লাইভ, ইরানের স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে, যুদ্ধের কারণে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননকে সংযোগকারী সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে:লেবাননি কর্মকর্তা
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরায়েলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে
দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সাথে সংযোগকারী সর্বশেষ সেতুটি ইসরায়েলি হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার এলাকার সাথে সিডনের সংযোগকারী কাসমিয়া সেতুটি পরপর দুটি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, হেজবুল্লাহ যাতে লেবাননের রাষ্ট্রীয় অবকাঠামো ব্যবহার করতে না পারে, সেজন্য তারা ওই দেশটির বিভিন্ন সেতুতে হামলা চালাচ্ছে।
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, লেবাননে ইসরায়েলি হামলার পরের চিত্র
লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ কিছু ছবি।
লিটানি নদীর ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৪০ হাজার জনসংখ্যার শহর নাবাতিয়েহতে একটি হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে উপকূলের কাছের শহর কাসমিয়েহতে হামলার পর সাধারণ মানুষ ধ্বংসলীলা পর্যবেক্ষণ করেছেন।
লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার মতে, এই হামলার ফলে দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সংযোগের সর্বশেষ সেতুটি বিচ্ছিন্ন হয়ে গেছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলার পরে ধোঁয়ার কুণ্ডলি লেবাননে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, হামলার ফলে দক্ষিণ লেবাননের সাথে দেশের বাকি অংশের সংযোগকারী সর্বশেষ সেতুটি বিচ্ছিন্ন হয়ে গেছে
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক
ছবির উৎস, IRNA
ছবির ক্যাপশান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
কালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আসিম মুনির গতকাল উচ্চপর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান।
ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে “আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা” পৌঁছে দিতে এসেছেন।
সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেছেন।
দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
টেলিগ্রামে দেওয়া এই বিবৃতিটি এমন এক সময়ে দেওয়া হলো, যখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই এলাকায় হেজবুল্লাহর "প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে" রয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে রাতভর চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।
আইডিএফ আরো জানিয়েছে, ইসরায়েলি নৌ-বাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।
"যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশের আকাশ রক্ষায় এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে।"
গণমিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষনা করল জামায়াত ও এনসিপির ১১ দলীয় জোট
ছবির উৎস, Screen Grab
ছবির ক্যাপশান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
জুলাই সনদ বাস্তবায়নের
দাবিতে জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনারসহ নতুন কর্মসূচি
ঘোষণা করেছে।
এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এই সংবাদ সম্মেলনের আগে এগারো
দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এক বৈঠকে এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেন।
মি. পরওয়ার জানান, “আগামী ১৮ই
এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে
লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে। এই কর্মসূচির পর বাংলাদেশের প্রত্যেকটি
বিভাগীয় শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি জানান, ১৮ই এপ্রিল ঢাকায় গণমিছিল করবেন তারা। পরদিন থেকে
দোসরা মে পর্যন্ত ১২টি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোতে
সমাবেশ, সেমিনার ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বেদনার সাথে দেখতে পাচ্ছি, গণভোটের গণরায় কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা ইউটার্ন করে নানা অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে।”
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবির উৎস, Government of Iran
ছবির ক্যাপশান, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে তেহরানে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র
ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে
জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
বৃহস্পতিবার তিনি আরো
জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে
পরমাণু ইস্যুটিও রয়েছে।
এদিকে, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য
ইরান ও যুক্তরাষ্ট্র অগ্রগতি অর্জন করেছে।
কিন্তু তেহরানের পরমাণু
কর্মসূচিসহ বেশ কিছু বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে।
ওই কর্মকর্তা আরো জানান, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পার হয়ে
গেলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।
ওই ইরানি কর্মকর্তার বরাত
দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, গতকাল
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ
কমাতে সাহায্য করেছে। যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরু করার বিষয়ে সহায়তা করেছে তার এই সফর।
হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু
ছবির ক্যাপশান, হাম বা হামের উপসর্গ নিয়ে ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি রোগী পাওয়া গেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে
বাংলাদেশে নিশ্চিতভাবে হামে
আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছে দুইজন এবং হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা
গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য
অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত
নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আর ওই সময়ে হামের উপসর্গ
নিয়ে ১৭২ জন মারা গেছেন।
১৫ই এপ্রিল সকাল আটটা থেকে
১৬ই এপ্রিল সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার
১৯১ জন। আর ওই সময়ের মধ্যে নিশ্চিত
হাম রোগীর সংখ্যা ৯২ জন।
লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে 'কথা বলবেন' ইসরায়েলি প্রধানমন্ত্রী
ছবির উৎস, Reuters
ইসরায়েলি প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে
জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার একজন সদস্য।
ইসরায়েলি আর্মি
রেডিওতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য গিলা গামলিয়েল এ কথা জানিয়েছেন।
এর আগে, মার্কিন
সময় বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ একটি
পোস্টে লিখেছেন, ইসরায়েল ও
লেবাননের নেতারা ‘আগামীকাল’ (অর্থাৎ আজ) কথা বলবেন।
তবে বৃহস্পতিবার
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের সাথে হতে যাওয়া যোগাযোগের
বিষয়ে তারা অবগত নন।
ছবির ক্যাপশান, ইরান ছাড়া অন্যান্য দেশে যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন বাহিনী
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি।
মার্কিন বাহিনীর ভাষ্য, ইরানের উপকূলে যাতায়াতকারী জাহাজগুলোকে তারা আটকাবে বা ফিরিয়ে দেবে; তবে ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য যাতায়াতকারী জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।
গত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, “সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে যেতে পারেনি।”
ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান যে অর্থ আদায় করতে চাইছিল, তা বন্ধ করে দেশটির ওপর চাপ সৃষ্টি করা এবং একই সঙ্গে ইরানের তেল রপ্তানি কমিয়ে দেওয়া।
ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার জানায়, “ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ বন্দর আব্বাস (ইরান) ছাড়ার পর মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল… গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স সফলভাবে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।”
লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত, ‘জরুরি’ সহায়তার আহ্বান জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধানের
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলায় বৈরুতে বিধ্বস্ত একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছেন ওয়ায়েল সাব্বাগকে, যার মা আফাফ সিদাওয়ি ও ভাই হাসান গত ৮ই এপ্রিল সেখানেই ইসরায়েলি হামলায় নিহত হন
লেবাননের জন্য “জরুরি সহায়তা ও ত্রাণ” দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বারহাম সালিহ।
সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। সালিহ এই পরিস্থিতিকে “অভূতপূর্ব” বলে বর্ণনা করেছেন।
এএফপি বার্তা সংস্থার খবরে বলা হয়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর সালিহ বলেন, “লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না; দেশটির প্রয়োজন সমর্থন ও স্থিতিশীলতা”।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দোসরা মার্চ থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরায়েল বলছে, লেবাননে তাদের অভিযান ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করা এবং সীমান্ত পেরিয়ে আসা রকেট হামলাসহ বিভিন্ন আক্রমণ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষার লক্ষ্যেই পরিচালিত।
ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের
ছবির উৎস, Anadolu via Getty Images
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করাও সুরক্ষিত রাখা উচিত, আবার একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, প্রণালিটি উন্মুক্ত রাখার বিষয়ে সর্বসম্মত আগ্রহ রয়েছে।
ওয়াং ই আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনায় ফেরার পক্ষে চীন সমর্থন দিচ্ছে।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর
মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলতি সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি জানিয়ে যুদ্ধটি শেষ হওয়ার "খুব কাছাকাছি" রয়েছে।
চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা। তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ইরানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনা নিয়ে ইরান সিদ্ধান্ত নেবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে একটি “ভুল” বলে মন্তব্য করেছেন ব্রিটেনের অর্থমন্ত্রী র্যাচেল রিভস। তিনি বলেন, এই যুদ্ধ বিশ্বকে আরও নিরাপদ করে তুলেছে—এমন দাবি তিনি “বিশ্বাস করেন না”।
যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা "ব্যর্থ হতে বাধ্য" বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি দেশে চার দিনের সফর শুরু করেছেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেওয়া চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে চীন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ৪৮ ঘণ্টায় কোনো জাহাজই চলাচল করতে পারেনি।
ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আলোচনা শেষ হতে না হতেই আবারও পাল্টা-পাল্টি হামলা চালায় আইডিএফ ও হেজবুল্লাহ।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর “আরও হাজারো” সদস্য পাঠানোর পরিকল্পনা করছে। একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের যে মজুত রয়েছে, তাতে আগামী দুই মাসেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।