বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
রিপোর্টিং করেছেন তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় সায়েদুল ইসলাম
সাদিক কায়েম ও সেলিম উদ্দিন- ঢাকায় জামায়াতের দুই মেয়রপ্রার্থী ঘোষণা
ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে ঢাকার দুই সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার ঢাকার মধুবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে প্রার্থী করার কথা জানান তিনি।
"ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি আমরা। তিনি খাল, নর্দমা যেখানে ডেঙ্গুর মশার চাষ হয় সেগুলো পরিচ্ছন্ন করতে অভিযান শুরু করেছেন"
ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মি. রহমান বলেন, "সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশা আল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে।"
একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে: ইরান
ছবির উৎস, NurPhoto via Getty Images
ছবির ক্যাপশান, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীর
মাধ্যমে নতুন করে কিছু প্রস্তাব পাঠিয়েছে জানিয়ে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ
বাকের কালিবাফ বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের ‘চাপিয়ে দেওয়া শর্ত’ মেনে নিবেন না।
"সময় নষ্ট করা এবং একতরফা শর্ত
চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়ে গেছে...ইসলামাবাদে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে
আমাদের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না,” বলেন মি.
কালিবাফ।
তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ঠিক
কী ধরনের শর্ত দেওয়া হয়েছে, সেবিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।
"আমরা উত্তেজিতও নই, ভীতও নই। আমরা লড়াই যেমন করছি, তেমনি আলোচনাও চালিয়ে যাচ্ছি,” বলেন ইরানের
সংসদের স্পিকার মি. কালিবাফ, যিনি ইসলামাবাদ আলোচনার সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত
ছিলেন।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
আরাকচি বলেছেন, হামলা কিংবা নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সমস্যার
সমাধান করতে পারবে না যুক্তরাষ্ট্র।
"অতীতে যুক্তরাষ্ট্র যুদ্ধ ও
কূটনীতি- উভয়ক্ষেত্রেই হেরেছে। নতুন নিষেধাজ্ঞা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা
তাদের কোনো কাজে আসবে না,” ইরানে অবস্থিত আন্তর্জাতিক মিশনগুলোর রাষ্ট্রদূতদের উদ্দেশে
দেওয়া বক্তব্যে বলেন মি. আরাকচি।
"কেবলমাত্র ন্যায়বিচার ও
ন্যায্যতার ওপর ভিত্তি করে একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব,” যোগ করেন
তিনি।
সামরিক হামলার বিষয়ে ট্রাম্পের হুমকি মোকাবিলায়
ইরান প্রস্তুত রয়েছে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছন, "আমরা আশা
করি যুক্তরাষ্ট্র প্রজ্ঞা ও যুক্তির পথ বেছে নিবে। কিন্তু যদি তারা আবারও সামরিক
সমাধানের দিকে অগ্রসর হয়, তবে বলতে চাই, আমরা আগের
চেয়ে আরও বেশি প্রস্তুত এবং আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেব।”
কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
ছবির উৎস, Screen Grab
কুষ্টিয়ার কুমারখালীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির সামনের ও পেছনের কাঁচ ভেঙে গেছে।
তবে ওই হামলায় কেউ 'সেভাবে' হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বিবিসি বাংলাকে জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার কিছু সমর্থক একটি গাড়িতে করে লালন শাহের সমাধি পরিদর্শনে যান।
সেখানে তাদের গাড়ি লক্ষ্য করে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করে। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
এদিকে, এনসিপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দাবি করেছে যে, মি. পাটওয়ারীর ওপর হামলাকারীরা বিএনপি'র রাজনীতির সঙ্গে জড়িত।
ছবির ক্যাপশান, বামপন্থী ছাত্র সংগঠন 'এআইএসএ' সামাজিক মাধ্যমের একটি পোস্টে জানিয়েছে যে, তাদের নেত্রী নেহা বোরাকে আটক করে নিয়ে গেছে দিল্লি পুলিশ
দিল্লিতে রোববার সাধারণ মানুষ, সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে যে 'নাগরিক পদযাত্রা'র আয়োজন করা হয়েছিল, সেটি পুলিশি বাধার মুখে শেষপর্যন্ত পণ্ড হয়ে গেছে।
দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআরে'র বিরোধিতা করে পদযাত্রটির ডাক দেওয়া হয়েছিল।
ইন্ডিয়া গেট থেকে বের হয়ে সেটি যন্তরমন্তর পর্যন্ত
যাওয়ার কথা ছিল। মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণও করেছিলেন।
কিন্তু যন্তর মন্তরের দিকে
যাওয়ার রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে দেয় দিল্লি পুলিশ। ফলে পুলিশি বাধার মুখে পদযাত্রাটি শেষ পর্যন্ত আর এগোতে পারেনি।
এদিকে, বামপন্থী ছাত্র সংগঠন 'এআইএসএ' সামাজিক মাধ্যমের একটি পোস্টে জানিয়েছে যে, তাদের নেত্রী নেহা
বোরাকে আটক করে নিয়ে গেছে দিল্লি পুলিশ।
"দিল্লি পুলিশ নেহাকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা আটক নয়, এটা অপহরণ...আমরা জানি না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই," লিখেছে বামপন্থী ছাত্র সংগঠনটি।
অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামীকাল অর্থাৎ সোমবার ভারতের সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।
হুথিদের ঘাঁটিতে হামলা শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী
ছবির উৎস, Reuters
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী।
রোববার কর্মকর্তারা জানিয়েছেন যে, রাজধানী সানার পাশাপাশি হুথিদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত সা'দা শহরেও হামলা
চালানো হচ্ছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তাদের সামরিক বাহিনী হুথিদের 'গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে' আঘাত হানতে শুরু করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে,
হুথি সমর্থক একটি ইয়েমেনি টিভি চ্যানেল আল-মাসিরাহ ইতোমধ্যেই সানায় হামলার খবর প্রকাশ করেছে। সেখানে দাবি ককরা হয়েছে যে, হামলাটি আসলে সৌদি আরব চালিয়েছে।
যদিও সৌদি সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে: রাষ্ট্রপতি
ছবির উৎস, Banga Bhaban
সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটি পক্ষ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে মন্তব্য করে শক্তভাবে সেটি প্রতিহত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বঙ্গভবনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান বলে সরকারি বার্তা সংস্থা 'বাসসে'র খবরে উল্লেখ করা হয়েছে।
"একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই সাম্প্রদায়িকতা সৃষ্টি এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়," বলেন রাষ্ট্রপতি।
“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সকলের ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে,” যোগ করেন মি. আলমগীর।
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি
ছবির উৎস, NurPhoto via Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ছয়মাসে হাম ও এর উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১২৫।
এর মধ্যে গত শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই এবং রংপুর বিভাগে এক শিশু অকালে প্রাণ হারিয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গত একদিনে দেশের বিভিন্ন জেলায় এক হাজার ১২২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩২৬ শিশু, চট্টগ্রামে ২৭৮ শিশু, সিলেটে ১২৭ শিশু, বরিশালে ১২৭ শিশু, খুলনায় ৭৫ শিশু, ময়মনসিংহ ১০৯ শিশু, রাজশাহীতে ২০ শিশু এবং রংপুরে ৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হামে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এক লাখ ৭৪ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে।
ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দু'হাজারের বেশি
ছবির উৎস, Getty Images
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জন অকালে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়াল।
গত একদিনে সারা দেশে নতুন করে আক্রান্ত আরও কমপক্ষে দুই হাজার ৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সংখ্যা ৮৬ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন রোগী ভর্তি হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অন্তত ১৪৮ জন মারা যান।
জার্মান চ্যান্সেলরের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা চালাল রাশিয়া
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, রোববার কিয়েভ সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সফরের মধ্যেই কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ ক'জন আহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো পিভনিচনি (উত্তর) সেতুতে ওই হামলা চালানো হয়। মূলত গত চার দিন ধরে কিয়েভের প্রধান সেতুগুলোতে এভাবে ড্রোন হামলা চালিয়ে আসছেন রুশ সেনারা।
রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিতে আকস্মিক সফরে গিয়ে রোববার কিয়েভে অবস্থান করছিলেন জার্মান চ্যান্সেলর।
হামলার ঘটনাটি যখন ঘটে, তখন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন। পরে তারা যুদ্ধে নিহত ইউক্রেনের সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সফরের বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস লিখেছেন: "ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ পার করছে। এ কারণেই আমি আজ এই বার্তা নিয়ে কিয়েভে এসেছি যে, আপনারা আমাদের ওপর ভরসা রাখতে পারেন।"
হামলার পর রুশ সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা আরও তীব্রতর করবে। এর আগে, ইউক্রেনের সৈন্যদের ব্যবহৃত দু'টি সেতুতে হামলা চালানোর কথা স্বীকার করেছিল তারা।
রোববার যে হামলার ঘটনা ঘটেছে, সেটির কিছু ভিডিও যাচাই করেছে বিবিসি। সেখানে সেতুর ওপর একটি ড্রোন আছড়ে পড়ার পর সেটি বিস্ফোরত হয় এবং সেতুর ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
সামাজিক মাধ্যমেও কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোতে সেতুর ওপরে সড়কের মাঝখানে একটি বড় ধরনের গর্ত দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের ফলে ওই গর্ত তৈরি হয়েছে।
এদিকে, দনিপ্রোতে একটি যোগাযোগ কেন্দ্রেও হামলার ঘটনার ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ছয়জন আহত হন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া ৫২টি জেট-চালিত ড্রোনসহ ১৩৫টি ড্রোন পাঠিয়েছে। সেগুলোর মধ্যে ১২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।
বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এ দফায় প্রতি কেজি এলপিজি গ্যাসে ২১ টাকা বাড়ানো হয়েছে।
এতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি'র এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮৫ টাকা থেকে একলাফে ২৫২ টাকা বেড়ে ১৮৩৭ টাকা হয়েছে।
রোববার এক বিবৃতিতে নতুন এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।
এর মধ্যে গত এপ্রিলের দু'দফায় দাম বাড়ানোর পর জুন-জুলাই দাম কিছুটা কমতির দিকে ছিল। সবশেষ গত সেপ্টেম্বরে কেজিতে দাম কমেছিল ১৩ টাকা।
কিন্তু রোববার আবারও কেজিপ্রতি এলপিজি গ্যাসে ২১ টাকা করে বাড়ানো হল।
আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবির উৎস, SCREEN GRAB
ছবির ক্যাপশান, বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদের কাজে বাধা প্রদান ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মি. আখতারুজ্জামানের বিরুদ্ধে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।
আর আগে, গত শুক্রবার বিকেলে মি. আখতারুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার এক দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হলে মি. আখতারুজ্জামানের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী।
অন্যদিকে, পুলিশের তদন্তকারী কর্মকর্তা আদালতক বলেন, জিজ্ঞাসাবাদে আসামির কাছে থেকে তারা যেসব তথ্য পেয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত মি. আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ।
এরপর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
সাবেক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
বারিধারায় গাড়িচাপার ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর
ছবির উৎস, CCTV
ছবির ক্যাপশান, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি
ঢাকার বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় জামিন নামঞ্জুর করে অভিযুক্ত কিশোরকে ফের শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার শুনানি শেষে এ আদেশ দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির।
শুনানিতে কিশোরের পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান আদালতের কাছে দাবি করেন যে, ১৭ বছর বয়সী ওই সেদিন গাড়িটি চালাচ্ছিলেন না। কিশোরকে নির্দোষ দাবি করে জামিন পাওয়া তার আইনি অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
সেইসঙ্গে এটাও দাবি করেন যে, গাড়ির চালকের ভুলে 'দুর্ঘটনাটি' ঘটার পর নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ফলে তাদের এখন কোনো আপত্তি নেই।
ওই সময় আদালতের সামনে হাজির করা হয় গাড়িচাপায় নিহত শ্রমিকের বাবা ও ভাইকে।
কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, গাড়িচাপার ঘটনাটি একটা 'চাঞ্চল্যকর মামলা'।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে তিনি দাবি করেন, সেদিন অভিযুক্ত কিশোরটিই গাড়ি চালাচ্ছিল এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার কোন 'ড্রাইভিং লাইসেন্সও ছিল না'।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে ওই কিশোরকে গাড়ি থেকে বের হতে দেখা গেছে।
এ অবস্থায় কিশোরকে জামিন দেওয়া হলে সমাজে 'নেতিবাচক বার্তা যাবে' এবং অপরাধকে 'প্রশ্রয় দেওয়া হয়ে যাবে' বলে মন্তব্য করেন বিচারক।
এরপর অভিযুক্ত কিশোরের জামিন নামঞ্জুর করে পুনরায় কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য যে, গত ২২শে সেপ্টেম্বর বিকালে ঢাকার বারিধারা এলাকার একটি সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান।
এমন সময় হঠাৎ একটি প্রাইভেট কার তারওপর উঠে যায় এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেয়। পরে জানা যায় যে, অন্য একজনকে আসামি দেখিয়ে ওই কিশোরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হওয়ার একপর্যায়ে গত ২৩শে সেপ্টেম্বর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী সাংবাদিকদের জানান যে, নিহত মি. হাসানের পরিবারকে নয় লাখ টাকা দিয়ে তারা 'আপস' করে ফেলেছেন। এরপর কিশোরের জামিন এর জন্য আবেদন করেন তারা।
দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত
ছবির উৎস, Dr S Jaishankar/X
ছবির ক্যাপশান, দিল্লিতে এস জয়শংকরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ (৪ঠা অক্টোবর, ২০২৬)
দিল্লিতে নিযুক্ত
বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে রবিবার (৪ঠা অক্টোবর) দুপুরে
এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
পরে এক্স হ্যান্ডলে
একটি পোস্টে মি জয়শংকর এই বৈঠককে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়কালীন সাক্ষাৎ বলে বর্ণনা
করেছেন। রাষ্ট্রদূত হিসেবে ভূমিকায় তিনি যে অবদান রেখেছেন, সে জন্য মি হামিদুল্লাহ-কে
অভিনন্দনও জানান তিনি।
আর এদিনের বৈঠকের
ছবি পোস্ট করে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ লেখেন, “রাষ্ট্রদূত হিসেবে আঠারো মাসের
কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা
করেছি – যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।”
কূটনীতির ‘চিরাচরিত
পথে না হেঁটে’ দুদেশের মানুষের মধ্যেকার নাড়ির টানকেই স্পর্শ করতে চেয়েছেন বলেও জানান
তিনি।
প্রসঙ্গত, দিল্লিতে
বছর দেড়েকের কার্যকালের শেষে রিয়াজ হামিদুল্লাহ অচিরেই জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন।
দিল্লিতে তার
স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সম্প্রতি যার
ক্রেডেনশিয়ালস বা নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।
গত দেড়-দু’বছরে
ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যেরকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তা কার্যত নজিরবিহীন।
প্রধানমন্ত্রী
তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত কোনো
না কোনো কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে এই সফর আয়োজনের ব্যাপারে এখনো দুই সরকারের মধ্যে
আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে।
দিল্লিতে কূটনৈতিক
সূত্রগুলো বিবিসিকে ইঙ্গিত দিচ্ছেন, রবিবার ছুটির দিন দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত
ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেকার বৈঠক ছিল ‘বিদায়ী সৌজন্য সাক্ষাতের অতিরিক্ত কিছু’
– কারণ সম্পর্কের জটিলতার নানা দিক নিয়েও দু’পেক্ষর মধ্যে কথাবার্তা হয়েছে।
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ
ছবির উৎস, Getty Images
ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা যে ড্রোন হামলা চালিয়েছে, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
সেইসঙ্গে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি 'পূর্ণ সংহতি' প্রকাশ করেছে দেশটির সরকার।
রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সরকার এ কথা বলেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা 'বাসস'।
মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে 'ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আক্রমণ' বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিটিতে একইসঙ্গে এটাও বলা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যে কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে প্রতিদিন গড়ে ১৫ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, দুর্ঘটনা কবলিত একটি গাড়ি (পুরনো ছবি)
বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে ১৪ জন মানুষ
সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বেসরকারি সংস্থা রোড
সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটি বলছে, গত মাসে সারা দেশে প্রায় ৪৪২টি সড়ক দুর্ঘটনা
হয়, যেখানে অন্তত ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন।
নিহতদের মধ্যে ৬১টি শিশু ও ৭৩ জন নারী রয়েছেন।
যানবাহন বিবেচনায় সড়কে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল,
যা প্রায় ৩৪ দশমিক ৮৪ শতাংশ। এতে অন্তত ১৩৯ জন প্রাণ হারান, যা সড়কে মোট মৃত্যুর প্রায়
৩২ দশমিক ৮৬ শতাংশ।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে,
দিনের অন্যান্যভাগের তুলনায় সকাল, দুপুর এবং রাতে বেশি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সকালে
২৪ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২১ দশমিক ২৬ শতাংশ এবং রাতে ঘটেছে ১৬ দশমিক ৯৬ শতাংশ।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৬ জনই পথচারী, যা মোট
নিহতের ২৫ দশমিক শূন্য পাঁচ শতাংশ।
এদিকে, গেল মাসে নৌপথে ১১টি দুর্ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে
১৬ জন নিহত হন। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছেন।
একই সময়ে, রেলপথে ২৩টি দুর্ঘটনায় সেপ্টেম্বর মাসে অন্তত
১৯ জন প্রাণ হারান।
সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেফতার
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
আগের মামলায় জামিন পেয়ে কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ দফায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকায় জুলাই আন্দোলন চলাকালে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায়।
রোববার বাদী-বিবাদী, উভয়পক্ষের শুনানি শেষে মি. আউয়ালকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।
এর আগে, ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫শে জুন মি. আউয়ালকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এক বছরেরও বেশি সময় পর গত নয়ই সেপ্টেম্বর সাবেক এই সিইসি’র জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।
কিন্তু এর মধ্যেই গত ২৮শে সেপ্টেম্বর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের পাঁচই অগাস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। সেসময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর ওই বছরের ২২শে অগাস্ট আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।