অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে ‘লক্ষ্যবস্তু বানানোর' সতর্কতা ইরানের

ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, “অতিরিক্ত চাপের মুখে” ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। এর আগে জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক জানায়, হরমুজ প্রণালি দিয়ে “জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ” দেখা যাচ্ছিল।
    • লেবাননজুড়ে আজ ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। দক্ষিণ লেবাননে নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসাকর্মী ছিলেন বলেও তিনি জানান।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • বাংলাদেশে বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে কালবৈশাখী সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ বিলসহ অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হয়েছে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬ অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাস হওয়ার ফলে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আরো ১০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত হাম সন্দেহে মারা গেছে ১৩৮ জন।
    • বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
    • সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানে অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।
    • ট্রুথ সোশ্যালে দেওয়া আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে “ঘনিষ্ঠভাবে কাজ করছে” যুক্তরাষ্ট্র।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় “অল্প কয়েকটি স্থানে” যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
    • হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজবলেছেন, এবার "তার পালা” আসছে। লেবাননজুড়ে হেজবুল্লাহর সদর দপ্তরগুলোতে আকস্মিক হামলা চালানোর পর এই মন্তব্য করেন তিনি।
    • লেবাননে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়ার হামলার মধ্যে “সবচেয়ে বড়” হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননে বুধবার সকালে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • লেবাননের প্রধানমন্ত্রী দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে “লেবাননের সব বন্ধু” দেশও পক্ষের প্রতি “সব ধরনের সম্ভাব্য উপায়ে” সহায়তার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক বড় পরিসরের বিমান হামলার পর তিনি এই আহ্বান জানান।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল ইরান, কিন্তু “এখন আর সেটি নেই”। তিনি দাবি করেছেন, “অতিরিক্ত চাপের মুখে” ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে।
    • ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ১৫ দিনের যুদ্ধবিরতিকে একটি ‘ভঙ্গুর শান্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
    • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর বুধবার সকালে নতুন করে ইরানের ড্রোন হামলার শিকার হওয়ার দাবি করেছে কুয়েত।
    • ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানিরা এখনো ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ৪০ দিন হলো।
    • তেহরানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং পুনর্গঠনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. লেবাননে হামলায় ৮৯ জন নিহত, ৭০০ জনের বেশি আহত: স্বাস্থ্য মন্ত্রণালয়

    একটি বিধ্বস্ত ভবনের সামনে মানুষের ভিড়

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী

    লেবাননজুড়ে আজ ইসরায়েলের হামলায় অন্তত ৮৯ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।

    মুখপাত্রটি আরও জানান, দক্ষিণ লেবাননে নিহতদের মধ্যে ১২ জন চিকিৎসাকর্মী ছিলেন।

    এই তথ্য আসে এমন এক সময়, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছে—গত মাসে লেবাননে তাদের স্থল অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় মাত্রার হামলার ঢেউ।

    তারা মাত্র ১০ মিনিটের মধ্যে এবং একই সাথে বেশ কয়েকটি এলাকায় হেজবুল্লাহর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায়” হামলা চালানোর তথ্য জানিয়েছে।

    লেবাননের একটি ভবন থেকে আগুন ও ধোঁয়া উড়ছে

    ছবির উৎস, X

    ছবির ক্যাপশান, বুধবার লেবাননে 'সবচেয়ে বড় মাত্রার' হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী
  3. যুদ্ধবিরতির ‘পরিকল্পনা’ ফাঁসকারীদের ‘প্রতারক’ বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, getty images

    ইরান যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে– এরকম আরো যেসব খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে— সেসব খবর হোয়াইট হাউস আগেই অস্বীকার করেছে।

    কিছু সংবাদমাধ্যম জানিয়েছে যে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ১০-দফা প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের কাছে যেটি পৌঁছেছিল, তার থেকে ভিন্ন।

    এবার ট্রুথ সোশালে সরাসরি এ বিষয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি সমালোচনা করেছেন নানা “চুক্তি, তালিকা ও চিঠি”-র, যেগুলো তিনি দাবি করেন– এমন লোকজন ছড়াচ্ছে, যাদের আলোচনার সঙ্গে “কোনো সম্পর্কই নেই”।

    তিনি লেখেন, “অনেক ক্ষেত্রেই তারা পুরোপুরি প্রতারক, ভণ্ড এবং তার চেয়েও খারাপ।”

    তিনি আরও বলেন, “আমাদের ফেডারেল তদন্ত শেষ হলে তাদের দ্রুতই প্রকাশ্যে আনা হবে।”

    ট্রাম্প যোগ করেন, যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য একটিই প্রস্তাব রয়েছে, এবং সেটি বন্ধ দরজার আড়ালেই আলোচনা করা হচ্ছে।

  4. ‘হরমুজ প্রণালী এখনো বন্ধ’- জানিয়েছে পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলো

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিপ ব্রোকার সংস্থা এসএসওয়াই

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিপ ব্রোকার সংস্থা এসএসওয়াই।

    সংস্থাটি বিবিসি ভেরিফাইকে বিষয়টি নিশ্চিত করেছে।

    উপসাগরে থাকা জাহাজগুলো এ সংক্রান্ত একটি বার্তা পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

    এই বার্তাটি হলো, “সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সকল জাহাজের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আইআরজিসি নেভি স্টেশন। হরমুজ প্রণালি দিয়ে পারাপার এখনো বন্ধ রয়েছে এবং এই প্রণালি পার হওয়ার আগে আপনাদের অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। কোনো জাহাজ এই সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে।”

    এসএসওয়াই এর ট্যাংকার রিসার্চ বিভাগের প্রধান ক্লেয়ার গ্রিয়ারসন বিবিসি ভেরিফাইকে জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সতর্কবার্তার জন্য ব্যবহৃত রেডিও চ্যানেলে জাহাজের নাবিকরা এই ঘোষণাটি শুনতে পেয়েছেন।

  5. হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর ইরানি গণমাধ্যমে

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ হয়ে গেছে বলে বিভিন্ন ইরানি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

    এই খবর এমন এক সময়ে যখন ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে “সবচেয়ে বড়” হামলা চালাচ্ছে।

    এই প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত।

    তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলের ট্যাংকার এই প্রণালি অতিক্রম করতে পারলেও, বর্তমানে ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

    ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও জাহাজ চলাচল বন্ধ হওয়ার খবর প্রকাশ করেছে।

    এই দুইটি সংবাদমাধ্যমই লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে এই জাহাজ চলাচল বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে।

  6. ঢাকাসহ দেশের আট বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

    কালবৈশাখী ঝড়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

    বুধবার রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে কালবৈশাখী সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বুধবার রাত আটটায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা শীর্ষক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, বুধবার রাত আটটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

    একইসাথে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  7. লেবাবনে 'সবচেয়ে বড়' হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী

    লেবাননে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হওয়ার হামলার মধ্যে “সবচেয়ে বড়” হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    একই সময়ে লেবাননের সংবাদমাধ্যমগুলোও দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণের খবর প্রকাশ করেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের বাহিনী “মাত্র ১০ মিনিটের মধ্যে এবং একই সাথে বেশ কয়েকটি এলাকায় হেজবুল্লাহর প্রায় ১০০টি সদর দপ্তর ও সামরিক স্থাপনায়” হামলা চালিয়েছে।

    আদরাই ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়েল জামিরের বরাত দিয়ে বলেন, সেনাবাহিনী হেজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার “যে কোনো ধরনের সুযোগই কাজে লাগাবে।”

  8. উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

    উত্তর ইসরায়েলে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।

    বুধবার সকালের পর প্রথমবারের মতো মানারা, মারগালিওট এবং কিরিয়াত শমোনা এলাকায় বেলা দুইটা ২৪ মিনিটে (বিএসটি) সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে।

    অবশ্য ১০ মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক বলেও ঘোষণা করা হয়।

    পরবর্তীতে বিকেল তিনটা ১৫ মিনিটে (বিএসটি) নেতুয়া ও শেতুলা এলাকায় আবারও সতর্কবার্তা জারি করা হয়।

    এই অ্যালার্ট ১০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

    টেলিগ্রামে দেওয়া এই অ্যালার্টে রকেটগুলো কোন স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি।

    তবে এলাকাগুলো লেবানন সীমান্তের কাছে অবস্থিত।

    উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী বুধবারও লেবাননের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে।

  9. যুদ্ধবিরতি লঙ্ঘন 'শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ন করছে': পাকিস্তানের প্রধানমন্ত্রী

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

    ছবির উৎস, Anadolu Agency via Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় “অল্প কয়েকটি স্থানে” যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।

    এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “সংঘাতপূর্ণ এলাকার কয়েকটি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ন করছে।

    “আমি আন্তরিক ও দৃঢ়ভাবে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—সম্মতিসূচক সিদ্ধান্ত অনুযায়ী দুই সপ্তাহের জন্য সংযম প্রদর্শন করুন এবং যুদ্ধবিরতি মেনে চলুন, যাতে কূটনীতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে নেতৃত্ব দিতে পারে।”

  10. হেজবুল্লাহ প্রধানের পালাও 'আসবে এবার': ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

    হেজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে সতর্ক করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজবলেছেন, এবার "তার পালা” আসছে।

    লেবাননজুড়ে হেজবুল্লাহর সদর দপ্তরগুলোতে আকস্মিক হামলা চালানোর পর এই মন্তব্য করেন তিনি।

    এক বিবৃতিতে কাৎজ বলেন, “আমরা নাঈম কাসেমকে সতর্ক করেছিলাম যে, ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালানোর জন্য হেজবুল্লাহকে কঠিন মূল্য দিতে হবে, আজ আমরা সেই প্রতিশ্রুতির আরও একটি ধাপ পূরণ করলাম।”

    “শীর্ষ সন্ত্রাসী নাঈম কাসেমের ব্যক্তিগত সময়ও ঘনিয়ে আসবে” বলেও উল্লেখ করেছেন কাৎজ।

    ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা অব্যাহত রয়েছে।

    এমন প্রসঙ্গে কাৎজ বলেন, ইসরায়েল শুরু থেকেই “ইরান এবং লেবানন পরিস্থিতিকে আলাদা রাখার” বিষয়ে গুরুত্বারোপ করে আসছিল। যেন লেবাননের বাস্তবতা পরিবর্তন করা যায় এবং উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি সরিয়ে নেওয়া সম্ভব হয়।”

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

    ইসরায়েলি হামলায় বৈরুতের আল-মাজরায় ধ্বংসস্তুপ দেখা যাচ্ছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বুধবারের একটি ইসরায়েলি হামলায় বৈরুতের আল-মাজরায় ধ্বংসস্তুপ দেখা যাচ্ছে
  11. ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

    ওসমান হাদি

    ছবির উৎস, Osman Hadi/facebook

    ছবির ক্যাপশান, ওসমান হাদি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকারী সন্দেহে গ্রেফতার ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করেছেন।

    বৈঠকে জানানো হয়, ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

    বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবারো অনুরোধ করা হয়েছে। চব্বিশের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুইজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এছাড়া, আলোচনা চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা আগামী সপ্তাহগুলোতে সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

  12. অবকাঠামোয় হামলার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত ছিল’ মার্কিন বাহিনী, জানালেন হেগসেথ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, Reuters

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার “পুরো একটি সভ্যতার” প্রতি হুমকির কথা বলেছিলেন।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সাংবাদিকরা প্রশ্ন করে—ইরান যদি আলোচনায় না আসত এবং যুদ্ধবিরতিতে রাজি না হতো, তাহলে কি প্রেসিডেন্ট ইরানকেপুরোপুরি ধ্বংস করতে প্রস্তুত ছিলেন?

    জবাবে হেগসেথ বলেন, “আমি যেমনটি বলেছি, অবকাঠামো—সেতু, বিদ্যুৎকেন্দ্র—এসব লক্ষ্য করে আমাদের প্রস্তুত অবস্থায় পরিকল্পনা ছিল।”

    তিনি ইরানকে একটি “সন্ত্রাসী শাসনব্যবস্থা” হিসেবে বর্ণনা করে বলেন, তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্বৈত উদ্দেশ্যে ব্যবহার করে। তিনি জানান, খারগ দ্বীপেও যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্ধারিত ছিল।

    হেগসেথের দাবি, ইরান “বুঝতে পেরেছিল” বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সক্ষমতা ওয়াশিংটনের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, এবং “এ কারণেই তারা আলোচনায় এসেছে।”

    তিনি আরও বলেন, “এই ধরনের হুমকিই তাদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেখানে তারা কার্যত বলেছে—‘আমরা এই চুক্তি করতে চাই।’”

    মঙ্গলবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত সেটাই হবে।”

  13. ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সহায়তার আহ্বান লেবাননের প্রধানমন্ত্রীর

    লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

    লেবাননের প্রধানমন্ত্রী দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে “লেবাননের সব বন্ধু” দেশও পক্ষের প্রতি “সব ধরনের সম্ভাব্য উপায়ে” সহায়তার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক বড় পরিসরের বিমান হামলার পর তিনি এই আহ্বান জানান।

    এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নাওয়াফ সালাম বলেন, “ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে, যা ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হচ্ছে এবং লেবাননের বিভিন্ন অংশে—বিশেষ করে রাজধানী বৈরুতে—নিরস্ত্র বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”

    তার এই আহ্বান আসে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)-এর এক বিবৃতির পর, যেখানে বলা হয়, হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের শুরু থেকে আজ লেবাননজুড়ে তারা “সবচেয়ে বড় হামলা” চালিয়েছে।

    সালাম বলেন, আইডিএফ-এর এই তৎপরতা আন্তর্জাতিক আইনের প্রতি “চরম অবজ্ঞা” প্রদর্শন করে।

    তিনি আরও বলেন, “লেবাননের সব বন্ধুদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—সব উপলভ্য উপায়ে আমাদের ওপর এসব আগ্রাসন বন্ধ করতে সহায়তা করুন”।

  14. গত ২৪ ঘণ্টায় 'সন্দেহজনক হাম রোগে' আরো ১০ জনের মৃত্যু

    হামে আক্রান্ত একটি শিশু

    ছবির উৎস, NurPhoto / Contributor via Getty Images

    গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আরো ১০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত হাম সন্দেহে মারা গেছে ১৩৮ জন।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    একইসাথে, ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগে কেউ মারা যায়নি।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ২৪৮ জন হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে।

  15. প্রয়োজনে ডাকলে মার্কিন সেনারা ‘প্রস্তুত থাকবে’: জেনারেল কেইন

    যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জেনারেল ড্যান কেইন

    যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তার বক্তব্য শুরু করেন যুদ্ধে নিহত ১৩ জন মার্কিন সেনাকে স্মরণ করে।

    তিনি বলেন, “তাদের প্রত্যেকের জন্য আমরা কৃতজ্ঞএবং তাদের মৃত্যুতে আমরা শোক জানাতে থাকব”।

    তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সামরিক লক্ষ্যগুলোর কথা তুলে ধরেন—ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, ইরানের নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের প্রতিরক্ষা শিল্পের ভিত নিশ্চিহ্ন করা।

    কেইনের ভাষায়, ৩৮ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী এসব লক্ষ্য অর্জন করেছে।

    যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও তিনি জোর দিয়ে বলেন, “যুদ্ধবিরতি মানে একটি বিরতি”।

    তিনি আরও বলেন, প্রয়োজনে বা নির্দেশ পেলে যুক্তরাষ্ট্রের সেনারা “গত ৩৮ দিনে যে গতি ও নির্ভুলতা দেখিয়েছে, ঠিক সেই ভাবেই আবার যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত থাকবে—এবং আমরা আশা করি, এমনটা করতে হবে না”।

  16. বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে

    ইন্টারনেট

    ছবির উৎস, Andriy Onufriyenko via Getty Images

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে

    বাংলাদেশে বৃহস্পতিবার রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।

    বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয় এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ছয়টা পর্যন্ত কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এর ফলে ইন্টারনেটের ধীর গতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প সংযোগ চালু থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

    কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ ফোরের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ সচল রাখার কথা জানিয়েছে এই সংস্থা।

  17. সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল

    আনিস আলমগীর

    ছবির উৎস, Anis Alamgir Facebook Page

    ছবির ক্যাপশান, আনিস আলমগীর, (ফাইল ছবি)

    সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে চেম্বার জজ আদালত।

    হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ মো. রেজাউল হক।

    এই আদেশের ফলে আনিস আলমগীরের হাইকোর্ট থেকে পাওয়া জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন মি. আলমগীরের আইনজীবী আসলাম মিয়া।

    গত ১৪ই মার্চ মি. আলমগীর কারাগার থেকে জামিনে মুক্তি পান।

    গতবছরের ১৪ই ডিসেম্বর তাকে ঢাকায় একটি ব্যায়ামাগার থেকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

    পরদিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

  18. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের খবর পাওয়া যাচ্ছে

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, ইরান গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি অবরোধ করার পর অবশেষে সেখান দিয়ে “জাহাজ চলাচলের প্রাথমিক লক্ষণ” দেখা যাচ্ছে।

    এই সংস্থাটি জানিয়েছে, দুটি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

    এর মধ্যে একটি গ্রিসের মালিকানাধীন এবং আরেকটি লাইবেরিয়ায় নিবন্ধিত।

    তবে এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

    এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছিল। যদিও এই রুটের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনো অস্পষ্ট, তবে গত রাতে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানকে এখন এই প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

    এর আগে পাকিস্তান, ভারত এবং ফিলিপিন্সসহ কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচলের জন্য ইরানের সাথে বিশেষ চুক্তি করেছিল।

    তবে অন্যান্য দেশের অনেক জাহাজ এই প্রণালির কাছাকাছি বা উপসাগরের বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েছে।

  19. ইরানে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ ইরানে অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।

    ট্রাম্প লিখেছেন, “যেসব দেশ ইরানে সামরিক অস্ত্র সরবরাহ করছে, যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি করা যে কোনো এবং সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না!”

  20. ইরানের সামরিক বাহিনীকে "ধ্বংস" করে দিয়েছে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

    ছবির উৎস, POOL via Reuters

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, গত ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল ইরান, কিন্তু “এখন আর সেটি নেই”।

    পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, তিনি “ইতিহাস সৃষ্টি করেছেন”।

    হেগসেথ দাবি করেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তটি তৈরি করেছেন। এই যুদ্ধবিরতির জন্য আকুল আবেদন করেছে ইরান এবং আমরা সবাই এটা জানি”।

    অপারেশন 'এপিক ফিউরি' ছিল “ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য” বলে দাবি করেন হেগসেথ।

    “ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছে” মার্কিন বাহিনী, বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

    আজকের দিনটিকে “বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন” বলে উল্লেখ করেছেন তিনি।