জামায়াতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপির, ‘লাইলাতুল গুজব চলছে’- দাবি জামায়াত আমিরের

দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা টাকা দিয়ে ভোট কেনাসহ নানা অনিয়ম-বিশঙ্খলা করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটলো

    • নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
    • জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ নানা বিষয়ে ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
    • নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”। তার এই পোস্টে ভোটের আগের রাতে নানা অভিযোগের দিকে একটি ইঙ্গিত রয়েছে।
    • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
    • লক্ষ্মীপুরে যৌথবাহিনীর তল্লাশীচৌকিতে একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
    • পটুয়াখালীর কলাপাড়া পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধাকে বস্তাভর্তী টাকা সহ আটক করেছে কোস্টগার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছ থেকে জব্দ করা টাকা গণনার কাজ চলছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।
    • শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী সাত লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তানভীর হোসেন।
    • নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
    • ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
    • সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
    • দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট। বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্স'সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. পটুয়াখালীতে বস্তাভর্তি টাকাসহ সেচ্ছাসেবক দলের নেতা আটক

    আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন (প্রতীকী ছবি)

    পটুয়াখালীর কলাপাড়া পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধাকে বস্তাভর্তী টাকা সহ আটক করেছে কোস্টগার্ড।

    বুধবার রাতে বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

    তিনি জানান, “কোস্টগার্ড ওই ব্যক্তিকে আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছ থেকে জব্দ করা টাকা গণনার কাজ চলছে।”

    বস্তায় আনুমানিক অর্ধকোটি টাকা থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ৫০ লক্ষ টাকাসহ বিএনপির এক নেতাকে কোস্টগার্ড আটক করেছে বলে শুনেছেন। তবে, আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।

  3. রাতেই ভোটের মাঠে আতঙ্ক তৈরি করেছে বিএনপি, অভিযোগ এনসিপির

    এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

    নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    বুধবার রাত সোয়া ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল, এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, নাশকতার পরিকল্পনা, কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলে ধরে দলটি।

    মূল ধারার গণমাধ্যমগুলো পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, একই ধরনের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বিএনপি নেতার ব্যাপারে সেটি করা হচ্ছে না।

    “পাঁচই অগাস্টের পূর্ববর্তী যে পরিস্থিতি সেটিই আবার দেখা যাচ্ছে” বলেও মন্তব্য করেন মি. ভূঁইয়া। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি।

  4. ‘লাইলাতুল গুজব চলছে’- ফেসবুকে জামায়াত আমিরের পেজ থেকে পোস্ট

    ফেসবুকে জামায়াত আমিরের পোস্ট

    ছবির উৎস, Dr. Shafiqur Rahman/Facebook

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”।

    তারএই পোস্টে ভোটের আগের রাতে নানা অভিযোগের দিকে একটি ইঙ্গিত রয়েছে।

    তিনি লিখেছেন, “সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী”।

  5. নির্বাচনের আগের রাতে জামায়াতের বিরুদ্ধে ১২৭ অভিযোগ বিএনপির

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP FB

    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

    জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট দেওয়া, হিন্দু ভোটারদের হুমকি দেওয়াসহ নানা বিষয়ে ১২৭টি অভিযোগ এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    বুধবার রাতে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব বিষয়ে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

    তিনি বলেন, “গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই থাকবেন বলে ভেবেছিলাম। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার জন্য এমন পরিস্থিতি দুঃখজনক।”

    মি. খান বলেন, একটি বিশেষ দল ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

    “নির্বাচনে আগের রাতে সব প্রার্থীই কেন্দ্র খরচ পাঠান। লক্ষীপুরে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কেন্দ্র খবচের ১৫ লক্ষ টাকা নিয়েও বিভ্রান্তী ছড়ানো হচ্ছে,” বলেন তিনি।

  6. ঢাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পাঁচজনকে কারাদণ্ড ও জরিমানা

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

    বুধবার রাতে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতির সময় হাতেনাতে ধরা পড়া জামায়াতে ইসলামীর এক কর্মীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

