লাইভ, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হেজবুল্লাহ, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হেজবুল্লাহ। এদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশ বেড়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দুবাই থেকে ইসরায়েল পর্যন্ত ইরানের আঞ্চলিক প্রতিশোধমূলক হামলার কিছু ছবি নিচে দেওয়া হলো

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে হামলা চালানো হয়েছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার দ্বিতীয় দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে হামলা চালানো হয়েছে।
    একটি ভবনের একাংশ পুড়ে গেছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাহরাইনের রাজধানী মানামাও হামলার শিকার হয়েছে।
    ধোঁয়ার কুণ্ডলি, সড়কে গাড়ির ছবি দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সোমবার সকালে দোহায় এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে, শহর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
    বেইত সেমেশে ইরানি হামলার পরের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলের বেইত সেমেশে ইরানি হামলায় নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে মেগান ডেভিড অ্যাডম ইমারজেন্সি সার্ভিসের একজন মুখপাত্র।
  2. লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

    আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

    চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।

    ওই সতর্কবার্তায় বলা হয়েছে, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।”

    এতে আরো বলা হয়েছে, “কেউ যদি হেজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।”

  3. 'সব লক্ষ্য পূরণ না হওয়া' পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Donald Trump/Truth Social

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।"

    কিছুক্ষণ আগে প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানিয়েছেন ট্রাম্প।

    মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, "দুঃখজনকভাবে আরো বেশি" মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে, "এটাই একমাত্র পথ।"

    "যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে" বলেন ট্রাম্প।

    তিনি আরো বলেন, "আমি আবারও রেভুলেউশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি।"

    তিনি সতর্ক করেন, "নতুবা নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।"

    আরো পড়তে পারেন:

  4. ইরানে হামলার পর তেলের দাম বেড়ে গেছে

    গাড়িতে তেল ভরা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে

    সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে।

    সোমবার এশিয়ার জ্বালানি বাজার খোলার শুরুতেই দেখা গেছে, ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুইটির দামই ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

    বাড়ার পরে কিছুটা কমলেও দাম উর্ধ্বমুখী রয়েছে।

    ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলার, যা প্রায় নয় শতাংশ বেশি।

    অন্যদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় আট দশমিক পাঁচ শতাংশ বেড়েছে।

  5. মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি

    যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্যে নিজেদের “স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে” প্রস্তুত বলে জানিয়েছে।

    এই তিনটি রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের “বাছবিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপনাস্ত্র হামলার” তীব্র নিন্দা জানিয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

    তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়ে বিবৃতিতে তারা বলেছে, “আমরা আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব।

    প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে আমরা প্রস্তুত।”

  6. ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প

    এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর হাত নাড়ছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মার এ লাগো থেকে হোয়াইট হাউজে ফেরার পর সাংবাদিকরা ইরান নিয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।

    হোয়াইট হাউজে প্রবেশের সময় সাংবাদিকরা চিৎকার করে ইরান সম্পর্কে জানতে চায় ট্রাম্পের কাছে।

    তিনি এ বিষয়ে কোন কথা না বললেও মার এ লাগোর রোজ গার্ডেনের দুইটি নতুন মূর্তি নিয়ে মন্তব্য করেছেন।

    এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

  7. বিস্ফোরনের শব্দে জেগে উঠলো বৈরুতের বাসিন্দারা

    লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় রাত তিনটার কিছু আগে শহরজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছে সেখানকার বাসিন্দারা।

    উত্তর ইসরায়েলে হেজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।

    এক বিবৃতিতে হেজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সাইটে "একযোগে নির্ভুলভাবে রকেট এবং ড্রোন হামলা" চালিয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত বলেছে, তারা এই গোষ্ঠীটি "ইসরায়েলের জন্য হুমকি এবং উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে দেবে না।"

  8. দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী

    লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

    দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে মি. সালাম এ সতর্ক বার্তা উল্লেখ করেন।

    তিনি লিখেছেন, “এর পেছনে যে পক্ষই থাকুক না কেন, দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপ একটি দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক কাজ, যা লেবাননের নিরাপত্তাকে বিপন্ন করে এবং ইসরায়েলকে তাদের হামলা চালিয়ের যাওয়ার জন্য অজুহাত তৈরি করে।”

  9. ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে হেজবুল্লাহ

    লেবাননের বৈরুত

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা

    হেজবুল্লাহ নিশ্চিত করেছে যে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই গোষ্ঠী জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে তারা।

    এদিকে, এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হেজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।

    হেজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে।

    এটিকে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল।

    শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলায় আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।

    আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন মি. ট্রাম্প।

    তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

  10. ইরান ইস্যুতে রোববার সারাদিন যা যা ঘটেছে

    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।
    • আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।
    • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন, সেটির দিকেই নজর সবার। সর্বোচ্চ নেতা খুঁজতে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে দেশটির লিডারশিপ কাউন্সিল।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এক থেকে দুই দিনের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স।
    • তেহরান শহরে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে "অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।"
    • ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হেজবুল্লাহ।
    • ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন 'গুরুতর আহত' হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, গত দুইদিনে তাদের নয়জন নাগরিক নিহত হয়েছে।
    • ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। এছাড়া তেহরানে ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে "সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে" বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
    • ইরানে হামলা শুরুর পর থেকে কুয়েতের বিমান বাহিনী ৯৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৮৩টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
    • ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের "শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে" বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
    • যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
    • ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের এয়ার লাইন্সগুলো মধ্যপ্রাচ্যে ও আশেপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট করে দিচ্ছে।

    অন্যান্য খবরে পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে