শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে, বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. শনিবারের গুরুত্বপূর্ণ সব খবর

    • জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকার গেজেট প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে যে ২৯৭ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে, গেজেটে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসাবে তাদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
    • ১৭ই ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব প্রস্তুতি রাখছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
    • মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি প্রধান উপদেষ্টার মুখ্যসচিব পদে আছেন।
    • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিএনপির একটি সূত্র এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলাকে।
    • নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো প্রেস ব্রিফিং করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঢাকার একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে তিনি নির্বাচনে অংশ নেয়া ৫১টি রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, 'পথ ও মত ভিন্ন হতে পারে', কিন্তু দেশের স্বার্থে সবার 'ঐক্য গুরুত্বপূর্ণ'।
    • বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া এবং জামায়াতের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন।
    • বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি প্রধান উপদেষ্টার মুখ্যসচিব পদে আছেন।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটি এই দাবির কথা জানায়।
    • নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক মতের মানুষের ওপর সহিংসতার অভিযোগ তুলে এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংবদ নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। নির্বাচন কমিশন স্বাধীন ও পক্ষপাতহীন ভূমিকা রেখেছে বলেও মনে করে তারা।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে এক ধরনের ব্যাঙের বিষে হত্যা করা হয়েছিল, দাবি যুক্তরাজ্য ও ইউরোপীয় মিত্রদের

    অ্যালেক্সেই নাভালনি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অ্যালেক্সেই নাভালনি

    রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে একটি বিশেষ প্রজাতির ব্যাঙের (ডার্ট ফ্রগ) বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও তাদের ইউরোপীয় মিত্ররা।

    ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যমতে, ডার্ট ফ্রগ হলো এক ধরনের ছোট আকারের, উজ্জ্বল রঙের ব্যাঙ যা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টে পাওয়া যায়। এদের শরীরের ত্বকে অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক বিষ থাকে। আদিম যুগে শিকারিরা এই বিষ তীরের অগ্রভাগে ব্যবহার করে শিকার করতো বলে জানা যায়।

    সাইবেরিয়ার একটি রুশ বন্দিশিবিরে নাভালনির মৃত্যুর দুই বছর পর, তার দেহে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্য ও মিত্র দেশগুলো এই দাবি করে এবং এর পেছনে ক্রেমলিনকে দায়ী করে।

    জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উভেত কুপার বলেন, “রাশিয়ার কারাগারে নাভালনি বন্দি থাকা অবস্থায় এই বিষ প্রয়োগের ক্ষেত্রে কেবল রুশ সরকারেরই সক্ষমতা, উদ্দেশ্য এবং সুযোগ ছিল”।

    যৌথ বিবৃতিতে ইউরোপের মিত্র দেশগুলোও একই দাবি করে।

    বিবৃতিতে আরও বলা হয়, এই বিষ, যা এপিবাটিডিন নামেও পরিচিত, সেটি প্রাকৃতিকভাবে দক্ষিণ আমেরিকার বন্য ডার্ট ফ্রগে পাওয়া যায়; এটি রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না।

    রুশ বার্তা সংস্থা টাস-এর তথ্য অনুযায়ী, মস্কো এই অভিযোগকে "ইনফরমেশন ক্যামপেইন বা" “বিশেষ প্রচারণা” হিসেবে উড়িয়ে দিয়েছে।

    তবে কুপার বলেন, নাভালনির দেহে ‘এপিবাটিডিন’ নামের যে টক্সিন পাওয়া গেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই।

    এই বিষয়ে কুপার ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সম্মেলনে কুপার নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার সঙ্গেও সাক্ষাৎ করেন।

    কুপার বলেন, “রাশিয়া নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এই ধরনের বিষ ব্যবহার করে রুশ রাষ্ট্র দেখিয়েছে যে রাজনৈতিক বিরোধিতার প্রতি তাদের ভয় কতটা গভীর এবং তারা কত নিকৃষ্ট উপায় অবলম্বন করতে পারে।”

    যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাসায়নিক অস্ত্র সনদ লঙ্ঘনের অভিযোগে তারা বিষয়টি অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসকে অবহিত করেছে।

    রাশিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা এবং অন্যতম সোচ্চার বিক্ষোভকারী নাভালনি ২০২৪ সালের ১৬ই ফেব্রুয়ারি ৪৭ বছর বয়সে হঠাৎ কারাগারে মারা যান।

    ২০২০ সালে তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল। চিকিৎসার জন্য তিনি জার্মানিতে যান এবং সুস্থ হয়ে রাশিয়ায় ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

  3. মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া

    সচিবালয়

    ছবির উৎস, BSS

    মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়েছে। তার জায়গায় মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি প্রধান উপদেষ্টার মুখ্যসচিব পদে আছেন।

    শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ই অক্টোবর যে প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো।

    অন্যদিকে ঊর্ধ্বতন নিয়োগ- ১ শাখা থেকে জারি করা পৃথক আরেক প্রজ্ঞাপনে এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগের কথা বলা হয়েছে। তিনি প্রধান উপদেষ্টার মুখ্যসচিবের পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি পালন করবেন।

    জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়।

    ২০২৪ সালের জুলাই অগাস্ট আন্দোলনের পর শেখ আব্দুর রশীদকে মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

    অন্যদিকে এম সিরাজ উদ্দিন মিয়া আগে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) ছিলেন।

  4. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

    শফিকুর রহমান, তারেক রহমান ও নাহিদ ইসলাম

    ছবির উৎস, BSS

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    এজন্য আগামীকাল তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তার তথ্যমতে, সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

    এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়।

    মূলত 'ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে' তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

  5. জাতীয় পার্টি কোনো আসন পায়নি এটা অবিশ্বাস্য, বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

    বিবিসির সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়
    ছবির ক্যাপশান, বিবিসির সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়

    বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টির কোনো আসন নাপাওয়া এবং জামায়াতের ফলাফলনিয়ে প্রশ্ন তুলেছেন।

    তিনি বলেছেন, “বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি এটা অবিশ্বাস্য”।

    নির্বাচনে জামায়াতের ইসলামী জোটের ফল নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেছেন, “জামায়াত যেখানে সাধারণত ৫-১০টার বেশি আসন জিতে না সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে, সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না”।

    আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সাথে কথা বলতে রাজি কি না এমন প্রশ্নের জবাবে বলেন, “আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যে টরি ও লেবার পার্টির মতো যেখানে এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না”।

    “হ্যাঁ সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের ৪০ শতাংশ ভোট আছে, জাতীয় পার্টির রয়েছে আরও ৫ থেকে ১০ শতাংশ, সুতরাং তাদেরকে সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না”।

  6. নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে অভিনন্দন জাতিসংঘের

    জাতিসংঘের বার্তা

    ছবির উৎস, UN Bangladesh

    নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শ‌নিবার জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

    বার্তায় উ‌ল্লেখ করা হয়, জাতিসংঘ মহাসচিব সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দিতে।

    জাতিসংঘ আরও উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

    এর আগে, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, তিনি সকল রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে।

  7. তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস

    জার্মান দূতাবাস অভিনন্দন বার্তা

    ছবির উৎস, German Embassy Dhaka

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস।

    শনিবার দূতাবাস থেকে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায়, একই সাথে এই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততারও প্রশংসা করেছে ইউরোপীয় এই রাষ্ট্রটি।

    জার্মান দূতাবাস মনে করে, নির্বাচনে বাংলাদেশের জনগণের এই অংশগ্রহণ একটি অর্থবহ গণতান্ত্রিক সম্পৃক্ততার বহিঃপ্রকাশ।

    একই সঙ্গে নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানানো হয়েছে।

    বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে দূতাবাস আরও জানায়, জার্মানি নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।

    দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে সহায়তা অব্যাহত রাখার কথাও ওই বার্তায় উল্লেখ করা হয়।

  8. ঢাকা-৮ সহ ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

    জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের ফল নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হয়

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    শনিবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে দলটি এই দাবির কথা জানায়।

    জামায়াত বলছে, ভোট পুনর্গণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে; এর মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ আসনও রয়েছে।

    ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

    প্রসঙ্গত, এই নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে ৭৭টি আসন। তরা সংসদের বিরোধী দল হতে যাচ্ছে।

    সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছেন। আরো কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে।

    'ইচ্ছাকৃতভাবে' ফল বদলে দেওয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেওয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে দলটি।

    “প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল” লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের।

  9. নরেন্দ্র মোদী-শেহবাজ শরিফকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

    বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

    শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।

    প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

  10. ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা, প্রতিশোধ-প্রতিহিংসাসহ যেসব চ্যালেঞ্জের কথা বললেন তারেক রহমান

    সংবাদ সম্মেলনে তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে তারেক রহমান

    সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বেশি কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    "ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি- এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি," বলেন তিনি।

    নির্বাচনের পর উসকানি দেওয়া হচ্ছে- এমন দাবি করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য শত উসকানির মুখেও আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে।"

    কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড 'বরদাশত করা হবে না' উল্লেখ করে মি. রহমান বলেন, "দলমত ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক, কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না"।

    দলের আন্তঃকোন্দলের বিষয়টিও ইঙ্গিত করেন তিনি।

    তিনি বলেন, "নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানাই"।

  11. পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে: তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

    বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. রহমান বলেন, “দেশের মানুষের স্বার্থই সব থেকে আগে, তাদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেই পররাষ্ট্র নীতি ঠিক করবো আমরা।”

    এসময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "কোনো একক দেশের প্রতি আনুগত্য নয়- পারস্পরিক সম্মান, সমতা এবং বিশ্বাসের ভিত্তিতেই ঠিক হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি"।

  12. পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    দলগুলোর 'পথ ও মত ভিন্ন হতে পারে', কিন্তু দেশের স্বার্থে সবার 'ঐক্য গুরুত্বপূর্ণ' বলেও মন্তব্য করেছেন তিনি।

    "নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা"।

    শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

    এসময় তিনি 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ' নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

    নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান।

    তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব চেষ্টা ব্যর্থ হবে। আইনের প্রয়োগ হবে ন্যায়ের ভিত্তিতে।

    নির্বাচনের পরে 'শত উসকানির মুখেও' সারাদেশে বিএনপি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান মি. রহমান।

    সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে"।

    "ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে," বলেও তিনি উল্লেখ করেন।

    নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন
    ছবির ক্যাপশান, নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন
  13. বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্রিফিং সরাসরি

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধাীর একটি হোটেলে প্রেস ব্রিফিং করছেন। সরাসরি দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবকু পেজে...

    Skip YouTube post
    Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

    End of YouTube post

  14. ‘আগামীকালও যদি শপথ হয়ে যায়, আমাদের প্রস্তুতি আছে’- মন্ত্রিপরিষদ সচিব

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

    ১৭ই ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সব প্রস্তুতি রাখছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

    শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, "আগামীকালও যদি শপথ হয়ে যায়, আমাদের প্রস্তুতি আছে।"

    সচিব বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। শপথ অনুষ্ঠানের অন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার থেকে কাউকে মনোনয়ন দেওয়া হতে পারে, প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন বলেও জানান তিনি।

    সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংখ্যা গরিষ্ঠ দলের নেতাসহ মন্ত্রিপরিষদকে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

  15. নির্বাচনের পর সহিংসতার অভিযোগ, সুষ্ঠু তদন্ত চাইলেন জামায়াত আমীর

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক মতের মানুষের ওপর সহিংসতার অভিযোগ তুলে এসব ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে সবার জন্য সমান সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান মি. রহমান।

    ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে দলটির নির্বাচিত সংসদ সদস্য, প্রার্থী এবং স্থানীয় নেতাদের আহ্বান জানান তিনি। ছবি, ভিডিওসহ সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়ার কথাও বলেন জামায়াত আমীর।

  16. প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে, নারী অংশগ্রহণ কম: ইইউ পর্যবেক্ষক দল

    সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংবদ নির্বাচনকে প্রতিযোগিতাপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। নির্বাচন কমিশন স্বাধীন ও পক্ষপাতহীন ভূমিকা রেখেছে বলেও মনে করে তারা।

    শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নিজেদের প্রাথমিক প্রতিবেদন গণমাধ্যমের সামনে তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা।

    এই নির্বাচনের মধ্য দিয়ে নাগরিকের ভোটের অধিকার ফিরিয়ে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বাংলাদেশ নতুন ধাপে পা দিয়েছে বলেও মনে করে ইইউ পর্যবেক্ষক দল।

    যদিও বাংলাদেশের মোট ভোটার বিবেচনায় নির্বাচনে নারী প্রার্থী এবং সার্বিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

    “মাত্র চার শতাংশ নারী প্রার্থী, নারীদের অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গীকারের বিপরীত,” বলে মন্তব্য করেন ইইউ প্রতিনিধি দলের প্রধান পর্যবেক্ষক আইভারস আইজ্যাবস।

    এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং ভোটের অধিকার নিশ্চিত করতে আরও সচেষ্ট এবং আন্তরিক হওয়ার কথাও বলেন তিনি।

    কিছু নির্বাচন কেন্দ্রীক সংঘাত হলেও সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলেই মনে করেন ইইউ প্রতিনিধি দলের প্রধান টমাস জেডেচোভস্কি।

    তিনি জানান, নির্বাচন পরবর্তী পরিবেশও পর্যবেক্ষণ করছে ইইউ। দুই মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে করণীয় পরামর্শ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

    নতুন সরকার সব নাগরিকের নিরাপত্তা এবং অধিকার বাস্তবায়নে কাজ করবে বলেও আশা ইইউ পর্যবেক্ষক দলের। নির্বাচন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি ভবিষ্যতে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন।

    এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকা এবং অংশগ্রহণমূলক হওয়া না হওয়া নিয়ে আলোচনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে এখানে এসেছি। এই সফরে এটাই আমাদের মূল এজেন্ডা ছিল।”

  17. চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণ, দুইজন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি

    ছবির উৎস, ASAD

    ছবির ক্যাপশান, চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি

    চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    শনিবার ভোরের দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।

    এই ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বজলুর রহমান, মিনহাজ এবং শুভ নামে তিনজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

    ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ আসাদ বিবিসি বাংলাকে জানান, আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।

    মি. আসাদ জানান, “যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।”

    বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে সাধারণ মানুষের ভিড়

    ছবির উৎস, ASAD

    ছবির ক্যাপশান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়িটি দেখতে সাধারণ মানুষের ভিড়
  18. গণভোটের জনরায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ: আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    গণভোটের মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যে সুস্পষ্ট গণরায় এসেছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোও গণভোটে হ্যা এর পক্ষে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। এটি কেবল সরকারের এজেন্ডা নয়, এটি সবার এজেন্ডা, যা জনগণ অনুমোদন করেছে।

    মি রীয়াজ বলেন, “জনগণের এই রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। এই রায় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার।”

    গণভোটের হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যে সংখ্যা বা হার দেখানো হচ্ছে সেটি সব আসনের নয়। সেগুলো যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার বাড়বে বলেও জানান তিনি।

    “অনেকে নির্বাচনে ভোট দিতে এসে কেবল গণভোটে ভোট দিয়েছেন অন্য ভোট দেননি এ কারণে দুই এক শতাংশের ব্যবধান হয়েছে,” বলেও দাবি করেন তিনি।

  19. তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    শনিবার সকালে দেওয়া ওই বার্তায়, দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

    এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব পালনে সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্যও বিএনপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি।

  20. নির্বাচনের ফলাফল নিয়ে গভীর রাতে জামায়াত আমিরের পোস্ট

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    শনিবার গভির রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

    গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকার কথাও জানান জামায়াত আমির।

    “জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকব,” বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি।

    নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, ৭৭টি আসন নিয়ে, সংসদে উপস্থিতি প্রায় চারগুণ বাড়ানোর ফলে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী।

    এই প্রেক্ষাপটকে রাজনৈতিক ভাগ্য পরিবর্তন হিসেবেও উল্লেখ করেছেন মি. রহমান।

    “২০০৮ সালে, বিএনপি ৩০টি আসনে নেমে আসে এবং ২০২৬ সালে সরকার গঠনে ফিরে আসে, এই যাত্রায় ১৮ বছর লেগেছে,” বলেন তিনি।

    এর আগে কারচুরি করে প্রার্থী নির্বাচন করা, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের ওপর ঘষামাজা করা এমনকি কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, ''আজকে বাংলাদের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মী সমর্থক এজেন্ট ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির ওপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা''।

    ''এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবেন। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট পর্যবেক্ষণ- আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে।'

    এই সময় তার সাথে ১১ দলীয় জোটের সঙ্গী দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।