    এছাড়া রাজধানীর ওয়ারীতে দুইজন এবং মুগদা থানায় দুইজনকে আটক করার পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  7. নির্বাচনী গাড়িতে ১৫ লক্ষ টাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দাবি এ্যানি চৌধুরীর

    ফেসবুকে ভিডিওবার্তা দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    ছবির উৎস, Shahiduddin Chowdhury Anee/facebook

    ছবির ক্যাপশান, ফেসবুকে ভিডিওবার্তা দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

    লক্ষ্মীপুরে যৌথবাহিনীর তল্লাশীচৌকিতে একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

    বুধবার রাতে নিজের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও বার্তায় তিনি জানান, তার নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে নির্বাচনী এজেন্টের কাছ থেকে ১৫ লাখ টাকা পাওয়া গেছে যা ইতোমধ্যেই কোর্ট থেকে রিলিজ করা হয়েছে।

    তার কর্মীরা "নির্বাচনী ব্যয়ের অর্থ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিতে" যাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।

    “যারা এটি নিয়ে নিউজ করছেন আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ করা হচ্ছে,” বলেন মি. এ্যানি।

    এর আগে বুধবার রাত আটটার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশিচৌকিতে একটি গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

    লক্ষীপুর সদর সার্কেলের এএসপি রেজাউল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, তল্লাশির সময় একটি গাড়ি থেকে ১৫ লক্ষ টাকাসহ তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে টাকার উৎস এবং কোথায় নেওয়া হচ্ছে বা কী কাজে ব্যবহার করা হচ্ছে এসব বিষয় নিশ্চিত করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

  8. শরীয়তপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে সাত লাখ টাকা উদ্ধার, পোলিং কর্মকর্তার কারাদণ্ড

    শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী সাত লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তানভীর হোসেন।

    তিনি আরো জানান, এ সময় সেখান থেকে আটক ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত পোলিং কর্মকর্তার নাম গোলাম মোস্তফা।

  9. ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

    নির্বাচন কমিশন

    ভোট কেনাবেচার বিষয়ে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বুধবার রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোট কেনাবেচার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে”।

  10. বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে 'ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে', অভিযোগ এনসিপির, তথ্য সন্ত্রাসের অভিযোগ

    এনসিপির সংবাদ সম্মেলন

    ছবির উৎস, SCREEN GRAB

    বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

    আজ বুধবার রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

    "কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে," বলেন তিনি।

    নির্বাচনের আইন এবং বিধিমালার অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে নির্দিষ্টভাবে ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    “আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে ২০ হাজার টাকা বহন করার কারণে জামায়াতের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে এবং তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে,” বলেন তিনি।

    পক্ষপাতদুষ্ট প্রশাসন এবং লোকাল মিডিয়ার মাধ্যমে নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলেও দাবি করেন মি. ভূঁইয়া।

    এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না"।

    "মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে" বলেও অভিযোগ তোলেন তিনি। এ সময় ভোটারদের নিরাপত্তা চান মনিরা শারমিন।

  11. ভোট কেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে

    ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশের ভোটাররা
    ছবির ক্যাপশান, ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন বাংলাদেশের ভোটাররা

    রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর, ভোটার স্লিপ পাওয়ার উপায় জানতে চাচ্ছেন ভোটারদের অনেকে।

    চারটি উপায়ে এসব বিষয় জানতে পারবেন ভোটাররা।

    নির্বাচন কমিশনের ওয়েবসাইট, স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি অ্যাপ, মোবাইল এসএমএস এবং হটলাইন নম্বরে ফোন করে এসব তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

    যেকোনো ভোটার হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে নিজের ভোটকেন্দ্র এবং ভোটার নম্বর বের করতে পারবেন।

    ১০৫ এ ফোন করে অপারেটরের সাথে কথা বলতে ৯ চাপতে হবে। পরে ভোটারের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিয়ে ভোটার নম্বর যেমন জানা যাবে তেমনি ভোট কেন্দ্রের নামও জানতে পারবেন ভোটাররা।

    এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং স্মার্ট ইলেকশন ম্যানেজম্যান্ট বিডি অ্যাপ এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ দিয়ে ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর ও ভোটার স্লিপের বিষয়ে তথ্য পাওয়া যাবে।

    ভোটার স্লিপ হচ্ছে এমন একটি তথ্য সংবলিত কাগজ, যেখানে ভোটারের নামের পাশাপাশি ভোটার নম্বর ও ভোট কেন্দ্র লেখা থাকে।

  12. কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, দুই লাখ টাকা জব্দ

    কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় নিয়ে যায়।

    এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মুরাদনগর (সার্কেল) অতিরিক্তি পুলিশ সুপার কামরুজ্জামান বিবিসি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    আজ বুধবার সকালে মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে ওই জামায়াত নেতাকে আটক করে থানায় আনা হয়।

  13. টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

    '৫০ লক্ষ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই'- এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।

    কত টাকা নেওয়া যাবে, কত টাকা নিতে পারবেন বা নেওয়া যাবে না এ বিষয়ে বলার এখতিয়ার তার নেই বলেও দাবি করেন মি. আহমেদ।

    তিনি দাবি করেন, “এটা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি”।

    “কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অব দি ফান্ড এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন,” বলেও জানান তিনি।

    এক্ষেত্রে আইনি ব্যাখার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “যারা এটা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না”।

    বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ।

    এই ঘটনার পর, নির্বাচনী আইনে টাকা বহনের বিষয়ে কী বলা আছে এ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের বরাত দিয়ে একটি বক্তব্য প্রচার করে স্থানীয় কয়েকটি গণমাধ্যম। যেখানে দাবি করা হয়, টাকার উৎস এবং ব্যবহারের খাত যদি বৈধ হয়, তবে ৫০ লক্ষ নয়, এমনকি পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো আইনি বাধা নেই।

  14. সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

    জাতির উদ্দেশে ভাষণে প্রপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, জাতির উদ্দেশে ভাষণে প্রপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।

    আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

    সিইসি বলেন, "সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন"।

    এই নির্বাচন স্বার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন তিনি।

    এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি।

  15. কিছু রাজনৈতিক দল 'সন্ত্রাসী কার্যক্রম' চালাচ্ছে, অভিযোগ ইসলামী আন্দোলনের

    জরুরি সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা

    ছবির উৎস, Islami Andolan Bangladesh FB

    ছবির ক্যাপশান, জরুরি সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতারা

    নির্বাচনের আগ মুহূর্তে কিছু রাজনৈতিক দল অতীতের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বুধবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঢাকার রূপগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, বরগুনাসহ বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

    বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলটি বলছে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

    এছাড়া বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের প্রার্থীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি দলটির।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫৮ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে আছে এবং ফলাফল নিয়েই তারা মাঠ ছাড়বে।

  16. জামায়াত নেতার টাকা ঢাকা থেকেই 'শনাক্ত হয়েছিল'

    গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান 'বড় অঙ্কের টাকা' নিয়ে ভ্রমণ করছেন, এই বিষয়টি বিমানে ওঠার আগেই শনাক্ত করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু অভ্যন্তরীণ রুটে বিমানে চলাচলের ক্ষেত্রে অর্থ বহনের পরিমাণ (একজন যাত্রী কত টাকা বহন করতে পারবেন) নির্দিষ্ট নয় বলেই এ নিয়ে বাড়তি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    বুধবার বিকেলে বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

    “টাকাটা যে নিয়েছে এটা আমরা আমাদের স্ক্রিনিংয়েই আইডেন্টিফাই (শনাক্ত) করেছি যে টাকাটা ক্যারি হচ্ছে,” বলেন তিনি।

    মি. সামাদ বলছেন, “যেহেতু টাকার বিষয়টা একটু বড় এই কারণে কাস্টমসে আমরা শুধু একটু ভেরিফাই করেছি যে এটাতে তাদের কোনো সমস্যা আছে কি না। যদিও এটা কাস্টমসের একেবারেই এখতিয়ার বহির্ভূত। তারা মূলত কাজ করে দেশের বাইরে থেকে অ্যারাইভিং প্যাসেঞ্জারদের ক্ষেত্রে।”

    তিনি বলেন, “বিষয়টি এমন নয় যে কাস্টমস্ ক্লিয়ারেন্স দিয়েছে বলেই আমরা টাকা পরিবহন করতে দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনের অ্যামাউন্টের কোনো সিলিং নির্ধারণ করে দেওয়া নাই।”

    বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করার তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

  17. ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য জানালো পুলিশ

    সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন - এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

    বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

    এদিকে, বিমানবন্দর থেকে আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

    পুলিশ জানিয়েছে, টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

    নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়।

    সালন্দর ডিগ্রিকলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন বেলাল উদ্দিন প্রধান।

  18. নির্বাচনে বিএনপি'র বিজয় অনিবার্য: মাহদী আমিন

    বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র বিজয় অনিবার্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

    জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    এসময় তিনি আজ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে টাকাভর্তি ব্যাগসহ আটক করার বিষয়টিও উল্লেখ করেন।

    তিনি বলেছেন, বিএনপি'র অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে।

    "ঢাকা থেকে সৈয়দপুরে যাওয়ার পর নগদ অর্ধ কোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে পুলিশ। নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেন প্রতিহত করতে সকল ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক লেনদেন-কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে জামায়াতের একজন নেতা কোন উৎস থেকে, এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন?"

    তিনি এই বিষয়টিকে 'আচরণবিধির লঙ্ঘন' হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনা "যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করেন, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ?"

    এ সময় তিনি অভিযোগ করেন যে এটিকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কারণ জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫'সহ কুমিল্লা, নোয়াখালী, খুলনায়ও একই অবস্থা চলছে।

    "জামায়াত বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর নিয়েছিলো। দেশের অনেক জায়গায় তারা ভীতি ছড়াতে দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ জড়ো করছে তারা। দেশের বিভিন্ন জায়গা থেকে বোরখা ও নিকাব বানানোর কথাও আমরা জানতে পেরেছি।"

    "ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের নাগরিকদের কাছে বোরখা ও নিকাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নারীদের আব্রু ও পর্দার বিষয়ে আমরা শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে," সংবাদ সম্মেলনে বলেন মি. আমিন।

  19. ‘মানুষকে টাকা দিচ্ছি- মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’, জামায়াতের অভিযোগ

    জামায়াতের আমির যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসন ঢাকা ১৫- তে কে বা কারা জামায়াতের বিরুদ্ধে কিছু ফটোকার্ড বা লিফলেটের মতো প্রিন্ট করে বিভিন্ন এলাকাতে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে দলটি।

    সেসব ফটোকার্ড বা লিফলেটে জামায়াতের পক্ষ থেকে মানুষকে টাকা দেয়া হচ্ছে এবং বিকাশ নম্বর চাওয়া হচ্ছে - এ সংবলিত মিথ্যা তথ্য ছাড়ানোর অভিযোগ তোলা হয়েছে দলটির পক্ষ থেকে।

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার দুপুরে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

    এ সংক্রান্ত একটি লিফলেট হাতে নিয়ে এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, জামায়াতকে বিতর্কিত করা ও ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্য এ ধরনের লিফলেট ছড়ানো হচ্ছে।

    এটি জনমনে বিভ্রান্তি তৈরির অপপ্রয়াস এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘণ উল্লেখ করে বলা হয়, জামায়াত এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

    সেই সাথে প্রশাসন ও নির্বাচন কমশিনকে এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিতে সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়।

  20. নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

    জাতিসংঘ

    ছবির উৎস, Getty Images

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

    আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মাঝে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত।

    নির্বাচনের সময় সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে তার অপব্যবহার, এআই দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশ করে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থা করা নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী – অর্থাৎ বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, জাতিসংঘ সে বিষয়ে সচেতন বলে উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

    জাতিসংষ বলছে, নির্বাচননে সহিংসতার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

    জাতিসংঘ তার সকল অংশীদারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতামূলক ঘটনা না ঘটে এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাই যেন দায়িত্বশীল ভূমিকা রাখে।