবস্থায়, ১৭২ জনের অবস্থা হালকা এবং ১০ জন উদ্বেগজনিত রোগে ভুগছেন।

    এছাড়া চিকিৎসা মূল্যায়নের অধীনে রয়েছেন আরও তিনজন।

    এদিকে, ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে মধ্য ইসরায়েল লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে—যেখানে লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বাস করেন।

  4. পশ্চিমবঙ্গে ‘নির্ভুল’ এসআইআরের নির্দেশ সুপ্রিম কোর্টের

    ভারতের সুপ্রিম কোর্ট

    ছবির উৎস, Sanchit Khanna/Hindustan Times via Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের সুপ্রিম কোর্ট

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ( এসআইআর) যাতে নির্ভুল হয় তার জন্য মঙ্গলবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ পড়াদের আবেদনের শুনানির জন্য হাই কোর্টে প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে একটি আপিল ট্রাইবুনাল গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

    মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই কমিটি গঠনের নির্দেশ ভারতের সর্বোচ্চ আদালতের। এ দিন শুনানিতে এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

    আইনজীবী ও তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য মেনকা গুরুস্বামী সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আর্কষণ করেন। সেই পরিপ্রেক্ষিতেই মামলায় মঙ্গলবার এই পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত।

    পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে সুপ্রিমকোর্টে একাধিক মামলা হয়েছে। তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

  5. ইরানি শাসনব্যবস্থা গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, দাবি নেতানিয়াহুর

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

    ইসরায়েলের লক্ষ্য হলো ইরানি জনগণকে বর্তমান শাসনব্যবস্থার “নিপীড়ন” থেকে মুক্ত করা, তবে “শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে”- বলেন তিনি।

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, “এ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনো সক্রিয়”।

  6. তেহরান ও কারাজে আগের চেয়েও তীব্র হামলা হয়েছে গতরাতে- ইরানিদের ভাষ্য, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি নিউজ ফার্সি

    গতরাতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা মূলত তেহরানের বিভিন্ন অংশ ও কাছাকাছি কারাজ এলাকায় চালানো হয়েছে বলে মনে হয়েছে।

    বাসিন্দারা আমাদের বলেছেন, এগুলো আগের রাতের তুলনায় আরও তীব্র ছিল। কিছু মানুষ বলেছেন, তারা দীর্ঘ সময় ধরে বারবার বিস্ফোরণের শব্দ শুনেছেন।

    তেহরানের বিশের কোঠার এক নারী আমাকে বলেন, “এটি আগের রাতগুলোর চেয়ে ভিন্ন মনে হয়েছে”।

    তিনি বলেন, “গত রাতে আকাশে অদ্ভুত সাদা আলো দেখা যাচ্ছিল,” এবং যোগ করেন, “হামলার সময় কিছুটা অস্থিরতার অনুভূতি হচ্ছিল”।

  7. কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে- পুতিনের সঙ্গে আলাপের পর ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Reuters

    ডোনাল্ড ট্রাম্প বলেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে।

    তিনি সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব”।

    মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, “তারপর, কে জানে? হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে”।

    একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে “খুব ভালো” একটি ফোনালাপ করেছেন।

    তবে তিনি বিস্তারিত বলেননি কোন নিষেধাজ্ঞা—বা কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে।

  8. রাতে উপসাগরীয় দেশগুলোতে আরও হামলার খবর

    ইরাকের ইরবিলে সংযুক্ত আর আমিরাতের কনস্যুলেট থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরাকের ইরবিলে সংযুক্ত আর আমিরাতের কনস্যুলেট থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ইসরায়েল লেবাননেও আঘাত হানছে। এরই মধ্যে ইরানের প্রতিশোধমূলক হামলা উপসাগরীয় দেশগুলো অব্যাহতভাবে প্রতিহত করছে:

    • সৌদি আরব বলছে, গত রাতে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি আক্রমণকারী ড্রোন আটক করেছে।
    • কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ছয়টি ড্রোন সফলভাবে আটক ও ধ্বংস করেছে।
    • সোমবার রাতে বাহরাইনের রাজধানী মানামায় হামলায় ২৯ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর দেশটি সতর্কতা সাইরেন বাজিয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
    • সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ভোরে জানায়, তারা ইরান থেকে আসা “মিসাইল ও ড্রোন হুমকি” প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং এ জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
    • ইউএই আরও জানায়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে তাদের কনস্যুলেটকে একটি ড্রোন লক্ষ্যবস্তু বানায়—যাতে ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।
  9. বাগদাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

    নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাগদাদে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে জার্মানি।

    জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে বাগদাদে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে ইরাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে”।

    তিনি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য দূতাবাসের আইনি ও কনস্যুলার সেবা গুরুতরভাবে সীমিত থাকবে, তবে সেবা পুরোপুরি বন্ধ হবে না।

    সোমবার রাতে সাইপ্রাসের নিকোসিয়ায় বক্তব্য রাখতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

  10. যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান মার্কিন দূতাবাসের

    সোমবার বৈরুতের দক্ষিণ অংশে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন করছেন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্যরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সোমবার বৈরুতের দক্ষিণ অংশে ইসরায়েলি হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন করছেন লেবাননের সিভিল ডিফেন্সের সদস্যরা

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে তারা।

    মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, যদি নিরাপদ মনে করেন, তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি “গুরুত্বের সঙ্গে বিবেচনা করা” উচিত।

    গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ এলাকা ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরায়েল বলছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

    এদিকে, ইসরায়েল আবার দক্ষিণ লেবাননের মানুষদের জরুরি-ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, কারণ দেশটি ওই এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচায় আদ্রেয়ি বলেন, লিতানি নদীর দক্ষিণে হেজবুল্লাহর তৎপরতার কারণে ইসরায়েল “কঠোর” ব্যবস্থা নিচ্ছে।

    তিনি এক্স-এ লিখেছেন, “আমরা আবারও জরুরি আহ্বান জানাচ্ছি—আপনারা অবিলম্বে আপনার ঘরবাড়ি ছাড়ুন এবং লিতানি নদীর উত্তরে চলে যান”।

    সোমবার আইডিএফ জানায়, তারা লেবাননে আল-কার্দ আল-হাসান অ্যাসোসিয়েশন (একিউএএইচ)-এর লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে; এটি হেজবুল্লাহ-সংশ্লিষ্ট একটি আর্থিক সংস্থা।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল পর্যন্ত এই মাসের শুরুর দিকে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ৪৮৬ জন নিহত হয়েছে।

    সোমবার লেবাননে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, সোমবার লেবাননে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল
  11. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি'র (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, "আমরা বিশ্বাস করি যে ২০০ কেজিরও বেশি অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত আছে ইরানের ইসফাহানে"।
    • মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের মাঝে লেবাননে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে ইসরায়েল। তারা আজ লেবাননের রাজধানী বৈরুতজুড়ে আল কার্দ আল হাসান নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের কয়েকটি শাখায় হামলা চালিয়েছে।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    • তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও কাতার জানিয়েছে, সোমবার তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
    • যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিমান চলাচল সবশেষ ৭২ ঘণ্টায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে।
    • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে চলমান "এই মিশন শেষ হলে বিশ্ব আরও নিরাপদ ও সুন্দর" হবে।
    • ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
    • ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করায় 'খুশি নন' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকায় ২০২২ সালের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার (৭৫ পাউন্ড) ছাড়িয়ে যায়।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে