রোববার সারাদিন যা যা ঘটেছে
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ''আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।''
- পাকিস্তানের মাধ্যমে “যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের” রোববার জবাব দিয়েছে বলে জানিয়েছে ইরান।
- ইরানের তেল টার্মিনাল কোম্পানিগুলোর প্রধান নির্বাহী আব্বাস আসাদরোজ খাড়গ দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে “বাস্তবতাবিবর্জিত মিথ্যা দাবি” বলে দাবি করেছেন।
- ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়ার কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি।
- গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে হেজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
- বাংলাদেশের রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে। এই বছর এই রোগের উপসর্গ নিয়ে ৪০৯টি শিশুর মৃত্যু হয়েছে।
- উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
- দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে নয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
- হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
- ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিক নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা এবং মুসলিম নারী-পুরুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর জানতে বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।












