লাইভ, সামনের বছর এসএসসি পরীক্ষা হবে জানুয়ারিতে- জানালেন শিক্ষামন্ত্রী

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আছেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালেন শিক্ষামন্ত্রী

    ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল (প্রতীকী ছবি)

    সামনের বছর, অর্থাৎ ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাতই জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    এছাড়া ওই বছরের ছয়ই জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

    মন্ত্রী জানান, ডিসেম্বর মাসেই এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হলেও এ নিয়ে আপত্তি থাকায় শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  2. লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত

    মরদেহ ঘিরে স্বজন ও এলাকাবাসী দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সংলগ্ন আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

    গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর জখম হয়। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানিয়েছেন, সীমান্তে গুলিবিদ্ধ ওই যুবককে তার স্বজনরা রংপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

    এদিকে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি বিএসএফএর কাছে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
    • বাংলাদেশের সুপরিচিত সেবা প্রকাশনী তাদের কার্যক্রম সাময়িক স্থগিতের নোটিশ দিয়েছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, অডিটের জন্য সাময়িক বন্ধ করা হয়েছে এবং অডিট শেষে নতুন করে প্রতিষ্ঠানটি ফিরে আসবে। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করেছিলেন।
    • ভারতের মণিপুরে এক অতর্কিত হামলায় কুকি চার্চের তিনজন যাজকের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে ইম্ফল-তামেংলং মহাসড়কে যাজকদের বহনকারী গাড়িতে হামলায় এ ঘটনা ঘটেছে।
    • বাংলাদেশে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জনে পৌঁছেছে।
    • জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে।
    • পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য হিসাবে বুধবার শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যদিও নন্দীগ্রাম এবং কলকাতার ভবানীপুর - দুটি আসন থেকেই জয়ী হয়েছেন মি. অধিকারী, তবে তিনি ভবানীপুরের বিধায়ক হিসাবেই তিনি শপথ নেন। এই আসন থেকেই মমতা ব্যানার্জী তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
    • বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে