লাইভ, ইরানে ‘বড় যুদ্ধাভিযান শুরুর’ ঘোষণা ট্রাম্পের, তেহরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দাবি ইসরায়েলের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার দেশ ইরানে "বড় ধরনের যুদ্ধ অভিযান" শুরু করেছে। এর আগে ইসরায়েল দাবি করে, তারা ইরানের উপর হামলা হামলা চালিয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

  1. ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, জানালো ইসরায়েল

    তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।

    ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

    বিবৃতিতে বলা হয়েছে, “অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে”।

    এতে বলা হয়, “প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে”।

  2. 'তোমাদের মুক্তি নিকটবর্তী', ইরানিদের উদ্দেশে ট্রাম্প

    তেহরান ও আরও কয়েকটি শহরে হামলার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও নৌবাহিনী ধ্বংস করবে।

    তিনি ইরানের জনগণের উদ্দেশে বলেন, “তোমাদের মুক্তির সময় নিকটে"।

  3. ট্রাম্প বলছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা ইউরোপকে হুমকিতে ফেলতে পারে

    ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের “তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছে এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে, যা এখন ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের হুমকির মুখে ফেলতে পারে এবং এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম হতে পারে”।

    ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র একটি ‘বড়’ অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য হলো "এই অত্যন্ত দুষ্ট ও উগ্র স্বৈরশাসনকে আমেরিকাকে হুমকি দেওয়া থেকে বিরত রাখা"।

  4. ট্রাম্প গতকাল বলেছিলেন- ইরানে হামলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি-না সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

    তবে তিনি বলেছেন পারমাণিবক আলোচনায় ইরানের অবস্থানের বিষয়ে তিনি সন্তুষ্ট নন।

    তিনি বলেন ‘আমাদের যা প্রয়োজন ইরান তা দিতে রাজি নয়’। তিনি তখন জোর দিয়ে বলেন যে “ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না”।

    সপ্তাহের শুরুতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই জানিয়েছে যে একটি সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

    ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছিল যেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে রাজি হয়। ট্রাম্প বারবার বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র “দ্রুত এবং শক্তি প্রয়োগের মাধ্যমে” পদক্ষেপ নিতে “প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম”।

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হোয়াইট হাউসের সামনের লনে সাংবাদিকদের বলেছিলেন, “যুদ্ধ হলে সবকিছুরই ঝুঁকি থাকে”।

    তিনি আরও বলেন, “যখন যুদ্ধ হয়, তখন যেকোনো কিছুরই ঝুঁকি থাকে—ভালোও, খারাপও”।

  5. ‘আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই’

    ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, "আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই"।

    ইরানি কর্মকর্তারা পূর্বে সতর্ক করেছিলেন যে দেশটির উপর যেকোনো আক্রমণ এই অঞ্চলকে যুদ্ধে নিমজ্জিত করবে।

  6. ইরানের বিল্পবী গার্ডকে অস্ত্র সমর্পণের আহ্বান ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করেছেন।

    বিবিসি পার্সিয়ান সার্ভিসের খবরে তাকে কোট করা হয়েছে, "তোমাদের অবশ্যই তোমাদের অস্ত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের সাথে ন্যায্য আচরণ করা হবে এবং তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, তোমাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে"।

    ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান থেকে "আসন্ন হুমকি অপসারণ" করা।

  7. ইরানের হাসপাতালগুলো সতর্কতা জারি

    ইরানের হাসপাতালগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

    দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং আহতদের সংখ্যা চূড়ান্ত নিশ্চিতকরণের পরে ঘোষণা করা হবে।

    ইরানের বিভিন্ন শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে।

  8. ইরানের সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক

    তেহরানসহ অন্তত পাঁচটি শহরে হামলার খবরের সঙ্গে সঙ্গে আইএসএনএ সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে।

    সংবাদ সংস্থাটি এ খবর নিশ্চিত করেছে।

    তবে তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছে।

  9. ইরান ও ইসরায়েলের পর ইরাকের আকাশসীমাও বন্ধ

    ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটির পরিবহন মন্ত্রণালয় শনিবার ইরানের ইসরায়েলি হামলার পর তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

    ইরান ও ইসরায়েলও তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

    শনিবার সকালে ইরানে হামলার পরপরই ইসরায়েল তাদের আকাশসীমা সব বেসামরিক বিমানের জন্য বন্ধ করে দেয়।

    এরপর ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা তাসনিম নিউজ এজেন্সি ইরানের আকাশসীমা বন্ধের খবর দেয়।

    ট্রাম্প ইরানের এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

  10. 'বড় ধরনের যুদ্ধাভিযান' শুরুর ঘোষণা ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে "বড় ধরনের যুদ্ধাভিযান" চালিয়েছে।

    নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেছেন।

    “আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি,” বলেছেন তিনি।

    তিনি বলেন, “আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে”।

  11. ইরানের কয়েকটি শহরে হামলার খবর

    ইরানের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

    তেহরান ছাড়াও কেরমানশাহ, কওম, লোরেস্তান, কারাজ এবং তাবরিজ শহরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তারা।

    তেহরানের আকাশে ধোঁয়া

    ছবির উৎস, FARS

    ছবির ক্যাপশান, তেহরানের আকাশে ধোঁয়া
    বিস্ফোরণের পর আকাশসীমা বন্ধ করেছে ইরান

    ছবির উৎস, FARS

    ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর আকাশসীমা বন্ধ করেছে ইরান
    এটিও তেহরানের দৃশ্য

    ছবির উৎস, FARS

    ছবির ক্যাপশান, এটিও তেহরানের দৃশ্য
  12. ইরানের হামলার দাবি ইসরায়েলের ও আকাশসীমা বন্ধ

    ইরানের হামলা চালানোর তথ্য জানিয়েছে ইসরায়েল। তারা এটিকে "পূর্ব-নির্ধারিত আক্রমণ" বলে উল্লেখ করেছে।

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    এদিকে, আজ সকালে এক বিবৃতিতে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েল জুড়ে "বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা" ঘোষণা করেছেন।

    এদিক ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে।

  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে